১১ অক্টোবর দ্য অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি
নিউইয়র্কঃ যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান দি অপটিমিস্টস একটি সক্রিয় ৫০১(সি)(৩) দাতব্য সংস্থা, ২০২৬ সালে অপটিমিস্টস ২৫ বছর পূর্তি। প্রতিষ্ঠানটি দীর্ঘ পথপরিক্রমায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখায় ও সাফল্য অর্জনে ভূমিকা রাখতে আর্থিক সহায়তা ও সুযোগ তৈরি করে আসছে।
২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বার্ষিক ফান্ডরেইজিং ও গেট টুগেদার অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দাতা, স্পন্সর, সদস্য, কর্মী ও স্বেচ্ছাসেবীরা সম্মিলিত হবেন। অনুষ্ঠানে দি অপটিমিস্টসের দীর্ঘ পথচলা, অর্জন, শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। শিক্ষা ও সমাজকল্যাণে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিরাও এতে মতবিনিময় ও পর্যালোচনায় অংশগ্রহণ করবেন।
২০০১ সালে একটি অনন্য ‘চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রাম’—এর মাধ্যমে দি অপটিমিস্টসের যাত্রা শুরু হয়েছিল, যার মূল শক্তি ছিল শুধুই ব্যক্তিগত অনুদান। এই কর্মসূচির অধীনে বার্ষিক মাত্র ১৩৫ ডলার দিয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১০ বছরের শিক্ষাজীবন সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়। পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে পরে এই চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামে কিছু পরিবর্তন করা হয়। বর্তমানে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম শুরু হয় অষ্টম গ্রেড থেকে এবং শেষ হয় দ্বাদশ গ্রেডে। অপর দিকে চালু করা হয় একটি স্পেশাল স্পন্সরশিপ প্রোগ্রাম যা শুরু হয় কলেজ পর্যায় থেকে স্নাতক পর্যায়ের উচ্চতর শিক্ষাগত সাফল্য প্রদর্শনকারী শিক্ষার্থীদের জন্য চিকিৎসা, প্রকৌশল, কারিগরি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষার জন্য বার্ষিক ৩১০ ডলারে আরও ৪ বছরে আর্থিক সহায়তাদান কার্যক্রম।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে ১৩ হাজারেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন সময়ে দি অপটিমিস্টসের সহায়তা পেয়েছে। তাদের অনেকেই বর্তমানে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, উদ্যোক্তা এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। প্রতি বছর নতুন শিক্ষার্থীরা কর্মসূচিতে যুক্ত হওয়ার পাশাপাশি শত শত শিক্ষার্থী শিক্ষা সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করছে।
বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীরা এই সহায়তার আওতায় রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, রংপুর, দিনাজপুর, ফেনী ও নোয়াখালিসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপটিমিস্টস্ দাতা ও স্পন্সরদের প্রতি অনুদান ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে থাকে।
২৫ বছর পূর্তি অনুষ্ঠান হবে ১১ অক্টোবর রবিবার লং আইল্যান্ডের ফার্মিংডেলের দ্য রয়েল পাম পার্টি সেন্টারে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
২৫ বছর ধরে শিক্ষার মাধ্যমে সম্ভাবনা তৈরি করার এই পথচলায় দি অপটিমিস্টসের মূল বার্তা একটাই: দারিদ্র্য যেন কোনো শিশুর শিক্ষা ও ভবিষ্যতের পথে বাধা হয়ে না দাঁড়ায়।
ফান্ডরেইজিং ও গেট—টুগেদার ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে পারেন: বাবহঃ.যধাবড়ঢ়ঃরসরংঃং.পড়স/ধহহঁধষ—ভঁহফৎধরংরহম—২০২৬
