ঝড় বৃষ্টি ও বন্যার পূর্বাভাস নিউইয়র্কে
বাঙালী প্রতিবেদনঃ বৃহস্পতিবার বিকেল থেকেই নিউইয়র্ক সিটিতে বইতে শুরু করে ঝড়ো হাওয়া। শুক্রবারও তা অব্যাহত থাকে। সেই সাথে সমুদ্র সৈকতগুলোতে আছড়ে পড়তে থাকে ঢেউ। সবেমাত্র ক্যালেন্ডারের পাতায় ফল এলেও হঠাৎ করে তাপমাত্রা ৬০এর ঘরে নেমে আসে। তাপমাত্রা কম এবং বাতাসের কারণে শুক্রবার থেকেই সেপ্টেম্বরের শেষ পর্বে অন্য আমেজ অনুভূত হয়।
নিউইয়র্ক সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফিসসহ আবহাওয়া দপ্তর নানা রকম সতর্কতা জারি করে। সংবাদমাধ্যমগুলোও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিতে থাকে। তারা বলছে দমকা ও ঝড়ো বাতাস, মুষলধারে বৃষ্টি এবং সমুদ্র তীরবতীর্ এলাকায় বন্যা হতে পারে উইকএন্ড জুড়ে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকলেও শনিবার ও রবিবার বৃষ্টি হবে। দক্ষিণ দিক থেকে ছুটে আসা ঘূর্ণিঝড় ও সৃষ্ট নিম্নচাপের কারণে নিউজার্সি, নিউইয়র্কে পৌঁছে তা শক্তিশালী হয়ে উঠতে পারে। শুক্রবার সন্ধ্যা থেকে আবহাওয়ার বিরূপ চেহারা দেখা গেলেও শনিবার বৃষ্টির প্রকোপ অনেক বেশি থাকবে। তা চলবে রবিবার বিকেল পর্যন্ত। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী নিউইয়র্কে ২ থেকে ৩ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাতাসের গতিবেগ থাকবে ২৫ থেকে ৩৫ মাইল। দমকা হাওয়ার গতিবেগ ৫৫ মাইলে উঠতে পারে। শুক্রবার দুপুর ২টা থেকে রবিবার সকাল পর্যন্ত নিউইয়র্ক সিটি ট্রাভেল এডভাইজারি জারি করেছে।
মেয়র জোহরান মামদানি ও সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছেন কুইন্সের দক্ষিণাঞ্চল, ব্রুকলিন ও স্ট্যাটেন আইল্যান্ডের একাংশ বৃষ্টির পানিতে ডুবে যেতে পারে।
