ইন্টারেস্ট রেট বৃদ্ধিতে প্রভাব পড়বে || মর্গেজ, ক্রেডিট কার্ড ও ব্যাংক একাউন্টে
বাঙালী প্রতিবেদনঃ গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়িয়েছে ২০২৩ সালের পর প্রথমবারের মত। এর ফলে, বিশেষ করে, নিউইয়র্ক সিটির বাসিন্দাদের ওপর কতখানি চাপ পড়বে তার বিশ্লেষণ প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। বলা হয়েছে এই রেট বৃদ্ধির কারণে বাড়ি কেনা, গাড়ি কেনা অথবা ক্রেডিট কার্ড থেকে ক্যাশ লোন নেয়া ব্যয়বহুল হবে। ফেডারেল রিজার্ভ ব্যাংক গত সপ্তাহে সিকিভাগ ইন্টারেস্ট রেট বৃদ্ধি করলেও যারা মর্গেজ লোন নেবে তাদের ৩.৯ শতাংশ বেশি রেটে নিতে হবে। পূর্বাভাস দেয়া হয়েছে চেপে বসা মুদ্রাস্ফীতির হার কমাতে এই বছরের শেষে আরেক দফা ইন্টারেস্ট রেট বাড়াবে ফেডারেল ব্যাংক। তখন এই রেট বেড়ে দাঁড়াবে ৪.১ শতাংশ।
উল্লেখ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক মর্গেজ রেট নির্ধারণ করে না। আবার সিকি ভাগ ইন্টারেস্ট রেট বাড়লেও স্বয়ংক্রিয়ভাবে মর্গেজ রেট বৃদ্ধির নিশ্চয়তাও দেয় না। বর্তমানে মর্গেজ রেট গড়ে ৭%। তাই রেট যদি নাও বাড়ে কমার কোনো আশা নেই অদূর ভবিষ্যতে।
খবরে বলা হয়েছে মর্গেজ রেট বেড়ে যাওয়ায় হাউজিং মার্কেট স্থবির হয়ে আছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতিও বেড়ে গেছে।
তবে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়ানোর কারণে ক্রেডিট কার্ডের ভ্যারিয়েবল ইন্টারেস্ট রেটও প্রাইম রেটে দ্রুত এডজাস্ট করে। ফলে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সরাসরি এই ইন্টারেস্ট রেট বৃদ্ধির শিকারে পরিণত হয়। অনলাইন লোন মার্কেটপ্লেস লেন্ডিং ট্রি ধারণা করছে, মাস শেষেই ক্রেডিট কার্ড হেল্ডাররা সিকিভাগ রেট বাড়ার যে প্রভাব তা লক্ষ্য করবেন তাদের ক্রেডিট কার্ড বিলে। উল্লেখ্য, খবরে বলা হয়েছে, জীবনযাত্রার উচ্চমান ধরে রাখার জন্য অধিকাংশ আমেরিকান ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীল।
যারা গাড়ি কিনবেন তাদের পকেটেও আঁচড় লাগবে বলে বলা হয়েছে। গতমাসে একটি নতুন গাড়ির গড় দাম ছিল ৫০,০৮০ ডলার। কেলি ব্লু বুক বলছে গত মাসে নতুন গাড়ি কেনার জন্য লোন রেট ছিল ৭% আর ব্যবহৃত গাড়ির জন্য রেট ১০.৬%।
তবে যারা ব্যাংকে সেভিংস একাউন্টে এবং সার্টিফিকেট অব ডিপোজিট বা সিডি একাউন্টে ডলার রাখেন, তাদের জন্য সুখবর। কারণ এই দুই একাউন্টেরই ইন্টারেস্ট রেট বাড়বে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট বৃদ্ধির ফলে। এক্ষেত্রেও বলা হয়েছে ফেডারেল রিজার্ভ কখনোই এই একাউন্টের জন্য রেট নির্ধারণ করে না। কিন্তু এই রেট বৃদ্ধি ব্যাংক একাউন্টের রেট বৃদ্ধির তারতম্য তৈরি করে।
