বাংলাদেশ ক্লাব ও বেঙ্গলি ক্লাব ইউএসএ
অপরদিকে সামাজিক সংগঠন বাংলাদেশ ক্লাব ইউএসএস এবং বেঙ্গলি ক্লাব ইউএসএ’র যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে গত ১২ এপ্রিল রবিবার টাইমস স্কয়ারে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজনে ছিল বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনা, নৃত্য এবং ঐতিহ্যবাহী নানা আয়োজন। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিল্পীরা বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন—জনপ্রিয় শিল্পী টিনা রাসেল, বিন্দুকণা, নাজু আখন্দ, বাউল শিল্পী কালা মিয়া, মেলাল শাহ ও করিম হাওলাদার, রকশিল্পী আফতাব জনি, ত্রিণিয়া, স্বপ্নীল সজিব, ডিজে রাহাত প্রমুখ। নৃত্য পরিবেশন করেন রাসেল আহমেদ ও অন্তু এবং মিঠান ড্যান্স একাডেমি। অনুষ্ঠানে তারকাদের মধ্যে চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ইমন এবং মডেল ও অভিনেত্রী মোনালিসা উপস্থিত ছিলেন।
এর আগে ১১ এপ্রিল শনিবার জ্যামাইকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্লাব ইউএসএর উদ্যোগে একটি মিলনায়তনে পান্তা ইলিশ ভোজ ও সাংস্কৃতিক পর্ব।
মানিকগঞ্জ কল্যাণ সমিতি: প্রবাসে বাঙালি শিল্প—সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারে মানিকগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বর্ষবরণ ও পিঠা উৎসব। গত ১২ এপ্রিল রোববার সন্ধ্যায় আয়োজিত এই উৎসবে ছিল ২৭ পদের ঐতিহ্যবাহী পিঠার আকর্ষণীয় প্রদর্শনী। দুধ—চিতই, পাটিসাপটা, ভাপা, আন্দোশা, তেলের পিঠা, নারিকেল পুলি, ফুল পিঠাসহ নানা স্বাদের পিঠায় সাজানো ছিল উৎসবের টেবিল। চিতই পিঠার সঙ্গে পরিবেশন করা হয় চ্যাপা শুঁটকি, সরিষা ও বিভিন্ন ভর্তা—যা প্রবাসেও গ্রামীণ স্বাদের আবহ তৈরি করে।
অনুষ্ঠানের আহ্বায়ক নূরজাহান ভূঁইয়ার সমন্বয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মূলধারার রাজনীতিক এটর্নি মঈন চৌধুরী। তিনি বলেন, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসে এমন উদ্যোগ শুধু সংস্কৃতিকে দৃশ্যমানই করে না, নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমিতির সভাপতি লুৎফর রহমান জুবায়েরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমসহ কমিউনিটি নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সোহেল মল্লিক ও শুক্লা রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী গৃহিণীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আলোচনা পর্ব শেষে সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণাতিথি ও সজল রায়।
এবিসিএইচ: বাংলা নববর্ষ—১৪৩৩ বরণ উপলক্ষে আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এবিসিএইচ) গ্রুপের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী আয়োজিত হয় ‘এবিসিএইচ—পটলাক পান্তা—ইলিশ’ শীর্ষক বৈশাখী অনুষ্ঠান। গত ১২ এপ্রিল রোববার লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিম স্টেট পার্কে উৎসবমুখর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা রঙিন কাগজের পতাকা ও নান্দনিক নকশায় পুরো পার্ক সাজিয়ে তোলেন, যা পরিবেশকে বৈশাখী আমেজে ভরিয়ে তোলে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ আয়োজনে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির কয়েক শত মানুষ পরিবার—পরিজনসহ অংশগ্রহণ করেন বলে আয়োজকরা জানান। অংশগ্রহনকারীরা বৈশাখী পোশাকে সজ্জিত হয়ে নিজ নিজ বাসায় প্রস্তুত করা ভর্তা, ভাজি ও বিভিন্ন দেশীয় খাবার নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। ফলে কমিউনিটির ঐক্য ও স¤প্রীতির আবহ সৃষ্টি হয় অনুষ্ঠানস্থলে। আয়োজকরা আরো জানান, যুক্তরাষ্ট্রের কোনো স্টেট পার্কে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পটলাক ভিত্তিক পান্তা—ইলিশ ও নববর্ষ উদযাপনের এমন আয়োজন এটিই প্রথম।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন বিনোদনমূলক খেলা, নৃত্য, সঙ্গীত, ফ্যাশন শো এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান গ্রুপের অ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু।
