আমেরিকায় ওয়ারেন্ট ছাড়াই ফোন কল, টেক্সট ও ইমেইল মেসেজ নজরদারি
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকানরা বিদেশিদের সাথে ফোনে কথা বললে, টেক্সটে এবং ইমেইলে যে মেসেজ পাঠায় তা কোনো ওয়ারেন্ট ছাড়াই সিআইএসহ যে কোনো মার্কিন গোয়েন্দা সংস্থা তা পড়তে পারবে। ফরেইন ইন্টেলিজেন্স সার্ভাইলেন্স এ্যাক্ট এই অধিকার নিশ্চিত করেছে। বিশেষ করে আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে তা একতরফাভাবে করা যাবে বলে বুধবার মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানিয়েছে এসোসিয়েটেড প্রেস।
এপি বলছে, এই সার্ভাইলেন্স এ্যাক্ট বহাল থাকলেও আগামী সোমবার তার মেয়াদ শেষ হয়ে যাবে। নবায়ন করার আগে এর সমালোচকরা চান, এই এ্যাক্ট সংশোধনীসহ নবায়ন করতে। সংশোধনীর অন্যতম হচ্ছে এই নজরদারি এবং অপরের ফোন কল, টেক্সট ও ইমেইল সংগ্রহ সহ পড়া, শোনা ও বিশ্লেষণ করার আগে ওয়ারেন্ট ইস্যু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন কোনো পরিবর্তন ছাড়াই তা নবায়ন করতে হবে। বিশেষ করে ভেনেজুয়েলা ও ইরানের সম্প্রতিকালের ঘটনার প্রেক্ষিতে আমেরিকার জাতীয় নিরাপত্তার লক্ষ্যে এই সার্ভাইলেন্স এ্যাক্ট আরো কঠোরভাবে কার্যকর করতে চান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই সার্ভাইলেন্স এ্যাক্ট কেউ পছন্দ করুক আর না করুক আমাদের মিলিটারির জন্য তা অতীব জরুরী। তিনি আগামী ১৮ মাসের জন্য এই আইন যা সেকশন ৭০২ নামে পরিচিত তা সম্প্রসারণ করতে চান।
প্রেসিডেন্ট বলেন, আমার প্রশাসন চায় এই এ্যাক্ট কঠোরভাবে প্রয়োগ করতে, যাতে আমেরিকানরা নিরাপদে থাকে। তবে ডেমোক্রেটিক সিনেটর (অরেগন থেকে নির্বাচিত) রন ওয়াইডেন বলেন, সাংবাদিকসহ ফরেইন এইড কমীর্ এবং যাদের স্বজনরা অন্য দেশে থাকেন, তাদের সাথে নিয়মিত কথা বলতে হয়। এদের কথাবার্তা, টেক্সট মেসেজ, ইমেইল যোগাযোগ পড়লে তাদের ব্যক্তিগত তথ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে। তিনি বলেন, নবায়ন করার আগে পরীক্ষা করে দেখতে হবে সরকার জনগণের সিভিল রাইটস খর্ব করছে কিনা।
অনেক রিপাবলিকানও সিভিল রাইটসের প্রশ্নে কারো ব্যক্তিগত তথ্যে ঢোকার আগে আদালতের ওয়ারেন্ট থাকা প্রয়োজন মনে করেন। এরিজোনা থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য এ্যান্ডি বিগস বলেন, আমাদের গোয়েন্দাদের হাতে আমরা এমন টুল তুলে দিতে পারি না যা আমেরিকানদের ওপর অসাংবিধানিকভাবে নজরদারি করবে।
তুলশি গ্যাবার্ডের অফিসের বার্ষিক রিপোর্টের বরাত দিয়ে এসোসিয়েটেড প্রেস বলছে, ২০২৪ সালে যেখানে এই এ্যাক্টে ২৯২,০০০ মানুষের তথ্যে নজরদারি করা হয়েছে, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৫০,০০০তে।
