নিউইয়র্কে উদীচী শিল্পী গোষ্ঠির || ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঙালী প্রতিবেদনঃ ‘বিপর্যস্ত মানবতা, সংকটাপন্ন স্বাধীনতা, প্রতিবাদে কণ্ঠ মেলাই, প্রতিরোধে ঐক্য গড়ি’Ñ এই প্রতিপাদ্য উচ্চারণ করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠির যুক্তরাষ্ট্র শাখা উদযাপন করল সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবাার্ষিকী। শিশুদের বাংলাদেশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন ছিল গত শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। মিলনায়তনের লবিতে যখন চিত্রাংকন প্রতিযোগিতা, ভেতরে প্রদীপ প্রজ্জ্বলন, দুইদেশের জাতীয় সংগীত, উদীচীর দলীয় সংগীত, জাকির হোসেন বাচ্চুর প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা।

যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ক্লারা রোজারিও’র সভাপতিত্বে আয়েজিত আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন বাবুল আচার্য। জুলফিকার হোসেন বকুল বলেন, বাংলাদেশের আজকের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে আমরা কী করতে পারি তার দিক নির্দেশনা দেয়া জরুরী। দীর্ঘ বক্তব্যে তিনি বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। প্রবীণ সাংবাদিক মুহাম্মদ ফজলুর রহমান বলেন, ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত আমাদের জয় হয়েছিল, কারণ তখন আমরা বাঙালি ছিলাম। তিনি বলেন, ষাটের দশকে যখন অপসংস্কৃতির জোয়ার বইছিল, যখন আমাদের বাঙলি সংস্কৃতিকে হত্যার পাঁয়তারা চলছিল, তখন দুই কমরেড রণেশ দাশগুপ্ত এবং সত্যেন সেন সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য উদীচী গঠন করেছিলেন। কৌশিক আহমেদ বলেন, যখনই ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়েছে তখনই বাঙালি সংস্কৃতির গলা টিপে ধরতে চেয়েছে। এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। তিনি বলেন, জয় বাংলা শ্লোগানের মধ্যেই মুক্তিযুদ্ধের যাবতীয় নির্যাস রয়েছে। প্রগ্রেসিভ ফোরামের সভাপতি হাফিজুল হক বলেন, এত দীর্ঘদিন একটি সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত গৌরবের। শুভেচ্ছা বক্তব্য রাখেন আশীষ রয়, শেলি শামস, খোরশেদুল ইসলাম প্রমুখ। সাধারণ সম্পাদক কল্লোল দাশ বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে উদীচীর ৩৭৮টি শাখা রয়েছে। এই প্লাটফর্মে দাঁড়ালে গর্বে বুক ভরে ওঠে। সভাপতি ক্লারা রোজারিও সকলকে ধন্যবাদ জানান।

প্রজ্ঞা নিউজ জানাচ্ছে, চিত্রাংকন প্রতিযোগিতা শেষে সাংগঠনিক সম্পাদক হিরো চৌধুরী শিশুদের শুভেচ্ছা জানান এবং সাধারণ সম্পাদক কল্লোল দাশ শিশুদের হাতে উপহার তুলে দেন। শিশুদের কার্যক্রমের দায়িত্বে থাকা মুনমুন সাহা জানান, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি যুক্তরাষ্ট্র সংসদ শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের উৎসাহিত করতে চিত্রাংকন প্রতিযোগিতা এবং সবার জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে। 

সাধারণ সম্পাদক কল্লোল দাশ এবং ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সদস্যসচিব লিলি মজুমদার জানান, উদীচীর ৫৮ বছরের সাংস্কৃতিক অভিযাত্রা কেবল একটি সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস নয়; এটি বাঙালির গণসংস্কৃতি, মুক্তবুদ্ধি, প্রতিবাদী শিল্পচর্চা ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

নিউইয়র্কে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে প্রবাসী বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও মুক্তচিন্তার চেতনাকে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রবাসে বাঙালি সংস্কৃতির বিকাশ, শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ এবং অসাম্প্রদায়িক সাংস্কৃতিক মূল্যবোধের বিস্তারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন। শেষে শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

Related Posts