নির্বাচন ২০২৬ || বিশাল বাজিতে হেরে গেলেন ইলন মাস্ক
এক্সপ্লেইনার প্রতিবেদনঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করতে একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ অর্থায়ন করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের জেতাতে ৫০ কোটি ডলার ঢেলেছিলেন টেসলা ও স্পেস এক্সের মালিক। তবে নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটদের বড় জয়ে ‘রাজনৈতিক বাজি’ হেরে গেছেন তিনি। এমনকি টেক্সাসের মতো শক্ত ঘাঁটিতে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে। ইলন মাস্ক নির্বাচনকে প্রভাবিত করছেন এরকম প্রচারণাকে ব্যঙ্গ করে তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘মনে হচ্ছে এইবার আমার নির্বাচন—প্রভাবিত করার মহাকাশ লেজার কাজ করেনি।’
এই রসিকতার মাধ্যমে তিনি বিষয়টিকে যতই হালকাভাবে নেওয়ার চেষ্টা করুন না কেন, ওয়াশিংটনের নতুন রাজনৈতিক মেরুকরণ তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যকে বড় ধরনের নীতিগত ও আইনি ঝুঁকিতে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বাজি ‘সুপার প্যাক’
মাস্কের ‘রাজনৈতিক বাজির’ কাগুজে নাম ‘সুপার প্যাক বা পলিটিক্যাল অ্যাকশন কমিটি’। ২০২৪ সালে বিলিয়নায়ার ইলন মাস্ক এবং সিলিকন ভ্যালির কয়েকজন শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা এই কমিটির উদ্যোগ নেন।
সহজ করে বললে, এটি আসলে রাজনৈতিক তহবিল সংশ্লিষ্ট কমিটি, যার মাধ্যমে ইলন মাস্ক ও তাঁর সহযোগীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে নির্দিষ্ট প্রার্থী ও রাজনৈতিক এজেন্ডার সমর্থনে কোটি কোটি ডলার অর্থায়ন করেন। কমিটির তহবিলের ৯০ শতাংশ বা তারও বেশি অংশ এককভাবে মাস্ক নিজেই যোগান। তাই নীতিগতভাবে এটিকে ইলন মাস্কের নিজস্ব রাজনৈতিক তহবিল ‘পলিটিক্যাল ফান্ড’ হিসেবে গণ্য করা হয়।
কাগজে—কলমে এটি স্বাধীন কমিটি হিসেবে কাজ করলেও, বাস্তবে সুপার প্যাক মূলত রিপাবলিকান পার্টি এবং প্রথাগত রক্ষণশীল প্রার্থীদের অর্থায়ন ও নির্বাচনী প্রচারণায় সহায়তা করে থাকে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারে এবং পরবর্তী ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে এটি রেকর্ড শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছে।
কেন আটকালো না টেক্সাসের ‘নীল ঢেউ’
নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে মাস্কের ব্যয় মার্কিন রাজনৈতিক ইতিহাসে একক কোনো স্বতন্ত্র দাতার ক্ষেত্রে সর্বকালের রেকর্ড।
এই বিশাল তহবিলের সিংহভাগই ব্যয় করা হয় টেক্সাস স্টেটে। ২২ কোটি ৪০ লাখ ডলার কেবল এই স্টেটেই ব্যয় করেছেন মাস্ক। এই বিপুল অঙ্কের বাজি লাগার কারণও আছে। টেক্সাসেই টেসলা ও স্পেস—এক্সের সদর দফতর স্থানান্তর, ‘স্টারবেস’ রকেট কেন্দ্র সম্প্রসারণ এবং এআই ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনা তাঁর। আর তা বাস্তবায়নে রাজনৈতিক মিত্রদের জয় আবশ্যক ছিল মাস্কের জন্য। কিন্তু দীর্ঘ তিন দশক পর টেক্সাসে ডেমোক্র্যাটদের জয় মাস্কের সেই কৌশলগত হিসাব উল্টে দিয়েছে।
ইলন মাস্ক ও তাঁর ‘প্যাক’ টেক্সাসের রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের পেছনে মোটা অঙ্কের অর্থ ঢেলেছিলেন। কিন্তু প্যাক্সটনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিভিন্ন আইনি বিতর্ক ও দুর্নীতির অভিযোগ সাধারণ ও নিরপেক্ষ ভোটারদের চরমভাবে বিরক্ত করেছিল। বিশাল অর্থ ঢাললেও প্যাক্সটনের বিতর্কিত ইমেজ মুছতে পারেননি মাস্ক।
টেক্সাসে এআই এবং বড় বড় ডাটা সেন্টার স্থাপনে মাস্কের যে আগ্রাসী পরিকল্পনা ছিল, স্থানীয় মানুষ সেটিকে নিজেদের ওপর বোঝা হিসেবে দেখতে শুরু করে। ডাটা সেন্টারগুলোর মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ও পানির চাহিদা স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। ডেমোক্র্যাটরা পরিবেশ রক্ষা এবং ডাটা সেন্টার তৈরিতে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দেওয়ায় সাধারণ ভোটাররা মাস্ক ও তাঁর সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন।
কৌতুক বনাম বাস্তবতা: বড় উদ্বেগের ছোট আড়াল?
নির্বাচনী বিপর্যয়ের পর এক্সে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে হালকা চাল বজায় রাখতে চান মাস্ক। এমনকি টেক্সাসে নতুন প্রশাসনের অধীনে ডাটা সেন্টার নির্মাণে সম্ভাব্য পরিবেশগত কড়াকড়ির দিকে ইঙ্গিত করে তিনি ঠাট্টা করে লেখেন— ‘মহাকাশে ডাটা সেন্টার বানানোর পরিকল্পনাটি এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’
তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বাজার বিশ্লেষকদের মতে, রসিকতার আড়ালে এখন বাস্তবধর্মী কঠোর রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছেন তিনি।
ইলন মাস্কের বিনিয়োগে কী কী চ্যালেঞ্জ
হাউজ ও সিনেটÑউভয় কক্ষেই ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মাস্কের বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক স্বার্থে কয়েকটি চ্যালেঞ্জ আসতে পারে।
স্পেস—এক্স পেন্টাগন এবং নাসার বিলিয়ন ডলারের বড় বড় সরকারি চুক্তির ওপর নির্ভরশীল। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বাজেট কমিটিগুলো এখন এই চুক্তি বরাদ্দ ও স্পেস—এক্সের রকেট উৎক্ষেপণ ছাড়পত্রের ওপর কড়া শর্ত ও নজরদারি আরোপ করতে পারে।
ডেমোক্র্যাট আইনপ্রণেতারা টেসলার অটো ড্রাইভিং প্রযুক্তির নিরাপত্তা, এক্স প্ল্যাটফর্মের তথ্য—বিভ্রান্তি বিস্তার এবং মাস্কের রাজনৈতিক অর্থায়নের উৎস নিয়ে সংসদীয় তদন্ত কিংবা শুনানি ডাকতে পারেন।
টেক্সাসের নতুন ডেমোক্র্যাটিক প্রশাসন পরিবেশগত ও বিদ্যুৎ খরচের কারণে নতুন ডাটা সেন্টার ও রকেট কেন্দ্র সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন আটকে দিতে পারে।
টেসলার বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে সরকারের দেওয়া আর্থিক সুবিধাগুলোতে শ্রমিক ইউনিয়নের অধিকার রক্ষা ও কর্মী সুরক্ষার নতুন বাধ্যবাধকতা জুড়ে দেওয়া হতে পারে।
