বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬ || সেলিম—আলী পরিষদের প্রচারণা
জলি আহমেদ, নিউইয়র্কঃ বাংলাদেশ সোসাইটি ইনকের আগামী ২৫ অক্টোবর রবিবারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় বিগত মেয়াদের সফল উন্নয়ন, প্রবাসীদের অধিকার রক্ষা এবং অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে গঠিত প্যানেল ‘সেলিম—আলী’ পরিষদের পক্ষে গণসমর্থন ও সংবর্ধনা সভার আয়োজন করে জ্যামাইকার সংগঠন ‘বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইন্ক।
গত ৪ অক্টোবর রবিবার সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ‘সেলিম—আলী’ পরিষদের পূর্ণ প্যানেল সহ সর্বস্তরের সচেতন ভোটার ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আয়োজক বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনকের সভাপতি শামীম হাসান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম তাদের বক্তব্যে সেলিম—আলী পরিষদকে সমর্থনের যৌক্তিক কারণগুলো স্পষ্ট করেন। তারা বলেন, বাংলাদেশ সোসাইটি কোনো রাজনৈতিক বা আঞ্চলিক বিভেদের জায়গা নয়, এটি প্রবাসীদের ভরসার শেষ ঠিকানা। বিগত দিনে সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন কমিটি প্রবাসীদের আইনি সহায়তা, ইমিগ্রেশন গাইডলাইন, আবাসন সমস্যা সমাধান এবং নতুন প্রজন্মকে মূলধারায় সম্পৃক্ত করতে অভূতপূর্ব কাজ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কার করেন। তারা প্রতিশ্রুতি দেন যে, আগামী দিনে সোসাইটিকে পুরোপুরি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। নতুন প্রবাসীদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা হবে এবং সেকেন্ড জেনারেশন বা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে স্থায়ী ভবনে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত প্রার্থীরা হলেন:
সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, সিনিয়র সহ—সভাপতি পদপ্রার্থী মোঃ মহিউদ্দীন দেওয়ান, সহ—সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান কামরুল, সহ—সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিক রাজ, জন সংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী হাসান খান, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এ এস এম মাইন উদ্দীন (বাবলু), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহনাজ হোসেন, যুব ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী। কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ উজ্জ্বল বিপুল, সারোয়ার খান বাবু, মোঃ এ মান্নান, শামীম আহমেদ, মোঃ আব্দুল মালেক খান এবং কাজী রবিউজ্জামান।
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএর সভাপতি শামীম হাসান সর্বস্তরের প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে আগামী ২৫ অক্টোবর ব্যালটের মাধ্যমে ‘সেলিম—আলী’ পরিষদের পুরো প্যানেলকে জয়যুক্ত করে বাংলাদেশ সোসাইটির হাতকে আরও শক্তিশালী করুন।
সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম বলেন, প্রবাসে নিজেদের ঐক্য ধরে রাখতে এবং সোসাইটির চলমান উন্নয়ন প্রজেক্টগুলোর সফল সমাপ্তির জন্য এই যোগ্য ও পরীক্ষিত প্যানেলের কোনো বিকল্প নেই।
