হঠাৎ টর্নেডো ও বর্ষণে কুইন্স ব্রুকলীন ব্রংক্স ও ন্যাসাউতে বন্যা

বাঙালী প্রতিবেদনঃ যদিও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল প্রচন্ড বৃষ্টি, ফ্লাশ ফ্লাড টর্নেডো আঘাত হানবে নিউইয়র্ক সিটিতে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বারবার সতর্কতা দিচ্ছিল, তথাপি এই কাজের দিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত বিপুল সংখ্যক কাজ থেকে ঘরে ফেরা মানুষকে রাস্তায় দুর্ভোগ পোহাতে হয়েছে। লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের বিকিউই থেকে ফ্রান্সিস লুইস বুলোভার্ড এক্সিট পর্যন্ত রাস্তা তলিয়ে যায়। ফ্লাশিংএর বিভিন্ন রাস্তায় জমে যায় পানি। জ্যামাইকা এর আশেপাশের এলাকার নিম্নাঞ্চলও বৃষ্টির তোড়ে ডুবে যায়। লং আইল্যান্ডের ন্যাসাউ কাউন্টিতেও একই অবস্থা হয়। ফার রকাওয়ে বিচ, আটলান্টিক বিচ, লং বিচসহ আশেপাশের এলাকায় টর্নেডোতে লন্ডভন্ড হয়ে যায় বাড়িঘর। ন্যাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান এই কাউন্টিতে জরুরী অবস্থা ঘোষণা করেন।

প্রচন্ড বৃষ্টিতে পথে পথে পানি জমে গেলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় অনেক রাস্তায়। পুলিশও অনেক রাস্তা হাইওয়েতে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। অনেক রাস্তায় জমে যাওয়া বৃষ্টির পানির মধ্যে দিয়ে গাড়ি চালাতে গিয়ে অনেক গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে নতুন সমস্যার সৃষ্টি করে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের খবর অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি টর্নেডো আঘাত হানে কুইন্সের ফার রকাওয়ে আটলান্টিক বিচে এবং ন্যাসাউ কাউন্টির লং বিচে।

রাস্তায় জমে যাওয়া পানি এবং পানিতে নিমজ্জিত গাড়ির ছবি ইন্সটাগ্রামে পোস্ট করলে বাংলাদেশী বংশোদ্ভুত ফিনানশিয়াল এডভাইজার মিজান রহমানের ভিডিও এবিসি৭ চ্যানেলের খবরে তা দেখায়। এই ভিডিওতে মিজান রহমানের কণ্ঠস্বরও শোনা যায়।

্আপস্টেটে অবকাশে থাকা মেয়র জোহরান মামদানি এক্সএর পোস্টে এই টর্নেডোর আগে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন।

ফ্লাডনেট এনওয়াইসি তথ্যে জানা যায় বৃহস্পতিবার দুর্যোগে আক্রান্ত হয় নিউইয়র্ক সিটির কুইন্স ছাড়াও ব্রুকলীন, স্ট্যাটেন আইল্যান্ড ব্রংক্স। সেখানকার বিভিন্ন রাস্তা সাময়িকভাবে বৃষ্টির পানিতে তলিয়ে যায়।

Related Posts