মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে বিশেষ আয়োজন

স্পোর্টস প্রতিবেদনঃ আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচের বিশেষ জার্সি এবার প্রকাশ্যে আনলেন লিওনেল মেসি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশেষ এই অ্যাডিডাস জার্সির প্রথম ছবি প্রকাশ করেছেন এই ৩৯ বছর বয়সী তারকা। আগামী মাসেই এই জার্সি পরে বিদায়ী ম্যাচ খেলবেন তিনি। আর্জেন্টিনার চিরচেনা আকাশি—সাদা রঙই ধরে রাখা হয়েছে এই জার্সিতে। তবে মেসির বিদায় উপলক্ষে বিশেষ কিছু স্পর্শ যোগ করেছে অ্যাডিডাস। জার্সির পেছনে সোনালি রঙে লেখা আছে তার নাম মেসি এবং তার আইকনিক দশ নম্বর জার্সি। নামের ঠিক ওপরে রয়েছে সান অব মে প্রতীক। জার্সির পেছনের অংশজুড়ে রয়েছে একটি স্বতন্ত্র নকশাও।

আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ অধ্যায়কে ঘিরে অ্যাডিডাসের এই উদযাপন নতুন নয়। দুই দশক ধরে মেসির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই জার্মান স্পোর্টসওয়্যার কোম্পানি এই বছরের শুরুতে তার শেষ বিশ্বকাপের আগেই প্রকাশ করেছিল তাদের ‘এল উলতিমো তানগো’ সংগ্রহ।

সেই বিখ্যাত জার্সি গায়ে মেসির জন্য এখন বাকি আছে কেবল একটি ম্যাচ। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়ী ম্যাচ হিসেবেই আয়োজন করা হচ্ছে এই ম্যাচটি।

৩৯ বছর বয়সী মেসি আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। বলিভিয়া এবং বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার প্রথম দুই প্রীতি ম্যাচে খেলবেন না তিনি। ফলে বেনিনের বিপক্ষের ম্যাচটিই হতে যাচ্ছে তার ২০৮তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ।

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে এটিই মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবার বিক্রি শুরু হওয়ার পর ৮৫ হাজার ১৮টি টিকিট দ্রুতই শেষ হয়ে যায়।

মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে থাকছে বিশেষ আয়োজনও। ম্যাচটিতে ৩৯ বছর বয়সি এই তারকা বিশেষ একটি জার্সি পরে মাঠে নামবেন। সেখানে তার নাম এবং ঐতিহাসিক ১০ নম্বরটি থাকবে সোনালি নকশায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই জার্সির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ একটি ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’

আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ার অর্জনে ভরা। ২০২২ বিশ্বকাপের পাশাপাশি তিনি জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের সোনা। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, সঙ্গে রয়েছে ৬৮টি অ্যাসিস্ট। ফলে আগামী ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচটি নিছক একটি প্রীতি ম্যাচের চেয়ে অনেক বেশি কিছু হতে যাচ্ছে। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে ইতোমধ্যেই টিকিটের জন্য ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

মেসির পাশাপাশি স্কালোনির নিজের ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তাই মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকতে চান তিনি। আর্জেন্টাইন কোচের মতে, মেসির মতো একজন কিংবদন্তির প্রাপ্য এমন বিদায়, যেখানে নিজের সমর্থকদের সামনে থেকে তাদের ভালোবাসা অনুভব করতে পারবেন তিনি। স্কালোনি বলেন, মেসির বিদায়ের মুহূর্তে পাশে থাকতে পারাটাকে তিনি নিজের দায়িত্বের অংশ হিসেবেই দেখছেন। ভবিষ্যতে নিজে দলের দায়িত্বে থাকবেন কি না, সেটি নিশ্চিত না হওয়ায় এই বিশেষ ম্যাচে মেসিকে রাখার বিষয়ে তারা চেষ্টা করেছেন।

মেসি যে কঠিন পরিস্থিতির মধ্যেও সমর্থকদের সামনে এসে বিদায় জানাতে আগ্রহী, সেটিকেও বিশেষভাবে দেখছেন স্কালোনি। তার মতে, প্রিয় মানুষদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় হয়ত আর নাও আসতে পারে।

আর্জেন্টিনার কোচের ভাষায়, মেসি যাদের ভালোবাসা পেয়েছেন, সেই সমর্থকদের সামনে দাঁড়িয়ে বিদায় জানানোর ইচ্ছা ও চেষ্টা করাটাই অনেক বড় বিষয়। তার জন্য যদি কোনো সম্মাননা বা বিদায়ী আয়োজন করতেই হয়, তাহলে সেটি এখনই করা উচিত। সময় পেরিয়ে গেলে মুহূর্তটির আবেগ ও আবহ হয়ত আর একই রকম থাকবে না। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পথে মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে তার গোলসংখ্যা ১২৫। নিজের শেষ বিশ্বকাপেও আটবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি।

মেসির সঙ্গে স্কালোনির সম্পর্কও দীর্ঘদিনের। আর্জেন্টিনা কোচের দায়িত্বে থেকে মেসিকে কাছ থেকে পাওয়া নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে মনে করেন তিনি। স্কালোনির কাছে মেসিকে কোচিং করানোর সুযোগ ছিল স্বপ্ন পূরণের মতো।

স্কালোনি বলেন, মেসির মতো একজন খেলোয়াড় জীবনে খুব কমই আসে। শুধু মাঠে তার অসাধারণ পারফরম্যান্সই নয়, মাঠের বাইরেও তার ব্যক্তিত্ব ও আচরণ তাকে আলাদা করে তুলেছে। মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা তিনি সারাজীবন মনে রাখবেন বলেও জানান আর্জেন্টাইন কোচ।

আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো

গুঞ্জনটা কয়েক দিন ধরেই ছিল। এবার এল আনুষ্ঠানিক ঘোষণাও। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর ক্রিস্টিয়ান রোমেরোই দলের অধিনায়কের আর্মব্যান্ড পরবেন।

মেসির আবেগঘন এক বিদায়ের অপেক্ষায় আছে এখন আর্জেন্টিনা, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন। এমন সময়ই দলের নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দিয়ে দিলেন স্কালোনি। এবারের ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে ওই ম্যাচের আগেও আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, ১ অক্টোবর বলিভিয়া আর ৪ অক্টোবর মাঠে নামবে বুরকিনো ফাসোর বিপক্ষে। এই প্রীতি ম্যাচগুলোর আগে বিশ্বকাপজয়ী কোচ নিশ্চিত করেছেন, এই মৌসুমেই টটেনহাম থেকে আতলেতিকো মাদ্রিদে যাওয়া রোমেরোই আলবিলেস্তেদের নেতৃত্ব দেবেন।

দলের ড্রেসিংরুমে নেতৃত্বের ক্রমও পরিষ্কার করেছেন স্কালোনি। টিওআইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘অধিনায়ক হবে রোমেরো। মেসি ও ওতামেন্দির পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানো মার্তিনেজ আছে, সেও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো ডি পল, যে এই দুটি ম্যাচে থাকবে না, সেও অধিনায়ক হতে পারে। লাওতারো মার্তিনেজও পরতে পারে।’

এবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পেলেও দেশের অধিনায়কত্বের দায়িত্ব রোমেরোর জন্য নতুন নয়। দলের নিয়মিত অধিনায়করা না থাকায় এরই মধ্যে তিনবার তিনি অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১—০ গোলের গুরুত্বপূর্ণ জয়ে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন তিনি।

এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২—১ গোলের জয়েও দলকে নেতৃত্ব দেন রোমেরো।

২০১১ সাল থেকে ১৫ বছর আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন মেসি। তার আগে ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নেতৃত্বের আর্মব্যান্ড ছিল হাভিয়ের মাচেরানোর হাতে। এই শতাব্দীতে আর্জেন্টিনার বাকি দুই অধিনায়ক ছিলেন হুয়ান পাবলো সরিন ও হুয়ান ভেরোন। চলতি শতাব্দীর পঞ্চম আর্জেন্টাইন অধিনায়ক হতে যাচ্ছেন রোমেরো।

Related Posts