এ তোমার কেমন চলে যাওয়া! সাবিনা শারমিন নিউইয়র্ক


“সে চলে গেল, বলে গেল না

সে কোথায় গেল —ফিরে এল না”

অক্টোবরের সুন্দর ঝকঝকে সকালটাতে যেন অকস্মাৎ ঘোর আঁধার নেমে এলো নিউইয়র্কে। এ এমন এক ভোর, যা কোনো নতুন শুরুর বার্তা আনেনি, বরং রেখে গেছে এক চিরন্তন শূন্যতা। ধ্রুবতারার মতো উজ্জ্বল একটি নক্ষত্র যেন কক্ষচ্যুত হলোÑঅকালে ঝরে গেলো বিপুল সম্ভাবনাময় আমাদের বড় আপনজন কন্যাসম তাসিন।

ঝকঝকে আলো দিয়ে যে সুকন্যাটি চারপাশ ভরিয়ে দিতে পারতো, তার এভাবে মাঝপথেই খসে পড়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি মেয়ের জীবনের সব স্বপ্ন, সম্ভাবনা আর ভবিষ্যৎ এভাবে আচমকা থমকে যাওয়া সত্যিই এক গভীর ট্র্যাজেডি। তাসিন মামনি,

“এ তোমার কেমন চলে যাওয়া?”

তোমার তো অনেকদূর যাওয়ার কথা ছিলোÑ আকাশ ছোঁয়ার মত মেধা, যোগ্যতা সব তোমার ছিলো। দুচোখ ভরা তোমার স্বপ্ন ছিলো আদরের পুত্তলি ছোট্ট লুকাসকে নিয়ে, স্বপ্ন পূরণের পথেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলে তুমি। অথচ, নিয়তি কত দ্রুত আর নিঃশব্দে তোমার বিশাল সম্ভাবনাময় জীবন গল্পটার ইতি টেনে দিল!

‘ভরতনাট্যম’ নৃত্যের আনুষ্ঠানিক শিক্ষা শেষ করে প্রথমবার এককভাবে মঞ্চে পারফর্মের মাধ্যমে গ্রাজুয়েশন করে ‘আরঙ্গেত্রম’ এ তোমার নৃত্যশৈলীতে শত দর্শককে মুগ্ধতায় ডুবিয়েছো তুমি।

তুমি ছিলে বিপা’র ভরতনাট্যমের শিক্ষক। তোমার ছাত্রীদের কাছে তোমার জনপ্রিয়তা তুঙ্গে। তোমাকে হারিয়ে তারা কষ্টে বেদনায় মুষড়ে পড়েছে। তুমি ছিলে এক টুকরো সোনা রোদ্দুরÑযেখানেই গেছো আলোকিত করেছো চারপাশ।

তোমাদের মায়া পরিবারের সবচাইতে ছোটজন তুমি। তোমাদের ঘরের চৌকাঠ পেরুলেই তোমার লাইফ সাইজের অসাধারণ নৃত্য ভঙ্গিমায় নাচের সাজে অপরূপা তোমাকে চোখে পড়বেইÑ যেন এইমাত্র ঘুঙুরের শব্দে মুখরিত করে তুলবে চারপাশ। 

ঘরের প্রতিটি কোণ, প্রতিটি চেনা জায়গায় জড়িয়ে আছে তোমার চঞ্চল হেঁটে বেড়ানোর মায়াবী স্পর্শ। তুমি আজ কত দূরে মা! কোন অচিনপুরে নিজের ঠিকানা গড়লে! তোমার অনন্য অসাধারণ মিষ্টি হাসিটা যেন আমি ঠিক দেখতে পাচ্ছি। তুমি এক্ষুণি যেন বলে উঠবে— আন্টি, কেমন আছেন?

আমাদের চারপাশের চেনা ভিড়েও তোমাকে ঠিক চেনা যেতো তোমার বহুমুখী গুণ আর মন জয় করা মিষ্টি হাসিটার জন্য। হ্যঁাগো মেয়ে, তোমার অসম্ভব ভালো দুজন বাবা—মা’র বুকে আজীবনের ক্ষত হয়ে গেলÑ তোমাকে হারানোর বেদনা তাঁরা কিভাবে সামলে নেবেন?

তোমার চার বছরের দেবশিশু লুকাসÑ যাকে নিয়ে তোমার দিন রাত্তির স্বপ্ন বোনা, পরিশ্রমÑ সব ফেলে হারিয়ে যেতে পারলে তুমি! তোমার প্রিয়তম স্বামী এডরিয়ানের সাথে টুকটুক করে সংসার সাজাচ্ছিলেÑ কী এমন তাড়া ছিলো তোমার!

তোমার তো সুবাস ছড়ানোর কথা ছিলো মা। এই চলে যাওয়া তো শুধু একটি জীবনের অবসান নয়, এটি এক বুক সম্ভাবনার অকাল মৃত্যু।

ওপারে ভালো থেকো আমাদের প্রিয় অপূর্ণ স্বপ্ন। মা—বাবার বুকের ওমে, ভাইয়ের পরম স্নেহে আর ছোট্ট লুকাসের ভালোবাসা আর এডরিয়ানের প্রেমে আষ্টেপৃষ্ঠে বাঁধা তাসিন কক্ষনোই বিস্মৃত হবে না। ও কন্যা তুমি ধ্রুবতারা হয়েই থেকো, স্রষ্টার সান্নিধ্যে আনন্দময়ী হয়ে থেকো।


Related Posts