টি—মোবাইলের পুরনো সেলফোন কাস্টমাররা ক্ষতিপূরণ পাবেন

বাঙালী প্রতিবেদনঃ দাম বাড়াবে না এমন প্রতিশ্রম্নতি দিয়ে মূল্য বৃদ্ধি করায় টি—মোবাইল কাস্টমাররা ক্ষতিপূরণ পাবেন। নিউইয়র্ক স্টেট এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এই প্রতিশ্রম্নতি ভঙ্গের আলামত ধরে ফেলেছে তাদের তদন্তে। এটর্নি জেনারেল জানান, এর জন্য টি—মোবাইল ইউএসএ, ইনক ৩৮ মিলিয়ন ডলার সমমূল্যের ক্ষতিপূরণ দেবে কাস্টমারদের। উল্লেখ্য ২০১৭ সালে টি—মোবাইল কাস্টমারদের এই মর্মে প্রতিশ্রম্নতি দেয় যে তাদের সার্ভিস গ্রহণ করলে কয়েকটি সেলুলার প্লানের দাম কখনোই বাড়ানো হবে না। তদন্তে দেখা গেছে, টি—মোবাইল ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত সময়কালে ‘প্রাইস গ্যারান্টিড প্লানস’এর বিজ্ঞাপন দেয় তাদের ফোর—জি কাস্টমারদের জন্য। তারা ঘোষণা দেয় যে যারা তাদের সার্ভিস কিনবে তার চেয়ে বেশি দাম দাবি করবে না কখনো। কিন্তু ২০২৪ সালে তারা দাম বাড়ানো শুরু করে ঐসব কাস্টমারদের। এই ধরনের সার্ভিস নেয়া নিউইয়র্কের কাস্টমারদের সংখ্যা ২৫২,৯৫৭। এরা সকলেই ২০২৪ সালে দাম বাড়ানোর অর্থ ফেরত পাবেন অথবা টি—মোবাইলের সার্ভিস বাতিল করে দিতে পারেন। বাতিল করে দিলে শেষ মাসের বিলের অর্থ রিফান্ড পাবেন, সেই সাথে ২৫ ডলারের গিফট কার্ড। আর যদি টি—মোবাইলের সার্ভিস গ্রহণ অব্যাহত রাখেন, তাহলে নতুন ২৫০ ডলারের ফাইভ—জি ফোন ফ্রি পাবেন অথবা ১৫০ ডলার ক্রেডিট পাবেন এর চেয়ে দামি মডেলের ফোনে। এই কাস্টমাররা টি—মোবাইলের সার্ভিস গ্রহণ অব্যাহত রাখলে ২০২৯ সাল পর্যন্ত তাদের সার্ভিসের দাম বাড়বে না।

এ বিষয়ে বিস্তারিত জানতে কাস্টমাররা টি—মোবাইলের কাস্টমার সার্ভিসে অথবা এটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করতে পারেন।

Related Posts