উইন রোজারিও হত্যা রিভিউ’র নির্দেশ মেয়রের
বাঙালী প্রতিবেদনঃ ২০২৪ সালের মার্চ মাসে ওজোনপার্ক এলাকায় বাংলাদেশী বংশোদ্ভুত উইন রোজারিওকে বাড়িতে গিয়ে গুলি করে হত্যা করে নিউইয়র্ক পুলিশ। প্রথমে উক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রশাসনের অনেকেই সোচ্চার হলেও পরে সেই অফিসার স্বেচ্ছায় রিটায়ার করলে প্রক্রিয়া ঝিমিয়ে পড়ে। জোহরান মামদানি নির্বাচনের আগে প্রতিশ্রম্নতি দিয়েছিলেন মেয়র হলে তিনি পুলিশ ডিপার্টমেন্টের জবাবদিহিতা শক্তিশালী করবেন।
মেয়র মামদানি গত সোমবার এনওয়াইপিডিকে তাদের আচরণ ও শক্তি প্রয়োগের ব্যাপকভিত্তিক পর্যালোচনার নির্দেশ দেন। গত দশ বছরের মধ্যে এই ধরনের নির্দেশনা প্রথম বলে উল্লেখ করা হয়েছে। কম্যুনিটি এনগেজমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে এই পর্যালোচনা করা হবে।
মেয়র বলেন, এই প্যাকেজ সংশোধনী পুলিশের জবাবদিহিতাকে শক্তিশালী করবে, যখন কেউ পুলিশের এ্যাকশনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলবে। ফলে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।
উল্লেখ্য ১৯ বছর বয়সী উইন রোজারিওর ট্রাজিক মৃত্যুর পর উক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগেই তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ৯১১ কল করে পুলিশ ডাকা হলে মানসিক রোগগ্রস্ত উইনকে বাড়িতে ঢুকে গুলি করে পুলিশ।
মেয়র বলেন, কোনো নিউইয়র্কারের ওপর যখন সরকারি কর্মকর্তা বলপ্রয়োগ করেন, তখন তা তদন্ত ও বিচার করতে সর্বোচ্চ জবাবদিহিতা থাকতে হবে। যাতে প্রমাণিত হয়, তিনি যে বলপ্রয়োগ করেছেন তা আইন মোতাবেক হয়েছে, এর প্রয়োজন ছিল। তিনি বলেন, উইন পরিবারের প্রতি এবং সকল নিউইয়র্কারের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। মেয়রের প্রশাসন ইনডিপেনডেন্ট ওভারসাইট প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে অফিস অব দ্য ইন্সপেক্টর জেনারেলে তিনি ২.৬ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়ার কথা ঘোষণা করেন।
