প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিউইয়র্কঃ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি।
এই উপলক্ষে গত ১৫ সেপ্টেম্বর রাতে সংগঠনটির এক প্রস্তুতি সভা ব্রংক্সের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসীম ভুঁইয়া, আব্দুস সবুব, ডাঃ আব্দুস সবুব, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ড. নুরুল আমিন পলাশ ও জাফর তালুকদার। বক্তব্য রাখেন কাজী আমিনুল ইসলাম স্বপন, আনোয়ার জাহিদ, আব্দুর রহিম, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভুঁইয়া, শরিফ শামীম শিবলী, ও জিয়াউল আহমদ জামিল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন বিএনপি একটি সুশৃঙ্খল দল, আমাদের আচার আচরণের মাধ্যমে যেটা প্রমাণ করতে হবে। আগামী ২১ সেপ্টেম্বর আমরা সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জেএফকে এয়ারপোর্টে স্বাগত জানাব এবং যতদিন তিনি নিউইয়র্কে অবস্থান করবেন আমরা দলগতভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নিউইয়র্কের বিভিন্ন স্পটে শান্তি মিছিল ও সমাবেশ করব। দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা তাতে অংশ নেবেন। আমরা কোন উস্কানির মুখে এমন কোনো কাজ করবো না, যাতে বিদেশের মাটিতে দল এবং দেশের ভাবমুর্তি নষ্ট হয়।
সভায় সভাপতির বক্তব্যে আহবাব চৌধুরী খোকন বলেন, দলীয় সকল নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত এবং কোন উস্কানির মুখে যাতে এই অনুষ্ঠান ব্যহত না হয়, সে ব্যাপারে সচেতন থাকব। সংবাদ বিজ্ঞপ্তির।
