মেডিকেইড স্নাপ বেনিফিট নিলে গ্রিনকার্ড নয় || পাবলিক চার্জ আইন কার্যকর শুরু
বাঙালী প্রতিবেদনঃ যারা আমেরিকার ফেডারেল সরকারের বিভিন্ন সুবিধা নেবে তাদের গ্রিনকার্ড দেয়া হবে না, এমন আইন কার্যকর হয়েছে গতকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর থেকে। তার আগেই স্টেট এটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে নিয়ে সিটি হলের রোটুন্ডায় সংবাদ সম্মেলন করে মেয়র ফেডারেল সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়েরের ঘোষণা দিলেন। জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানি বললেন, এই পাবলিক চার্জ আইন কার্যকর হলে মানুষ মারা যাবে।
মেয়র বলেন, পাবলিক চার্জ আইনের জন্য আমেরিকার ৪০ লক্ষ মানুষ স্বাস্থ্যসেবা পাবে না, কারণ তাদের হেলথ কভারেজ বাতিল হয়ে যাবে। এর মধ্যে ১৮ লক্ষ শিশু রয়েছে। উল্লেখ্য এই পাবলিক চার্জের মধ্যে রয়েছে প্রধানত মেডিকেইড, স্নাপ, ফ্রি স্কুল মিল ইত্যাদি। অনেক ওয়ার্ক অথরাইজেশনধারীরা এই সুবিধা পেয়ে থাকে। পাবলিক চার্জ গ্রহণ করলে এইসব ইমিগ্রান্ট যাদের গ্রিনকার্ড প্রসেসে আছে তাদের গ্রিনকার্ড দেয়া হবে না বলে বলা হয়েছে। অনেক পরিবারে ডিজাবেল ব্যক্তি এবং ডিজাবেল শিশু রয়েছে, যাদের জন্য মেডিকেইড আবশ্যিক হলেও তারা এই সুবিধা পাবে না।
পলিটিকো বলছে, যারা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল এমন ব্যক্তিদের গ্রিনকার্ড দিতে চায় না বলেই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আগেই সাবধান করে দিয়ে বলা হয়েছিল, যেসব ব্যক্তি বা পরিবার ইমিগ্রান্ট ভিসায় আমেরিকায় আসবে তাদের নিজ নিজ দেশের কনসুলেটে মুচলেকা দিতে হবে যে, তারা আমেরিকায় এসে সরকারি সুবিধা গ্রহণ করবে না। অর্থাৎ সরকারের বার্ডেন হবে না।
পলিটিকো বলছে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র জানিয়েছেন, অনেক আনডকুমেন্টেড ইমিগ্রান্টও অন্যায়ভাবে এইসব সরকারি বেনিফিট গ্রহণ করে। শেষ পর্যন্ত এই বেনিফিটের অর্থ পে করতে হয় ফেডারেল সরকারকে।
ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস তাদের ওয়েবসাইটে লিখেছে, কারা এই পাবলিক চার্জের আওতায় পড়বে। এরা হলোঃ ইউএস সিটিজেনদের স্বামী/স্ত্রী, সন্তান, প্যারেন্টস, অবিবাহিত পুত্র ও কন্যা, বিবাহিত পুত্র ও কন্যা। ইউএস সিটিজেনদের ভাই, বোন, ফিয়ান্সে। ইউএস সিটিজেনদের বিধবা স্ত্রী বা স্ত্রীহীন স্বামী, অগ্রাধিকারভিত্তিক শ্রমজীবী, প্রয়োরিটি ওয়ার্কার্স, এডভান্সড ডিগ্রিধারী প্রফেশনাল, দক্ষ শ্রমিক, বিনিয়োগকারী, রিলিজাস ওয়ার্কার, ইউএস মিলিটারির সদস্যরা, ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার, ডিপ্লোম্যাট, ডাইভারসিটি ভিসাধারী (যাদের গ্রিনকার্ড হয়নি)।
নিউইয়র্ক সিটি ও স্টেট ছাড়াও যেসব স্টেট সম্মিলিত উদ্যোগে ফেডারেল সরকারের পাবলিক চার্জের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেসব স্টেট ও সিটি হলো শিকাগো, সানফ্রান্সিসকো, সান্তা ক্লারা, সিয়াটল, ওয়াশিংটন স্টেটের কিং কাউন্টি এবং ১৯টি স্টেটের এটর্নি জেনারেলবৃন্দ। এই মামলা দায়ের করা হয়েছে সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট, নিউইয়র্কে।
ইউএসসিআইএস’এর ওয়েবসাইটে বলা হয়েছে, কারা এই পাবলিক চার্জের আইনে পড়বে না। তারা হলো এসাইলাম প্রার্থী, রিফিউজি, টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাসের জন্য আবেদনকারী, ইত্যাদি।
