নিউইয়র্কে ২ বছর বয়সীদের জন্য মেয়রের বিনামূল্যে চাইল্ড কেয়ারের ঘোষণা
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটিতে শিশুদের জন্য স্বল্প ও মধ্য আয়ের পরিবারগুলোকে বিপুল অর্থ খরচ করতে হয়। হয় বেবিসিটারের কাছে শিশু রেখে বা ডে কেয়ার সেন্টারে শিশুদের দিয়ে কাজে যেতে হবে মা বা বাবাদের। অথবা কাজ বাদ দিতে হবে। দুটিই অত্যন্ত ব্যয়বহুল। মেয়র মামদানি বৃহস্পতিবার ২ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার সেন্টারের ঘোষণা দিলেন। ঘোষণা দেয়ার সময় তিনি বললেন, ২ বছর বয়সীদের জন্য দিনভর এই ফ্রি কর্মসূচী আমেরিকায় এই প্রথম। সপ্তাহের ৫ কর্মদিনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ফ্রি সার্ভিস দেয়া হবে প্রথম পর্যায়ে ২,০০০ শিশুকে। এ বছর ফল থেকে এই কর্মসূচী শুরু হবে। বছরে ২৬০ দিন এই কর্মসূচীতে ২ বছর বয়সীদের জন্য যা যা প্রয়োজন তা করা হবে। নিউইয়র্কে বছরে ১৮০ দিন স্কুল খোলা থাকে।
মেয়র মামদানি বলেন, সাধারণত মা—বাবারা কাজ করেন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। সে কারণে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাইল্ড কেয়ার দেয়ার নিয়ম নির্ধারণ করা হয়েছে। ব্রুকলীনের ব্রাউন্সভিলের একটি স্কুলে তিনি এই কর্মসূচীর ঘোষণা করে বলেন, গড়ে পরিবারগুলোকে বছরে ২০,০০০ ডলার খরচ করতে হয় শিশুদের বেবিসিটারের জন্য বা ডে কেয়ারে রাখার জন্য। তারা এই অর্থ সাশ্রয় করতে পারবে। মেয়র তার দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ হওয়ার দিনে এই ঘোষণা দিলেন। এর আগে দায়িত্ব গ্রহণের অষ্টম দিনে তিনি গভর্নর ক্যাথি হকুলকে সাথে নিয়ে প্রি—কে এবং থ্রি—কে ক্লাসের জন্য ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন। প্রথম পর্যায়ে ২,০০০ শিশুর জন্য এই সার্ভিস দেয়া হলেও ক্রমান্বয়ে তা ২ বছর বয়সী সকল শিশুর জন্য এই সার্ভিস বৃদ্ধি করা হবে।
