বিশ^কাপ উপলক্ষে ম্যানহাটানে অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে
বাঙালী প্রতিবেদনঃ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের আসর বসছে আমেরিকা, ক্যানাডা ও মেক্সিকোর বিভিন্ন সিটিতে। এর মধ্যে অন্যতম ভেন্যু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম। এখানেই বসবে চ্যাম্পিয়নশিপ ও ও সমাপনী আসর। হাডসন নদীর ওপারে অবস্থিত এই স্টেডিয়ামকে সাজানো হচ্ছে নতুনভাবে। এই স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপর গুরুত্বপূর্ণ খেলা হওয়ার কারণে পৃথিবীর এই বৃহত্তম খেলার কেন্দ্রবিন্দু থাকবে ম্যানহ্যাটান। ইতিমধ্যেই বুক হয়ে গেছে হোটেলের প্রায় সব রুমসহ এয়ারবিএনবি’র এপার্টমেন্ট। আশা করা হয়েছে কয়েক মিলিয়ন মানুষ উক্ত সময়কালে ম্যানহ্যাটানে যাওয়া আসার মধ্যে থাকবে। সে কারণে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত টাইমস স্কয়ারসহ সেন্ট্রাল পার্ক বা আশেপাশে অন্য কোনো কর্মসূচীর অনুমতি দেবে না সিটি কতৃর্পক্ষ।
উল্লেখ্য সামারের উইকএন্ডগুলোতে ম্যানহ্যাটানের বিভিন্ন রাস্তায় বসে নানা ধরনের মেলা। সেন্ট্রাল পার্ক, ব্রায়ান্ট পার্ক, ম্যাডিসন পার্কসহ বিভিন্ন পার্কে আয়োজিত হয় নাটক, নাচ, গানসহ বিভিন্ন অনুষ্ঠানের। টাইমস স্কয়ারে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান।
ডেইলি নিউজ বলছে, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ফিফা বিশ্বকাপ হলেও ম্যানহ্যাটানে অন্য কোনো অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে ২৪ মে থেকে ২৫ জুলাই পর্যন্ত। তবে এই সময়কালে পূর্ব নির্ধারিত প্যারেড আয়োজিত হবে।
উল্লেখ্য এই সময়কালেই ফোর্থ অব জুলাই পালিত হবে আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী।
