আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৬৮
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
ড. তারিফ হায়াত খান
টেক্সাসের প্রেইরি ভিউ এএন্ডএম ইউনিভাসিটির স্কুল অব আর্কিটেকচারের এসোসিয়েট প্রফেসর ড. তারিফ হায়াত খান। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়রিং এন্ড টেকনোলজি থেকে ১৯৯৫ সালে ব্যাচেলর অব আর্কিটেকচার করেন। ২০০০ সালে মাস্টার অব আর্কিটেকচার করেন বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিউডেন থেকে। আর আর্কিটেকচারে পিএইচডি করেন ইউনিভার্সিটি অব হংকং থেকে। তিনি বাংলাদেশে স্বনামধন্য সংগীতজন মোবারক হোসেন খানের পুত্র।
ড. জোবায়ের বিন আলম
টেক্সাসের প্রেইরি ভিউ এএন্ডএম ইউনিভার্সিটির সিভিল ও জিও—টেকনিকেল ইঞ্জিনিয়ারিংএর এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. জোবায়ের বিন আলম। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ২০১১ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংএ বি.এস. করেন। এরপর ২০১৭ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং ও জিও—টেকনিকেল ইঞ্জিনিয়ারিংএ পিএইচডি করেন ইউনিভার্সিটি অব টেক্সাস আর্লিংটন থেকে। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব টেক্সাস আর্লিংটনে টিচিং এ্যাসিস্ট্যান্ট, ও এডজাংক্ট প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করেন।
ড. এ.কে. ফজলুর রহমান
ওকলাহোমা স্কুল অব সাইন্স এন্ড ম্যাথেমেটিক্সের অর্গানিক কেমিস্ট্রির শিক্ষক ড. এ.কে. ফজলুর রহমান। তিনি দ্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্গানিক কেমিস্ট্রিতে পিএইচডি করেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব ওকলাহোমা এবং ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ওকলাহোমাতে প্রায় দুই দশক অর্গানিক কেমিস্ট্রির এডজাংক্ট প্রফেসর হিসাবে শিক্ষকতা করেছেন। এছাড়াও ভিজিটিং গবেষক হিসাবে দায়িত্ব পালন করেছেন টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি, ক্যালটেক, ইউনিভার্সিটি অব রচেস্টার, ইউনিভর্সিটি অব ক্যালিফোর্নিয়া এ্যাট বার্কলি, বার্লিনের ফ্রি ইউনিভার্সিটি এবং ফ্রেডেরিখ শিলার ইউনিভার্সিটি, জার্মানিতে।
