আলকারাজকে হারিয়ে র্যাঙ্কিং’র শীর্ষস্থান পুনরুদ্ধার সিনারের
স্পোর্টস প্রতিবেদনঃ টেনিস বিশ্বের নতুন দ্বৈরথ ‘সিনকারাজ’ লড়াইয়ে শেষ হাসি হাসলেন ইয়ানিক সিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে সরাসরি সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা কুড়ালেন এই ইতালিয়ান তারকা। রোববার ফাইনালে ৭—৬ (৭—৫), ৬—৩ সেটে জিতে সিনার শুধু প্রথম ক্লে—কোর্ট মাস্টার্স খেতাবই জিতলেন না, আলকারাজকে হঁটিয়ে পুনরুদ্ধার করলেন এটিপি র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানও।
এ জয়ের মধ্য দিয়ে এক অনন্য কীর্তি গড়লেন ২৪ বছর বয়সী সিনার। ২০১৫তে নোভাক জোকোভিচের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে ‘সানশাইন ডাবল’ (ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি) এবং মন্টে কার্লো জয়ের কৃতিত্ব দেখালেন তিনি। এটি ছিল সিনারের টানা চতুর্থ এবং ক্যারিয়ারের অষ্টম এটিপি ১০০০ মাস্টার্স শিরোপা। ম্যাচের পর তিনি বলেন, ‘আজ আমাদের দুজনের খেলার মান অনেক উঁচুতে ছিল। র্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরা আমার জন্য অনেক বড় বিষয়। তবে সবসময় যেমন বলি, র্যাঙ্কিং আমার কাছে মুখ্য নয়। এই (ক্লে) কোর্টে অন্তত একটি বড় ট্রফি জিততে পেরে আমি দারুণ খুশি।’ ঝড়ো বাতাসে শুরু হওয়া ম্যাচের প্রথম সেটে সার্ভ ধরে রাখতে হিমশিম খান সিনার ও আলকারাজ দু’জনই। টাইব্রেকারে স্প্যানিশ তারকার ডাবল ফল্টের সুযোগ নিয়ে প্রথম সেট পকেটে পুরেন সিনার।
দ্বিতীয় সেটে এক পর্যায় ৩—১ ব্যবধানে এগিয়ে প্রত্যাবর্তনের আভাস দেন আলকারাজ। তবে এরপর টানা চার গেম জিতে তেমন কিছু হতে দেননি সিনার।
হারের পর সিনারের প্রশংসায় আলকারাজ বলেন, ‘তুমি এখন যা অর্জন করছো, তা সত্যিই অবিশ্বাস্য। ওপেন যুগে মাত্র একজন খেলোয়াড় সানশাইন ডাবল ও মন্টে কার্লো জিততে পেরেছিলেন। তুমি দ্বিতীয় ব্যক্তি হিসেবে তা করে দেখালে।’
