লং আইল্যান্ডের হেকশার মিউজিয়মে সেরা তরুণ শিল্পীদের প্রদর্শনীতে সৌরাত্রির চিত্র

বাঙালী প্রতিবেদনঃ নতুন প্রজন্মের বাংলাদেশীআমেরিকান চিত্রশিল্পী সৌরাত্রি আহমেদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে লং আইল্যান্ড বেস্ট ২০২৬ শিরোনামে। ইয়াং আর্টিস্টদের এই প্রদর্শনীতে লং আইল্যান্ডের হাইস্কুলে পড়া শিল্পীদের সেরা ছবি স্থান পেয়েছে। ৯৬ জন তরুণ শিল্পীর অন্যতম সৌরাত্রি আহমেদ। এই প্রদর্শনীর যে ক্যাটালগ তৈরি করা হয়েছে তার প্রচ্ছদে পাঁচ শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। সৌরাত্রির চিত্রকর্ম ছাপা হয়েছে প্রথমেই।

গত ২৯ মার্চ শুরু হওয়া এই প্রদর্শনী চলবে মে পর্যন্ত। প্রদর্শনীতে বিপুল সংখ্যক দর্শক যাচ্ছেন এবং তারা অন্যান্য শিল্পীর সাথে সৌরাত্রির ছবিও দেখছেন। সৌরাত্রির চিত্রকর্মটি অন্যদের চেয়ে পৃথক। শাড়ি পরিহিত মা শিশুকন্যাকে কোলে নিয়ে বসে আছেন পানির ওপরে। হাঁটু মুড়ে থাকা মাকে ছায়া দিয়ে আগলে রেখেছে তার শাড়ির আঁচল। তার চারদিকে বৃত্তাকারে পানির মত ঘুরছে শাপলা ফুল, রঙিন মাছ, লতাপাতা নীলাভ পানির ওপর। পরাবাস্তব চিন্তায় আঁকা ছবিটিতে মাতৃত্বকে প্রকৃতির সাথে মিলিয়ে দিয়েছে সৌরাত্রি। কখনো মনে হতে পারে পুরো ক্যানভাসই মায়ের গর্ভ। সেই গর্ভে স্বগীর্য় কানন তৈরি হয়েছে। সৌরাত্রির ড্রয়িং যেমন সাযুজ্যময় তেমনই রঙের ব্যবহারে কল্পনাকে অসীমে ছড়িয়ে দিয়েছে। জীবনের সাথে প্রকৃতির মেলবন্ধন ছবিটির তাৎপর্যকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ক্যাটালগে উল্লেখ করা হয়েছে সৌরাত্রি আহমেদ জেনারেল ডগলাস ম্যাক আর্থার হইস্কুলের ছাত্রী। তার মা সাঈদা উদিতা আর বাবা বিশিষ্ট আবৃত্তিকার, উপস্থাপক, চিত্রশিল্পী ছড়াকার মৃদুল আহমেদ।

Related Posts