আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ
বাপসনিউজঃ সাতাত্তর বছরের ঐতিহ্যবাহী পুরনো দল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব প্রদানকারি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের কালো আইন পাসের প্রতিবাদে এবং কথিত ট্রাইবুন্যালে শেখ হাসিনার নামে মিথ্যা মামলার রায় বাতিল, পুলিশ হত্যার বিচার, সংবিধান লংঘন করে ক্ষমতা দখলকারি দুর্নীতিবাজ—খুনী ড. মো. ইউনূসকে গ্রেফতার ও বিচারের আওতায় আনা, প্রতিপক্ষ রাজনীতিকদের দমনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপব্যবহার বন্ধ, একাত্তরের গণহত্যায় যারা যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী তাদের ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা, বিচার ব্যবস্থা ধ্বংস, গ্যাস বিদ্যুৎ সার সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতি সহ মানুষের জানমালের নিরাপত্তার দাবীতে পোস্টারিং এবং রাজনৈতিক বিরোধীদের গণ—গ্রেফতার বন্ধসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তির দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে গত ২০ এপ্রিল এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এলায়্যান্স অব বাংলাদেশী আমেরিকানস, হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, সকল সহযোগী অঙ্গ সংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, মানবাধিকার, কবি, লেখক ও সাহিত্যিকের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ করের নেতৃত্বে প্রবাসীরা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। অপর দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে প্রবাসীরা এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ড. প্রদীপ কর।
জাতিসংঘের সদর দফতরের সামনে বিক্ষোভ—র্যালি থেকে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের নিন্দা—প্রতিবাদ এবং অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে দুর্বার আন্দোলনের হুমকি দেয়া হয়। একইসাথে বাংলাদেশে জঙ্গি—সন্ত্রাসের উত্থানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব গুতেরেজের হস্তক্ষেপও কামনা করেন এই কমসূচির মূল আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর।
এ সময় ড. প্রদীপ কর ঘোষণা দেন, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইন বাতিলের দাবি আদায়ে স্টেট ডিপার্টমেন্টের সামনে ৪ মে সোমবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে মানববন্ধন করা হবে। এরপর যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব বরাবরেও একটি স্মারকলিপি দেয়া হয়েছে বিক্ষোভ—সমাবেশের পর।
এদিকে আগামী ৩০ এপ্রিল দুপুর ১২টায় আওয়ামী লীগ নিষিদ্ধ আইন পাশের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগ।
