ইউএসবিসিসিআই’র আয়োজনে তৃতীয় রিয়েল এস্টেট এক্সপো ১৬ মে

বাঙালী প্রতিবেদনঃ গত দুই বছরের ধারাবাহিকতায় তৃতীয়বারের মত রিয়েল এস্টেট এক্সপো আয়োজন করবে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। বছরের এই এক্সপো হবে ১৬ মে শনিবার লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট মেরিয়ট হোটেলে। এবারের এক্সপোর মূল স্পন্সর ফাহিম এন্ড কারলিন, গোরাসকেল মর্গেজ ব্রোকারস।

গত বুধবার বিকেলে জ্যামাইকায় নেক্সাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউএস বিসিসিআইএর ডিরেক্টর মো. শেখ ফরহাদ। লিখিত বক্তব্যে তিনি আরো জানান, এই এক্সপোর মূল লক্ষ্য হলো, রিয়েল এস্টেট খাতের সকল অংশগ্রহণকারীকে একত্রিত করে নতুন বিনিয়োগ ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক প্লাটফর্ম তৈরি করা।

তিনি বলেন, এই এক্সপোতে নিউইয়র্কের রিয়েল এস্টেট সেক্টরের শীর্ষস্থানীয় পেশাজীবীদের সমাবেশ হবে। এরা প্রধানত মর্গেজ ব্রোকার, ফাইন্যান্স বিশেষজ্ঞ, বিনিয়োগকারী উদ্যোক্তা, রিয়েল এস্টেট এজেন্ট, ব্রোকার, এটর্নি প্রথমবার বাড়ির ক্রেতারা।

সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউএস বিসিসিআইএর সভাপতি লিটন আহমদ, পরিচালক ইসমাইল আহমেদ, পরিচালক সিপিএ আহাদ আলি, গোরাসকেল মর্গেজ কোম্পানির মর্গেজ ব্রোকার ফাহিম হোসেন এবং সিএমজি হোম লোনসের লোন অফিসার জাহাঙ্গীর কাজি।

লিটন আহমদ বলেন, এই এক্সপো সহ ইউএস বিসিসিআই ব্যানারে আমরা যা করি সবই স্বেচ্ছাসেবী কাজ। আমরা নিজের দেশকে ভালোবাসি বলে দেশের বাইরে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার লক্ষ্য নিয়ে এই কাজ করছি। এর জন্য আমরা কখনো বাংলাদেশের কোনো সরকারের কাছে হাত পাতিনি, সাহায্য পৃষ্ঠপোষকতা চাইনি। চাইও না।

সিপিএ আহাদ আলি বলেন, ১৬ মে রিয়েল এস্টেট এক্সপোতে বিপুল সংখ্যক স্টল থাকা ছাড়াও ৫টি প্যানেল ডিসকাশন হবে। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইসলামি ফিন্যান্স, প্রথমবারের মত যারা বাড়ির ক্রেতা হবেন তাদের নিয়ে, কমার্শিয়াল রিয়েল এস্টেট এবং ট্রাস্ট এস্টেট প্লানিং। তিনি বলেন, গত বছর এক্সপোতে ৮০ ভাগই ছিল বিদেশী প্রতিষ্ঠানের স্টল।

ফাহিম হোসেন বলেন, রিয়েল এস্টেট এক্সপোতে তার প্রতিষ্ঠান কিভাবে মর্গেজ পাওয়া যাবে, বিভিন্ন নিয়মাবলী, সেলফ এমপ্লয়েড ইত্যাদি নানা ধরনের ক্রেতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। তিনি বলেন, মর্গেজ ব্যবসায় তার দশ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।

পরিচালক ইসমাইল আহমেদ বলেন, গত বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি, অনেকে অনেক রকম সমস্যা ইস্যু তুলে ধরেন, তারা সমাধান জানতে চান। আমরা সেসব সমস্যার উত্তর দেয়াসহ সমাধান করার চেষ্টা করেছি স্পটেই।

সিএমজি হোম লোনসের জাহাঙ্গীর কাজি এই সেক্টরে তার দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, রিয়েল এস্টেট এক্সপো সম্ভাব্য ক্রেতাদের মুখোমুখি করে দেয়ার সুযোগ সৃষ্টি করে। ফলে অনেকে এর থেকে উপকৃত হন।

লিটন আহমেদ বলেন, রিয়েল এস্টেট এক্সপো হলেও গত দুইবার আমরা অনেকের ন্যাশনাল গ্রিড সোলার প্যানেল নিয়ে সৃষ্ট অনেক সমস্যার সমাধান করে দিয়েছি।

এই রিয়েল এস্টেট এক্সপোর  সহযোগিতায় থাকবে লং আইল্যান্ড বোর্ড অব রিয়েল্টর্স বা লাইবর, মিডিয়া স্পন্সর ডেইলি নিউজ, টেক পার্টনার ইউএসবিডি ডিজিটাল পার্টনার।

Related Posts