আদালত প্রাঙ্গণ থেকে ধরা হবে না || ওয়ারেন্ট ছাড়া বাড়িতে যাবে না আইস || ইমিগ্রান্ট গ্রেফতারে নমনীয় ট্রাম্প প্রশাসন

বাঙালী প্রতিবেদনঃ ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি চুপিচুপি কয়েকটি অত্যন্ত আগ্রাসি এবং বিতর্কিত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পলিসি থেকে সরে এসেছে বলে শুক্রবার সকালে ডিপার্টমেন্টের মুখপাত্রের বরাতে জানালো এনবিসি নিউজ। সেই সাথে নিউইয়র্ক ম্যাগাজিন জানালো, ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন এনফোর্সমেন্টের বিষয়টি পুনর্বিবেচনা করছে। এনবিসি নিউজ বলছে, এখন থেকে বিচার বিভাগীয় ওয়ারেন্ট ছাড়া আইস এজেন্টরা কারো বাড়িতে হানা দেবে না এবং ইমিগ্রেশন কোর্ট থেকে কোনো ইমিগ্রান্টকে গ্রেফতার করবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটা ছিল গত ১৫ মাসে সবচেয়ে ভীতিকর প্র্যাকটিস। নিউইয়র্ক সিটিতে ২৬ ফেডারেল প্লাজা বিল্ডিংএ কোনো ইমিগ্রান্ট তার চলমান ইমিগ্রেশন মামলার শুনানিতে গেলে গ্রেফতার না হয়ে ফেরত আসা ছিল ব্যতিক্রম ঘটনা। কিন্তু এখন কেবল তাদেরই গ্রেফতার কর হবে যাদের বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার আছে।

এনবিসি নিউজ বলছে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি পদ থেকে ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দেয়ার পর আনডকুমেন্টেড ইমিগ্রান্ট গ্রেফতারের এই নমনীয় আইনসিদ্ধ নিয়ম চালু হল। ক্রিস্টি নোয়েম দায়িত্ব গ্রহণের পরঅপারেশন মেট্রো সার্জনামে যে কঠোর কর্মসূচী গ্রহণ করেন তার ফলে লসএঞ্জেলেসসহ মিনিয়াপোলিস সিটিতে যেসব ঘটনা ঘটে, তা পুরো আমেরিকায় আলোড়নের সৃষ্টি করে। এইসব সিটিতে মাসাধিককাল চলা ম্যাস ডিপোর্টেশন কর্মসূচীর কারণে অসন্তোষের সৃষ্টি হয়। কারণ সেখানে দুজন আমেরিকান সিটিজেন মৃত্যুবরণ করেন আইস এজেন্টদের গুলিতে। আমেরিকা জুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সংবিধান বিশ্লেষকরা এইসব ঘটনাকে কন্সটিটিউশনের লংঘন বলে অভিযোগ করেন। অনেক রিপাবলিকান কংগ্রেস সদস্য ভাষ্যকারও এর বিরুদ্ধে অবস্থান নেন।

ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দেয়ার পর নতুন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেছেন মার্কওয়েন মুলিন। তিনি এই নতুন নিয়ম চালু করায় ইমিগ্রান্টদের মনে স্বস্তি নেমে এসেছে বলে জানা গেছে।

Related Posts