বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬ || ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নিউইয়র্ক (ইউএনএ)ঃ বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের আসন্ন নির্বাচনে দুই প্যানেলের ৪২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর বাইরেও আরো দুইজন স্বতন্ত্র দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। উডসাইডের কুইন্স প্যালেসে গত ৬ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এসময় প্রার্থীদের সাথে তাদের বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে ‘সেলিম—আলী’ এবং সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আলমের নেতৃত্বে ‘কুনু—ফিরোজ’ প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জ্যামাইকা বাংলাদেশ সোসাইটি (জেবিএস)—এর সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে কর্মরত শক্তি ডি গুপ্ত। উল্লেখ্য, কমিশন ঘোষিত তফসিল মোতাবেক আগামী ২৫ অক্টোবর, রবিবার সোসাইটির ত্রি—বার্ষিক (২০২৭—২০২৯) নির্বাচন। এদিন ৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ পর্যন্ত সোসাইটির ভোটার সংখ্যা ৩৫ হাজার ৩২১জন।
বাংলাদেশ সোসাইটির ইতিহাসে এবারই প্রথমবারের মতো ত্রি—বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন এবং সর্বাধিক ভোটারের অংশগ্রহণে নির্বাচন হতে যাচ্ছে বলে নানা কারণেই এই নির্বাচন বিগত নির্বাচনগুলোর চেয়ে কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে। কার্যকরী পরিষদের মেয়াদ দুই বছরের স্থলে তিন বছর এবং আরো দুটি পদ নতুন যুক্ত হওয়ায় কমিউনিটির অংশগ্রহণও বাড়ছে। ফলে সবদিক বিবেচনায় নির্বাচন কমিশন সোসাইটি অফিসের স্থলে কুইন্স প্যালেসের বিশাল পরিসরে মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানের আয়োজন করে। নেয়া হয় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা। রবিবার প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরর নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচন কমিশন মনোনয়নপত্র গ্রহণ করেন। কমিশনের অপর সদস্যরা হলে— বদরুল হোসেন খান, মোহাম্মদ শামসুদ্দীন আজাদ, রুহুল আমীন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া।
মনোনয়নপত্র দাখিলের দিন বিকেল ৫টার দিকে প্যানেল দুটি আর স্বতন্ত্র প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে কুইন্স প্যালেসে সমবেত হতে থাকেন। এসময় অনেকেরই হাতে প্যানেল ও সমর্থিত প্রার্থীদের পোস্টার ছিলো। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশন। প্রথমে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী শক্তি ডি গুপ্ত। তিনি সাংস্কৃতিক সম্পাদক পদে তার প্রার্থিতা দাখিল করেন।
এরপর বিপুল সংখ্যক সমর্থক নিয়ে ‘কুনু—ফিরোজ’ প্যানেলের প্রার্থীরা একে একে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রথমে সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু, এরপর সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেদু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আলম সহ অন্য প্রাথীরা মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মনোনয়নপত্র দাখিলের সময় সমর্থকরা পোস্টার হাতে বারবার শ্লোগান তুলে ভিন্ন আবহের সৃষ্টি করে। তারা বলেন, ‘কুনু—ফিরোজ’ প্যানেল সবার সেরা প্যানেল। এসময় প্রার্থীদের সাথে সাথে ‘কুনু—ফিরোজ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেলাল আহমেদ, সদস্য সচিব বাবুল চৌধুরী সহ রুহুল আমীন সিদ্দিকী, আনোয়ার হোসেন, লুৎফুল করীম, মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
‘কুনু—ফিরোজ’ প্যানেলের মনোননপত্র দাখিলের পর ‘ভয়েস ফর চেইঞ্জ’ শ্লোগান নিয়ে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন রাব্বী সৈয়দ। এসময় তার পরিবারের সদস্যরা বিশেষ করে স্ত্রী ও নাতনী সহ অন্যরা উপস্থিত ছিলেন। আরো ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট রেজাউল করীম চৌধুরী।
পরবতীর্তে বিপুল সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন ‘সেলিম—আলী’ প্যানেলের প্রার্থীরা। প্রথমে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম, এরপর সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কারুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী সহ অন্য প্রাথীরা মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মনোনয়নপত্র দাখিলের সময় সমর্থকরা পোস্টার হাতে শ্লোগান তুলে এই প্যানেলকে সবার সেরা প্যানেল হিসেবে কুইন্স প্যালেস মুখরিত করে তোলেন। এসময় প্রার্থীদের সাথে সাথে ‘সেলিম—আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হক মানিক, সদস্য সচিব জে মোল্লা সানি ও প্রধান সমন্বয়কারী মাকসুদুল হক চৌধুরী সহ সালামত উল্লাহ, দুলাল মিয়া (হাজী এনাম), তাজুল ইসলাম, আব্দুস শহীদ, ছদরুন নূর, জামান তপন, রোকন হাকিম, ময়নুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘সেলিম—আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সোসাইটির সাবেক সভাপতি ডা. মইনুল ইসলাম মিয়া ও প্রধান উপদেষ্টা সোসাইটির সাবেক সহ সভাপতি ওয়াসি চৌধুরী।
মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
‘কুনু—ফিরোজ’ প্যানেলের প্রার্থী
সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু—ফিরোজ’ প্যানেলের প্রার্থী হলেন: সভাপতি আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি দুলাল বেহেদু, সহ সভাপতি আবুল কালাম ভূইয়া, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আর চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক সৈয়দ গৌসুল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ আখতার, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বেগম এম চৌধুরী, যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কাজী আর হাসান এবং কার্যকরী সদস্য— সিরাজুদ্দিন হক, মোহম্মদ এ সিদ্দিক, মোহাম্মদ আবুল বাসার, মাসুদুল হক সানু, মোহাম্মদ কাওসার আলম ও মোহাম্মদ এম ইসলাম।
‘সেলিম—আলী’ প্যানেলের প্রার্থী
সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম—আলী’ প্যানেলের প্রার্থী হলেন: সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক হাসান খান, স্কুল ও শিক্ষা সম্পাদক এএসএম মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহানাজ হোসেন, যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী এবং কার্যকরী সদস্য— মোহাম্মদ উজ্জ্বল পিপুল, শামীম আহমেদ, সারওয়ার খান বাবু, মোহাম্মদ এ মান্নান, মোহাম্মদ আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান।
