ডেমোক্রেটিক স্টেট কমিটি মেম্বার পদে কুইন্স থেকে ৩ বাংলাদেশী নির্বাচিত
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটি থেকে গত মঙ্গলবারের প্রাইমারি নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত ৩ জন নির্বাচিত হয়েছেন বলে সাপ্তাহিক বাঙালী জানতে পেরেছে। এরা হলেন খোরশেদ খন্দকার, ইমরান রহমান ও জামিলা উদ্দিন। খোরশেদ খন্দকার নির্বাচিত হয়েছেন জ্যামাইকার এসেম্বলি ডিস্ট্রিক্ট ২৯ থেকে ডেমোক্রেটিক কাউন্টি কমিটি মেম্বার পদে। এসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ থেকে ডেমোক্রেটিক স্টেট কমিটি মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ইমরান রহমান। ইমরান রহমান ডিস্ট্রিক্ট ২৪এর এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিনের ডেপুটি চিফ অব স্টাফ। একই ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক স্টেট কমিটি মেম্বার (নারী) পদে বিজয়ী হয়েছেন জামিলা এ. উদ্দিন। জামিলা উদ্দিন এসাল এর ন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস ম্যাফ মিসবাহউদ্দিনের মেয়ে।
উল্লেখ্য গত মঙ্গলবারের প্রাইমারিতে কুইন্স ও ব্রংক্স থেকে পাঁচ বাংলাদেশী—আমেরিকান এসেম্বলি মেম্বার পদে নির্বাচন করেছেন। এদের মধ্যে শামসুল হক মাত্র ১৩ ভোটে পিছিয়ে থাকায় ভোট পুনর্গণনার জন্য অনুরোধ করেছেন বোর্ড অব ইলেকশনে। তার ডিস্ট্রিক্টের চূড়ান্ত ফলাফল জানা যাবে পুনরায় গণনার পরে। অন্য চারজন ডিস্ট্রিক্ট ৩২ থেকে মোহাম্মদ মোল্লা, ডিস্ট্রিক্ট ৩৬ থেকে মেরি জোবায়দা, ডিস্ট্রিক্ট ৩৭ থেকে পিয়া রহমান এবং ডিস্ট্রিক্ট ৮৭ (ব্রংক্স) থেকে জাকির চৌধুরী জিততে পারেননি।
