বিপুলসংখ্যক বাংলাদেশীসহ এ বছর আমেরিকায় প্রায় ৪০ লক্ষ শিক্ষার্থীর গ্রাজুয়েশন
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকায় এ বছরও বিপুল সংখ্যক বাংলাদেশী বংশোদ্ভুত ছেলেমেয়ে হাইস্কুল গ্রাজুয়েশন এবং কলেজ গ্রাজুয়েশন করেছে। প্রতি বছর মে মাসের শেষে শুরু হয়ে জুন মাস পর্যন্ত গ্রাজুয়েশন পর্ব চলে। আমেরিকায় বলে কমেন্সমেন্ট। জুন মাসে স্কুল এবং কলেজে সামার ভেকেশনের আগে আগে এই গ্রাজুয়েশন সম্পন্ন হয়। বিভিন্ন স্কুল এবং কলেজ হয় নিজ নিজ স্কুলে বা কলেজ ক্যাম্পাসে এই গ্রাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে, অনেক সময় বড় হল ভাড়া নিয়ে বা স্টেডিয়ামেও গ্রাজুয়েশন সেরিমনি হয়। কলেজ গ্রাজুয়েশনকে গুরুত্বপূর্ণ করে তোলার লক্ষ্যে স্বনামধন্য ব্যক্তিদের প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা যেসব বক্তব্য রাখেন তাও সংরক্ষণ করা হয়।
এডুকেশন ড্যাটা ইনিশিয়েটিভ এবং ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিসটিকস অনুযায়ী এ বছর প্রায় ৪০ লক্ষ ২০ হাজার থেকে ৭০ হাজার কলেজ পড়–য়া ছাত্রছাত্রী গ্রাজুয়েশন করেছে। ব্রেকডাউন অনুসারে ব্যাচেলর ডিগ্রি পেয়েছেন ২২ লক্ষ শিক্ষার্থী, মাস্টার্স ডিগ্রি পেয়েছেন ৮ লক্ষ ৮০ হাজার শিক্ষার্থী, ডক্টরেট ও প্রফেশনাল বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন ২ লক্ষ ২০ হাজার আর এসোসিয়েট ডিগ্রি পেয়েছেন ১০ লক্ষ ৫০ হাজার।
পপুলেশন রেফারেন্স ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৫ সালে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী গ্রাজুয়েশন করে। এ বছর অবশ্য সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারেনি। ওয়েস্টার্ন ইন্টারস্টেট কমিশন ফর হাইয়ার এডুকেশনের তথ্য অনুযায়ী গত বছর হাইস্কুল গ্রাজুয়েশন করা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৯ লক্ষ। বলা হয়েছে এই সংখ্যাও ছিল সর্বোচ্চ। কিন্তু এ বছর সেই সংখ্যা ছাড়িয়ে যেতে পারেনি। বলা হয়েছে ২০০৭ সাল থেকে আমেরিকায় জন্মহার কমে যাওয়ায় ছাত্রছাত্রীর সংখ্যা কমছে।
এ বছর আমেরিকায় বাংলাদেশী ইমিগ্রান্ট অধ্যুষিত স্টেটগুলোতে কত ছাত্রছাত্রী হাইস্কুল এবং কলেজ গ্রাজুয়েশন করেছে তার কোনো তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন সূত্রে, এবং সোশাল মিডিয়ার তথ্য অনুযায়ী ধারণা করা যায়, আগের যে কোনো বছরের তুলনায় এ বছর বেশি সংখ্যক শিক্ষার্থী হাইস্কুল ও কলেজ গ্রাজুয়েশন করেছেন। এ বছর আগের বছরগুলোর তুলনায় বেশি সংখ্যক ছেলেমেয়ে ল নিয়ে গ্রাজুয়েশন বা জেডি সম্পন্ন করেছেন।
২০২৩ সালে বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকা খবর ছেপেছিল, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ছাত্রছাত্রী যারা স্টাডির কারণে স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসে তার সংখ্যা ৩০০ শতাংশ বেড়েছে। ফলে গ্রাজুয়েশনের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ সেটাও হতে পারে। তাদের দেয়া তথ্য অনুসারে ২০২২—২০২৩ একাডেমিক বছরে আমেরিকায় আসে ১৩,৫৬৩ শিক্ষার্থী।
প্রতি বছর জুন মাসে বাংলাদেশী—আমেরিকানদের যেসব পরিবারের ছেলেমেয়েরা হাইস্কুল ও কলেজ গ্রাজুয়েশন করেন, সেসব পরিবার আনন্দে মুখর হয়ে ওঠে। গ্রাজুয়েশন গাউন আর ক্যাপ বা মর্টারবোড মাথায় নিজেদের ছেলেমেয়ে বা ভাইবোনের গ্রাজুয়েশন সার্টিফিকেশন গ্রহণের দৃশ্য দেখে, তখন অনেকেই আনন্দাশ্রম্ন সংবরণ করতে পারে না। এই সময় সেইসব গর্বিত ছবিতে ভরে ওঠে ফেসবুক, রিল, ইন্সটাগ্রাম।
