আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৭২
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
ড. সাদিক খান
মিসিসিপির জ্যাকসন স্টেট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংএর এসোসিয়েট প্রফেসর ড. সাদিক খান। তিনি ২০০৭ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংএ বি.এস. করেন। এরপর ২০১১ সালে একই বিষয়ে ইউনিভার্সিটি অব টেক্সাস, আর্লিংটন থেকে এম.এস. এবং একই ইউনিভার্সিটি থেকে জিওটেকনিকেল ইঞ্জিনিয়ারিংএ পিএইচডি করেন ২০১৩ সালে। তিনি পোস্ট—ডক্টরাল রিসার্চ এসোসিয়েট হিসাবে দায়িত্ব পালন করেন জানুয়ারি ২০১৪ থেকে আগস্ট ২০১৫ পর্যন্ত জ্যাকসন স্টেট ইউনিভার্সিটিতে।
ড. রাসেল হাসান
ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির জন গ্লেন কলেজ অব পাবলিক এফেয়ার্সের এ্যাম্বাসেডর মিল্টন এ. এন্ড রোজলিন জি. উলফ চেয়ার অব পাবলিক এন্ড ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের প্রফেসর ড. রাসেল হাসান। তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, অলবেনির রকেফেলার কলেজ অব পাবলিক এফেয়ার্স থেকে পিএইচডি করেন। তিনি আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্সটিটিউটের সাথে সংযুক্ত। যেমন ওহাইয়ো স্টেটের ক্রিমিনাল জাস্টিস রিসার্চ সেন্টার, কারওয়ান ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব রেস এন্ড এথনিসিটি, মিশিগান স্টেট ইউনিভার্সিটির পুলিশ স্টাফিং রিসার্চ অবজার্ভেটরি, ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার লোকাল গভর্নমেন্ট ওয়ার্কপ্লেস রিসার্চ ইনিশিয়েটিভ।
ড. বখতিয়ার তালুকদার
ইউনিভার্সিটি অব উইসকনসিন, হোয়াইটওয়াটারের কলেজ অব বিজনেস এন্ড ইকোনমিক্সের এসোসিয়েট প্রফেসর এবং এডহক প্রোগ্রাম স্পেশালিস্ট ড. বখতিয়ার তালুকদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস এডমিনিস্ট্রেশন, ফিন্যান্স এন্ড ব্যাংকিংএ বিবিএ করেন ২০০৪ সালে। এরপর ২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সে মাস্টার্স করেন সুমা কাম লউডে স্কলার হিসাবে। এরপর এমবিএ করেন ২০১১ সালে অরেগনের উইলামেট ইউনিভার্সিটি থেকে। ২০১৬ সালে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলেজ অব বিজনেস থেকে ফিনান্সে ও বিজনেস এডমিনিস্ট্রেশনে পিএইচডি করেন।
