গাড়ির ইন্সু্যরেন্স বৃদ্ধির বিরুদ্ধে গভর্নর কঠোর
বাঙালী প্রতিবেদনঃ বৃহস্পতিবার গভর্নর ক্যাথি হকুল ২০২৬—২০২৭ অর্থবছরের খসড়া স্টেট বাজেট প্রস্তাব ঘোষণা করলেন। গভর্নর আগেই পূর্বাভাস দিয়েছিলেন তিনি নিউইয়র্ক স্টেটে বিশেষ করে নিউইয়র্ক সিটিতে ক্রমবর্ধমান গাড়ির ইন্সু্যরেন্স কমানোর বিষয়ে বাজেটে সুযোগ রাখবেন।
নিউইয়র্কের সিটজেন ফর এ্যাফোর্ডেবল রেটস বা ঈঅজ এর মুখপাত্র হোজে বেয়োনা সাপ্তাহিক বাঙালীকে জানান গভর্নর বলেছেন, তিনি স্টেটের অটো ইন্সু্যরেন্স আইনকে ঢেলে সাজিয়ে আধুনিক করবেন। ঘোষিত খসড়া বাজেটে গভর্নর অটো ইন্সু্যরেন্স বৃদ্ধি রোধে যেসব বিষয় অন্তভুর্ক্ত করেছেন সেগুলো হলোঃ যেসব ড্রাইভার আইন ভঙ্গ করবে যেমন ইন্সু্যরেন্স ছাড়া গাড়ি ড্রাইভ করবে, মদ্যপ হয়ে গাড়ি ড্রাইভ করবে, এবং যারা ক্ষতিকরভাবে ড্রাইভ করবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। গাড়ির দুর্ঘটনায় ‘সিরিয়াস ইনজুরি’ বলতে কী বোঝানো হবে আর তার ক্ষতিপূরণ কত হবে তা নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। অতিরিক্ত প্রফিট করার জন্য ইন্সু্যরেন্স কোম্পানিগুলো সীমাহীন প্রিমিয়াম বাড়াতে পারবে না। ডিপার্টমেন্ট অব ফিনানশিয়াল সার্ভিসেসের অনুমোদন ছাড়া ইন্সু্যরেন্স প্রিমিয়ামে মূল্য বাড়াতে পারবে না। কোনো ড্রাইভারের বা গাড়ির মালিকের আর্থিক অবস্থার ভিত্তিতে ইন্সু্যরেন্স রেট বাড়ানো যাবে না।
