বিবাহিত নারী ও মা হিসেবে প্রথমবার মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার
সৌন্দর্যের মঞ্চে মাথায় উঠেছে বিশ্বসেরার মুকুট। তবে ২৭ বছর বয়সী জেনিফার বারেটোর পরিচয় কেবল একজন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নয়। তিনি একজন স্ত্রী, সাত বছর বয়সী কন্যাসন্তানের মা, উচ্চশিক্ষিত পেশাজীবী ও সমাজকর্মী। পুয়ের্তো রিকোর এই নারী মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতে গড়েছেন ইতিহাস। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে বসে এবারের আসরের জমকালো আয়োজন। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন স্বাগতিক দেশের প্রতিনিধি জেনিফার। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তাঁর মাথায় নতুন মুকুট পরিয়ে দেন। এর মধ্য দিয়ে ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের শিরোপা ফিরে আসে পুয়ের্তো রিকোতে। দেশটির হয়ে এর আগে ২০০৬ সালে এই খেতাব জিতেছিলেন জুলেইকা রিভেরা। সব মিলিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট পেল পুয়ের্তো রিকো।
সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার বাইরেও নিজের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন জেনিফার। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সেনাবাহিনী শাখায় প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন তিনি।
২০২১ সাল থেকে সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের সঙ্গে কাজ করছেন জেনিফার। পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ক্ষতিকর আচরণ প্রতিরোধ, সচেতনতা তৈরি এবং মানুষের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই তাঁর কাজের অন্যতম লক্ষ্য। পেশাগত দায়িত্বের বাইরেও সমাজের মানুষের পাশে দাঁড়ান জেনিফার। পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবী হিসেবে শিশুদের ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করেন। পাশাপাশি এ রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে সহায়তা করেন তিনি।
অবসর সময়ে বই পড়তে ও ভলিবল খেলতে ভালোবাসেন জেনিফার। পুয়ের্তো রিকোর বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন। তাঁর কাছে সৌন্দর্য প্রতিযোগিতা কেবল ব্যক্তিগত পরিচিতি কিংবা সাফল্য অর্জনের মঞ্চ নয়, মানুষের কাছে পৌঁছানো এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখারও একটি সুযোগ। মিস ইউনিভার্সের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি প্রতিযোগীদের চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধিরও পরীক্ষা নেওয়া হয়। এবারের আসরের প্রশ্নোত্তর পর্বে জেনিফারের উত্তরগুলোও আলোচনায় এসেছে। চূড়ান্ত পর্বে তাঁকে প্রশ্ন করা হয়, ‘এই মুহূর্তে বিশ্বের নেতাদের কাছে মানুষের সবচেয়ে বেশি কী প্রত্যাশা?’ জবাবে জেনিফার বলেন, ‘আমার বিশ্বাস, বিশ্বের এমন নেতা প্রয়োজন, যাঁরা দক্ষ ও সহমর্মী। আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষকে প্রায়ই বিচার করা হয়, নানা প্রশ্নের মুখে পড়তে হয়। এ অবস্থায় নেতাদের দায়িত্ব হলো নিজেদের অবস্থানে দৃঢ় থাকা এবং অন্যদের সামনে ভালো উদাহরণ তৈরি করা।’ তিনি আরও বলেন, ‘একজন সম্ভাবনাময় নেতা হিসেবে আমি দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এজন্য মানুষের প্রয়োজন ও সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। তাদের চাহিদা বুঝে ক্ষতিকর আচরণ প্রতিরোধের কৌশল ঠিক করতে পারলেই প্রকৃত পরিবর্তন আনা সম্ভব।’ এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও প্রশ্নের মুখোমুখি হন তিনি। তাঁকে জিজ্ঞেস করা হয়, এআইয়ের বিকাশের এই সময়ে মানুষের কোন মূল্যবোধটি কোনোভাবেই হারানো উচিত নয়?
জবাবে জেনিফার বলেন, ‘এআই আমাদের সঙ্গে থাকতেই এসেছে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সতর্ক ও দায়িত্বশীল ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে সেটি কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মূল্যবোধই আমাদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে এবং নিজেদের সত্যিকারের মানুষ হিসেবে ধরে রাখতে সাহায্য করে।’ জেনিফারের এই জয় আরও একটি কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৩ সাল থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ চালু হয়। এর আগে দীর্ঘদিন এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে অবিবাহিত হতে হতো। সন্তান থাকা নারীদের জন্যও ছিল নিষেধাজ্ঞা।
নিয়ম পরিবর্তনের তিন বছর পর এবার প্রথমবারের মতো কোনো বিবাহিত নারী ও মা হিসেবে মূল মুকুট জিতলেন জেনিফার। তাঁর স্বামী ইয়ান কার্লোস বারেতো ক্যালদেরন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সার্জেন্ট। তাঁদের সাত বছর বয়সী মেয়ের নাম পেনেলোপে। মুকুট জয়ের পর মেয়ের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি। জেনিফারের পর এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ আলেভান্তে। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ। সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান—উইন্ডরস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী জাস্টাস কেলি সেরা ১২—তে জায়গা করে নিলেও চূড়ান্ত পর্বে উঠতে পারেননি। চলতি বছর প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউএসএ খেতাব জিতে আলোচনায় এসেছিলেন তিনি।
৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও যেসব সুবিধা পাবেন—
মিস ইউনিভার্সের মুকুট জয়ের মধ্য দিয়ে শুধু বিশ্বসুন্দরীর খেতাবই নয়, বরং এক বছরের জন্য মিলবে নানা সুযোগ—সুবিধা। বিলাসবহুল আবাসন, মাসিক ভাতা, আন্তর্জাতিক ভ্রমণ, ব্যক্তিগত স্টাইলিস্ট থেকে শুরু করে সৌন্দর্য ও স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রয়েছে বিজয়ীর পুরস্কার প্যাকেজে। চলতি বছর মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী হয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। তাঁর জন্য তৈরি করা হয়েছে ১৮ ক্যারেটের সাদা সোনায় নির্মিত বিশেষ মুকুট। এতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। ১২ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় মুকুটটি। তবে ঝলমলে এই মুকুটই বিজয়ীর একমাত্র প্রাপ্তি নয়। এক বছরের দায়িত্ব পালনের জন্য তাঁকে দেওয়া হবে নানা ধরনের আর্থিক ও পেশাগত সুবিধা।
বছরে আড়াই লাখ ডলারের পারিশ্রমিক!
ব্লুমবার্গ লিনিয়া ও ইকুয়েডরের সংবাদমাধ্যম এল ইউনিভার্সোর প্রতিবেদন অনুযায়ী, মিস ইউনিভার্স বিজয়ীর বার্ষিক পারিশ্রমিক আনুমানিক ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া দায়িত্ব পালনের এক বছর প্রতি মাসে আনুমানিক ৫০ হাজার ডলার বা প্রায় ৬২ লাখ টাকা করে পাওয়ার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে এ অর্থকে সরাসরি বেতন হিসেবে উল্লেখ করতে নারাজ আয়োজক সংস্থা। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির ভাষায়, বিশ্বব্যাপী দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য বিজয়ীকে দেওয়া হয় প্রাথমিক তহবিল ও মাসিক আয়। আনুষ্ঠানিক কার্যক্রম, বিভিন্ন প্রকল্প এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার খরচ মেটানোই এর উদ্দেশ্য। অবশ্য এসব অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
নিউইয়র্কে থাকার ব্যবস্থা
মিস ইউনিভার্স বিজয়ীর জন্য নিউইয়র্ক সিটিতে একটি অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়। হোলার প্রতিবেদন অনুযায়ী, দায়িত্ব পালনের সময় এটি হবে তার আবাসস্থল।
শুধু আবাসনই নয়, বিভিন্ন দেশ সফরের বিমানভাড়া, হোটেল এবং অন্যান্য ভ্রমণ—সংক্রান্ত ব্যয়ও বহন করা হয়। ফলে আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয় না বিজয়ীকে।
ব্যক্তিগত স্টাইলিস্ট ও সৌন্দর্যসেবা
বিশ্বের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া এবং গণমাধ্যমের সামনে উপস্থিত হওয়ার জন্য বিজয়ীকে দেওয়া হয় বিশেষজ্ঞদের সহায়তা। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, চুলের যত্নের বিশেষজ্ঞ এবং ব্যক্তিত্ব ও ভাবমূর্তি উন্নয়নবিষয়ক পরামর্শক। পাশাপাশি পুষ্টিবিষয়ক পরামর্শ ও মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থাও থাকতে পারে। গালফ নিউজের প্রতিবেদনেও আগের বিজয়ীর পুরস্কার প্যাকেজে ব্যক্তিগত স্টাইলিস্ট, চুল ও মেকআপ বিশেষজ্ঞ এবং সৌন্দর্য ও স্বাস্থ্যসেবার কথা উল্লেখ করা হয়েছে।
এক বছরের জন্য বিশ্বভ্রমণের সুযোগ
মিস ইউনিভার্স বিজয়ীকে মূলত এক বছরের জন্য সংস্থার আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব পালন করতে হয়। এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশে সফর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ, গণমাধ্যমে সাক্ষাৎকার এবং বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রমে যুক্ত থাকতে হয়। এ দায়িত্ব পালনের অংশ হিসেবেই তার আন্তর্জাতিক ভ্রমণ ও আনুষ্ঠানিক উপস্থিতির ব্যবস্থা করে আয়োজক সংস্থা।
মুকুট কি নিজের করে নিতে পারবেন?
৩ হাজার ১৫০টি হীরায় সাজানো নতুন মুকুটটি দেখতে যতই আকর্ষণীয় হোক, সাধারণত এটি বিজয়ীর ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় না। দায়িত্ব পালনের এক বছর বিভিন্ন অনুষ্ঠান ও আনুষ্ঠানিক কাজে মুকুটটি ব্যবহারের সুযোগ পান তিনি। তবে মেয়াদ শেষে মূল মুকুটটি আয়োজকদের কাছে ফিরিয়ে দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্মারক হিসেবে মুকুটের প্রতিরূপ বা রেপ্লিকা দেওয়া হয়। অবশ্য এ নিয়ম প্রতিটি আসরে একই রকম নয়।
এক বছর পর দায়িত্ব হস্তান্তর
মিস ইউনিভার্স হিসেবে এক বছর দায়িত্ব পালনের পর বারেটো আবারও ফিরবেন প্রতিযোগিতার মঞ্চে। সেখানে নিজের উত্তরসূরির মাথায় মুকুট পরিয়ে দেবেন তিনি। অর্থাৎ, মিস ইউনিভার্সের শিরোপা শুধু সৌন্দর্যের স্বীকৃতি নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ, আর্থিক সুবিধা, পেশাগত অভিজ্ঞতা এবং বিশ্বজুড়ে পরিচিতি অর্জনের সম্ভাবনা।
