চলে গেলেন অভিনেতা সোহেল খান

ক্যারিয়ারের শুরুটা খুব একটা সহজ ছিল না। প্রথম দিকে প্রত্যাখ্যানের অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়েছিল। কিন্তু সে অভিজ্ঞতা থেকে দমে না গিয়ে অভিনয়ের প্রতি তৃষ্ণা নিয়েই এগিয়ে গেছেন। বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় যাত্রা শুরু, এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে দীর্ঘ পথচলা। কখনো হাস্যরসাত্মক, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন সোহেল খান। নায়ক হিসেবে না হলেও নানা ধরনের পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে গড়ে তুলেছিলেন নিজের অবস্থান। জীবনের শেষ দিনটিও কেটেছে অভিনয়ের প্রস্তুতিতে। বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে গতকাল সকালে আকস্মিক অসুস্থ হয়ে মারা যান ৬৬ বছর বয়সী এ অভিনেতা। তার মৃত্যুর মধ্য দিয়ে থেমে গেল দীর্ঘ অভিনয়যাত্রা, অসমাপ্ত রয়ে গেল নতুন সিনেমার শুটিং। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু। অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হওয়ার পেছনে ছিল একটি কঠিন অভিজ্ঞতা। হুমায়ূন আহমেদের পরিচালনায় একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তার অভিনয় পরিচালকের কাছে মেকি মনে হওয়ায় শুটিং থেকে তাকে বের করে দেয়ার কথা বলা হয়েছিল। পরবর্তী সময়ে সোহেল খান নিজেই জানিয়েছিলেন, ওই ঘটনা তাকে অভিনয় শেখার বিষয়ে আরো মনোযোগী করে তোলে। ভালো অভিনেতা হওয়ার জেদ তৈরি হয়েছিল সেখান থেকেই।

রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’—এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান সোহেল খান। ২০০৭ সালে প্রচারিত এ ধারাবাহিকে তার সহশিল্পীদের মধ্যে ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল। ফারুকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে একাধিকবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোহেল।

টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন সোহেল খান। ২০০৭ সালে হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেন তিনি। একই বছর মুক্তি পাওয়া ‘বউয়ের জ্বালা’য়ও দেখা গেছে তাকে। পরে অভিনয় করেছেন ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘কেমনে কী!’, ‘প্রিয় কমলা’ ও ‘শান’ সিনেমায়। এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

চরিত্রের বৈচিত্র ছিল তার অভিনয়জীবনের অন্যতম দিক। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী এবং ‘দেশা: দ্য লিডার’—এ চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করেন। ‘শান’ সিনেমায় তার চরিত্রের নাম ছিল বাবুল। গত বছরের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় তাকে দেখা গেছে গ্যারেজের মালিকের চরিত্রে। এতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে অভিনয় করেন তিনি। নিজের চরিত্রে সেরাটা দেয়ার চেষ্টা করেছিলেন বলে সে সময় জানিয়েছিলেন সোহেল।

ছোট পর্দায়ও বেশকিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে তার। ‘৪২০’ ছাড়াও ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’সহ বিভিন্ন নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন। ‘নিমন্ত্রণ রইল সবার’ টেলিছবিতে তাকে দেখা যায় বাবার চরিত্রে। একক নাটক ও ধারাবাহিক দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি। অভিনয়ে হাস্যরসাত্মক চরিত্রের পাশাপাশি নেতিবাচক ও গুরুত্বপূর্ণ চরিত্রেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

অভিনয়ের বাইরেও সিনেমা নিয়ে ভাবনা ছিল সোহেল খানের। ঢাকার ধামরাইয়ের রাজাপুরে তার গ্রামের বাড়ি। ‘জংলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্বল শহরে একটি সিনেমা হল গড়ে তোলার ইচ্ছা ছিল তার। শুধু অভিনয় নয়, চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রেও অবদান রাখার স্বপ্ন দেখেছিলেন তিনি।

মৃত্যুর দিনও অভিনয়ের প্রস্তুতিতেই ছিলেন সোহেল খান। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। ২৪ নভেম্বর সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন। ইউনিটের এক সদস্য তাকে ডাকতে হোটেলের কক্ষে গেলে বিছানায় পড়ে থাকতে দেখেন। সাড়া না পেয়ে অন্যদের ডাকেন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট। তার মৃত্যুর পর বন্ধ রাখা হয়েছে ‘নসিব’ সিনেমার শুটিং। সিনেমাটিতে সোহেল খানের অংশের কাজ শেষ হওয়ার কথা ছিল পরদিন। কিন্তু শেষ শটটি আর দেয়া হলো না তার। ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েই থেমে গেল অভিনয়জীবনের পথচলা।

এদিকে, শোবিজ অঙ্গনের অনেক তারকা শিল্পী ও নির্মাতারা শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন সামাজিকমাধ্যমে। আবার অনেকেই বিশ্বাসই করতে পারছেন না এই অভিনেতা আর নেই! কানাডা প্রবাসী অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘এটা কী শুনলাম!’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘সোহেল ভাই! পরলোকে শান্তিতে থাকুন। আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভিড় জমাচ্ছে।’

অভিনেতা—নির্মাতা কচি খন্দকার লিখেছেন, ‘প্রিয় সোহেল খানের মৃত্যু মেনে নেওয়া কঠিন। সেই ধারাবাহিক “এফডিসি” থেকে সর্বশেষ “আই লাভ মেট্রোরেল”, আমার অসংখ্য নির্মাণে ও অভিনয়ে যুক্ত ছিল সোহেল খান। তার সাথে সম্পর্কটি বন্ধুর, এই তো মাত্র ৫/৬ আগে ফোন দিয়েছিল আবার কবে একসাথে কাজ করব। সেই কাজ আর কোনো দিন হবে না, এটাই রিয়েলিটি। সোহেল খান তোমার স্মৃতিগুলো চিরদিন অম্লান হয়ে থাকবে। তার আত্মার শান্তি কামনা করি।’

সোহেল খানের একটি ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। অভিনেত্রী লিখেছেন, ‘এই মানুষটার সাথে দেখা হলে অনেক কথা বলত। সতীর্থকে দেখলেই বলত, ভাই আপনি তো আগে অনেক পান খাইতেন! যদিও সতীর্থ কোনো কালেই পান খেত না। কিন্তু তার মাথায় কেন যেন এটা আটকে ছিল। সকাল থেকে ফেসবুকে এই মানুষটির ছবিই দেখছি। অথচ আজ আর কোনো কথা হচ্ছে না! ব্যাপারটা অসাধারণ একজন অভিনেতার অভিনয় শিল্পেই মৃত্যু! আমরা শিল্পীরা এমনটাই চাই, যেন কাজটা করতে করতেই বিদায় নেই পৃথিবী থেকে। বিদায় সোহেল খান! আপনার আত্মার শান্তি কামনা করছি।’

সংগীতশিল্পী রবি চৌধুরী লিখেছেন, ‘শুটিং স্পটে মারা গেলেন অভিনেতা সোহেল খান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো মানুষ ছিলেন, দেখা হলেই বলত, “দাদা আমার এলাকায় গাইতে হবে কিন্তু আপনাকে।” আর যাওয়া হলো না। সোহেল ভাই, ভালো থাকবেন পরপারে।’ সোহেল খানের বিদেহী আত্মার শান্তি কামনা করে অভিনেত্রী মৌসুমী নাগ লিখেছেন, ‘শান্তিতে ঘুমান।’

তাছাড়াও চিত্রনায়ক শিপন মিত্র, জায়েদ খান, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, ইমু সিকদার, অভিনেতা মুকিত জাকারিয়াসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

Related Posts