নিউইয়র্ক সিটিতে মালিক যে বাড়িতে বাস করেন না || সেই বাড়ির প্রোপার্টি ট্যাক্সে সারচার্জ
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটিতে যেসব বাড়ির মালিকের একাধিক বাড়ি আছে, তারা যে বাড়িতে বাস করেন না সেসব বাড়ির ওপর প্রোপার্টি ট্যাক্সের ওপর নতুন সারচার্জ আরোপ করা হবে। বৃহস্পতিবার মেয়র জোহরান মামদানি ও ডিপার্টমেন্ট অব ফিনান্সের কমিশনার রিচার্ড লি এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ÔPied-a-terre’ ট্যাক্সের চিঠি ডাকযোগে পাঠনো হবে। এক থেকে তিন ফ্যামিলি বাড়ি, কন্ডোমিনিয়াম বা কো—অপের জন্য এই ট্যাক্স ধার্য করা হবে।
উল্লেখ্য জোহরান মামদানি গভর্নর ক্যাথি হকুলের সাথে বৈঠক করেই তিনি এই কথা ঘোষণা করলেন। এ বিষয়ে বাড়ির মালিকদের সহায়তা করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অব ফিনান্স একটি ডেডিকেটেড ওয়েবপেজ খুলেছে। ঠিকানাঃ nyc.gov/npsurcharge । এই প্রোপার্টি ট্যাক্স সারচার্জ বিষয়ে বাড়ির মালিকরা যা জানতে চান তা এই ওয়েবসাইট ভিজিট করলে জানা যাবে।
এই কর্মসূচী বাস্তবায়নের জন্য মেয়র মামদানির প্রশাসন অতিরিক্ত ১৩ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এর আগে এই ট্যাক্স সারচার্জের পূর্বাভাস দেন গত এপ্রিলে গভর্নর ক্যাথি হকুল ও মেয়র জোহরান মামদানি। সিটির বাজেট গ্যাপ পূরণের জন্য এই ট্যাক্স সারচার্জ আরোপের সিদ্ধান্ত নেয়া হয় বলে মেয়রের অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত সপ্তাহে নিউইয়র্ক টাইমস মেয়র মামদনির এই ‘সেকেন্ড হোম ট্যাক্সের’ পক্ষে সম্পাদকীয় লেখে।
