আইসের হাত থেকে নিউইয়র্কারদের সুরক্ষায় গভর্নর ও এটর্নি জেনারেলের কঠোর উদ্যোগ
বাঙালী প্রতিবেদনঃ শুক্রবার দুপুরে গভর্নর ক্যাথি হকুল এবং স্টেটের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস যৌথভাবে জানালেন ‘অফিস অব ইমিগ্রান্ট ট্রাস্ট’ (ঙওঞ) নামে একটি নতুন অফিস খোলার কথা। এই অফিস শুক্রবারেই নিউইয়র্কের ১২টি কাউন্টির আইন প্রয়োগকারী সংস্থার কাছে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছে তারা যেন আগামী ২৫ আগস্টের মধ্যে স্টেটের আইন মোতাবেক ইউএস ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) সাথে যে ২৮৭(ম) চুক্তি আছে তা বাতিল করে। উল্লেখ্য নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডের ন্যাসাউ, সাফোকসহ অন্য ১০টি কাউন্টির এক্সিকিউটিভ রিপাবলিকান হওয়ায় তারা আইসের সাথে উক্ত চুক্তি (২৮৭(ম)) করে। যে চুক্তিতে আইসকে তাদের অভিযান চালানোর অনুমতি দেয়া হয়েছে। তিনি বলেন নতুন অফিস খোলার নির্দেশে গত ২৭ মে স্বাক্ষর করেন গভর্নর ক্যাথি হকুল।
তারা জানান, অফিস অব ইমিগ্রান্ট ট্রাস্ট নিউইয়র্ক স্টেটের ইমিগ্রান্টদের রক্ষা করার পাশাপাশি জনগণের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং ফেডারেল সিভিল ইমিগ্রেশন আইন প্রয়োগ সীমিত করবে। নিউইয়র্ক স্টেটের আইন না মানলে সে ব্যাপারে যথাযখ আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান। তিনি বলেন, যখন প্রতিটি কম্যুনিটি তাদের প্রতিষ্ঠানসমূহের ওপর আস্থা রাখতে সক্ষম হয়, তখন নিউইয়র্ক শক্তিশালী হয়ে ওঠে। তিনি জানান, নিউইয়র্কের স্কুল, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যেন ফেডারেল এজেন্টরা ভীতি সঞ্চার না করে। আমার অফিস নিউইয়র্কের ইমিগ্রান্টদের পাশে থাকবে এবং যারা আইন ভঙ্গ করবে তাদের জবাবদিহিতার মুখোমুখি করা হবে।
গভর্নর ক্যাথি হকুল বলেন, আমার টপ প্রায়োরিটি হলো, নিউইয়র্কারদের নিরাপত্তা দেয়া। কেউ আইনের উর্ধে নয়।
