ঘাড়ব্যথা কি রক্তচাপ বাড়ার লক্ষণ?

ডা. সাইফ হোসেন খানঃ ঘাড়ব্যথা হলে আমরা চিন্তিত হয়ে পড়ি, নিশ্চয়ই প্রেশার বেড়েছে। উচ্চ রক্তচাপ হলে কারও কারও ঘাড়ব্যথা বা ঘাড়ের কাছে একটা অস্বস্তি হতে পারে, তবে তার মানে কি এই যে ঘাড়ব্যথা মানেই উচ্চ রক্তচাপ?

ঘাড়ব্যথা কিন্তু নানা কারণে হতে পারে। তবে সচরাচর যে কয়েকটি কারণ দেখা যায়, সেসব নিয়ে আগে চিন্তা করতে হবে। যেমন

ঘাড়ে আঘাত পাওয়া।

অনেক সময় ঘাড়ের মাংসপেশির টান খাওয়ার কারণে ব্যথা হয়। বেকায়দায় ঘুমালে বা ভুল দেহভঙ্গির কারণে এমন প্রায়ই ঘটে। 

মানসিক চাপ বা অতিরিক্ত টেনশন।

সারভিকেল স্পাইনের অর্থাৎ ঘাড়ের হাড়ের বিভিন্ন সমস্যা, যেমন স্পন্ডালাইটিস।

বিভিন্ন বাতজনিত রোগ, যেমন আথ্রর্াইটিসের ব্যথা।

ছাড়া বিভিন্ন সংক্রমণ বা ইনফেকশন, এমনকি টিউমার থেকেও ঘাড়ব্যথা হতে পারে, যদিও তা তুলনামূলকভাবে বিরল। 

কেন হয় ঘাড়ব্যথা

বয়স হলে ঘাড়ের টিস্যু ক্ষয় হয়ে যায়। দীর্ঘদিন ধরে ল্যাপটপের সামনে বসে যাঁরা কাজ করেন, তাঁদের সমস্যা বেশি হয়। এর কারণে ঘাড়ের মধ্যকার হাড়ে ফাঁক থেকে যায়। যাঁদের সারভাইকাল স্পন্ডেলাইটিস (ঘাড়ে মেরুদণ্ডের অংশে হাড়ক্ষয়) রয়েছে, তাঁদেরও ঘাড়ে ব্যথা হতে পারে।

কোনো কারণে স্পাইনাল কর্ডের কোনো টিস্যু ফুলে গেলে স্লিপ ডিস্ক হতে পারে। সেখান থেকেও ঘাড়ে ব্যথা হয়।

কোনো দুর্ঘটনায় ঘাড়ে আঘাত পেলে সেই ব্যথা বহুদিন স্থায়ী হয়। পেশিতে টান লাগলে মাঝেমধ্যেই তখন ব্যথা বাড়ে।

বসার ভঙ্গিতে ত্রুটি থাকলে ঘাড়ে ব্যথা হতে পারে। বাঁকাভাবে শুয়ে থাকলে ঘাড়ে চাপ পড়ে, সেখান থেকেও ঘাড়ব্যথা হতে পারে। ধরনের সমস্যা হলে অন্যদিকে ঘাড় ঘোরানো অসম্ভব হয়ে পড়ে।

মানসিক অবসাদ দুশ্চিন্তা থেকেও ঘাড়ের ব্যথা হতে পারে।

অনেক সময় বিছানায় শুয়ে বই পড়া, টিভি দেখা বা উপুড় হয়ে ল্যাপটপে কাজ করা থেকেও ঘাড়ের পেশিতে টান লেগে ব্যথা হয়।

উচ্চ রক্তচাপ ঘাড়ব্যথা

উচ্চ রক্তচাপে কেবল ঘাড়ব্যথা কেন, কোনো উপসর্গ না থাকতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই এটি উপসর্গবিহীন। তবে একজন উচ্চ রক্তচাপের রোগীর কিছু লক্ষণ থাকতে পারে, যেমন মাথাব্যথা, শারীরিক অস্বস্তি, মাথা ঘোরা, ঘাড়ব্যথাও হতে পারে। তবে উপসর্গের মাধ্যমে উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়ার হার খুব কম। যেকোনো পূর্ণ বয়সী ব্যক্তির নিয়মিত রক্তচাপ মাপা উচিত। বেশির ভাগ উচ্চ রক্তচাপ মাপতে গিয়েই ধরা পড়ে। তাই কোনো লক্ষণ থাকুক আর না থাকুক, নিয়মিত প্রেশার মাপার যন্ত্রে উচ্চ রক্তচাপ পাওয়া গেলে অবশ্যই চিকিৎসার প্রয়োজন।

আবার অনেকে আছেন অস্বস্তি বা ঘাড়ব্যথা হলে প্রেশার বেড়েছে ভেবে ওষুধ খান, আবার প্রেশার কম থাকলে ওষুধ খান না। এভাবে পরামর্শ ছাড়া ওষুধ সেবন ঝুঁকিপূর্ণ। অতএব, এটা বলা চলে, ঘাড়ব্যথা মানেই উচ্চ রক্তচাপ নয়।

Related Posts