জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো || সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
নিউইয়র্ক (ইউএনএ)ঃ নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড (এসএইউপি)। গত ৯ আগস্ট রবিবার দুপুরে জ্যাকসন হাইটস এলাকার ৩৭ এভেন্যুর ওপর ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত রাস্তায় এই প্যারেডের আয়োজন করা হয়। ‘এক অঞ্চল এক সংস্কৃতি এক ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠিত প্যারেডে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের প্রবাসী জনগণের মধ্যকার ঐক্য, স¤প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য জোরদার করার পাশাপাশি দেশগুলোর শিল্প—সংস্কৃতি আমেরিকানদের মাঝে তুলে ধরাই ছিলো মূল লক্ষ্য। তবে প্যারেডে সংশ্লিষ্ট দেশগুলোর অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো কম। যা আয়োজকসহ কমিউনিটিকে হতাশ করেছে। প্যারেডটির আয়োজক সংগঠন ছিলো বাংলাদেশ সোসাইটি ইনক। পাশাপাশি প্যারেডের পুরো আয়োজন ছিল অগোছালো, বিশৃঙ্খল। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা থাকলেও তাও হয়নি।
সকাল ৯টায় প্যারেড শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক পরে জ্যাকসন হাইটসের ৩৭ এভেন্যুর ৬৯ স্ট্রিট থেকে প্যারেডের কর্মকান্ড শুরু হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও প্যারেডের গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ। বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ড সদস্য আজহারুল হক মিলন, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, ডেমোক্রেটিক পার্টির মূলধারার রাজনীতিক হাইরাম মানসেরাত সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচালনা করেন প্যারেড কমিটির প্রধান সমন্বয়কারী শাহ শহিদুল হক। মূল পর্ব উপস্থপনায় ছিলেন সোনিয়া শারমীন।
প্যারেড অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানিকে ‘প্যারেড অ্যাম্বাসেডর’ হিসেবে উল্লেখ এবং কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভ্যান রিচার্ডস (জুনিয়র) এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজকে বিশেষ সম্মানিত অতিথি ঘোষণা করা হলেও তারা ছিলেন অনুপস্থিত। এছাড়াও পোস্টারে যে সব অতিথি ও শিল্পীদের নাম ছিল তাদের সিংহভাগ ব্যক্তিকে প্যারেডে অনুপস্থিত দেখা যায়। প্যারেডে গেস্ট অব অনার ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটনীর্ মঈন চৌধুরী।
প্রচন্ড রোদ আর গরম উপেক্ষা করে নিউইয়র্ক পুলিশ বিভাগের দুটি অশ্বারোহীর নেতৃত্বে প্যারেড শুরু হয়। এনওয়াইপিডি’র ব্যান্ড দলের বাজনার তালে তালে প্যারেড শুরু হয়। প্যারেডে বাংলাদেশী সংগঠন ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিস, ইয়ুথ ফর দ্য ইয়ুথ, কুষ্টিয়া জেলা সমিতি, বগুড়া সোসাইটি ইউএসএ, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (একাংশ), বাংলাদেশ আমেরিকান সোসাইটি, প্রবাসী মতলব সমিতি, হৃদয়বীনা সঙ্গীত নিকেতন, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, এনওয়াই সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, লায়ন্স ক্লাব এবং নবাবগঞ্জ এসোসিয়েশন ছাড়াও নেপালের ‘গিরিজা প্রসাদ কৈরালা ফাউন্ডেশন’, ও পাকিস্তানী মালিকানাধীন রেস্টুরেন্ট জ্যাকসন হাইটসের ‘ডেরা রেস্টুরেন্ট’ এর ব্যানার নিয়ে সংশ্লিষ্টদের প্যারেডে অংশ নিতে দেখা যায়। আরো ছিলো নিউইয়র্ক পুলিশ ব্যান্ড, এনওয়াইপিডি দেশী। অংশগ্রহণকারী অনেকেরই হাতে ছিলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা। এছাড়াও সংশ্লিষ্ট দেশের অংশগ্রহণকারীরা স্ব স্ব দেশের পতাকা বহন করেন।
প্যারেডে ফ্লোট ছিল ৯টি। এগুলো হচ্ছে— বাংলাদেশ সোসাইটি, অ্যল কাউন্টি হোমকেয়ার, হাজিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, জ্যাকসন হাইটস এলাকাবাসী, ডেরা রেস্টুরেন্ট, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক, গোল্ডেন এজ হোমকেয়ার, অ্যাটর্নি মঈন চৌধুরী এবং চ্যানেল আই।
