বিশ্বের সেরা ৩ দলের বিপক্ষে হাসানের যে অর্জন
স্পোর্টস প্রতিবেদনঃ ক্রিকেট বিশ্বের এই সময়ের সেরা দলগুলোর মধ্যে অন্যতম ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী এই তিন দলের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট শিকারের নজির গড়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশ দলের এই তারকা পেসার আজ বৃহস্পতিবার ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছেন। তার গতির শিকার হয়ে ১৯৮ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। হাসান মাহমুদ ৫৫ রানে ৬ উইকেট শিকার করেন। এর আগে এশিয়ার দুই ক্রিকেটপরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে ফাইফার নেন হাসান মাহমুদ। এব্যাপারে জাতীয় দলের এই তারকা পেসার বলেন, ভারত, ‘৩টি ফাইফারকেই সেরা অর্জন বলব। বিশ্বের সেরা ৩ দলের বিরুদ্ধে আমি ফাইফার পেয়েছি।’
অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো সংস্করণে কোনো বাংলাদেশি বোলারের এটাই প্রথম পাঁচ উইকেটের কীর্তি। টেস্টে তৃতীয়বারের মতো পাঁচ বা তার বেশি উইকেট পেলেন তিনি। এর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষেও ফাইফার পেয়েছিলেন হাসান। দিন শেষে নিজের সাফল্যের পেছনে সতীর্থদের কৃতিত্বই বেশি দেখছেন ২৬ বছর বয়সী এই পেসার। পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে হাসান বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে বোলিংয়ের কাজটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং। গত কয়েক দিনের প্রস্তুতির ব্যাপারে বলব, বেশ ভালো প্রস্তুতি ছিল। আমার মনে হয় বোলাররা খুব ভালো অনুশীলন করেছে। তাসকিন এবং ইবাদত খুবই ভালো বল করেছে।’
ছয় উইকেটের মধ্যে কোনটি সবচেয়ে বেশি মনে থাকবে, এমন প্রশ্নেও শুরুতে সবগুলো উইকেটকেই সমান গুরুত্ব দিয়েছেন হাসান। তবে পরে আলাদা করে বলেছেন স্টিভেন স্মিথের উইকেটটির কথা, ‘আমার মনে হয় সবগুলো উইকেটই স্পেশাল। ৫টা না হলে তো ৫ উইকেট হত না। সকাল থেকে মাঠে যে এফোর্ট দিয়ে গেছে সবাই, তাদেরকে কৃতিত্ব দিতে চাই। অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। তবে স্মিথের উইকেটটা বলব (বেশি স্পেশাল)। কারণ সে প্রেডিক্ট করতে পারছিল না যে আমি কী করব। আমার মনে হচ্ছিল যে সে কিছু একটা করতে যাবে। তো আমি বাউন্সার দিলে সে মিস করেছে।’
হাসানের বোলিং যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও মুগ্ধ করেছে, সেটিও জানা গেল তাঁর কথায়, “ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলেছিল, ‘খুব ভালো বোলিং করছ’। নাথান লায়ন বললো, ‘তোমার কয়টা ফাইফার হয়েছে?’ উইকেট শুরুতে কিছুটা ময়েশ্চার ছিল পরে সফট ছিল। আমাদের প্ল্যান ছিল আমরা শৃঙ্খলা ধরে রেখে জুটি বেঁধে বল করব এবং সেটা পেরেছি।’
