দীপা দেবনাথের একক প্রদর্শনী || নারীর চোখ স্মৃতি সময় নিয়ে নতুন চিন্তার প্রকাশ
ড. জীবন বিশ্বাসঃ গভর্নর্স আইল্যান্ডে নোলান পার্কের গ্যালারিতে বাংলাদেশী—আমেরিকান শিল্পী দীপা দেবনাথ মানুষের দৃষ্টিকে রূপ দিয়েছেন স্মৃতির এক স্বতন্ত্র ভাষায়। তাঁর প্রথম একক শিল্পপ্রদর্শনী ‘স্টোরিজ উইদিন হার গেইজ’ অনুষ্ঠিত হয় ১৫ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত। বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচির অধীনে। প্রদর্শনীটি কিউরেটিং করেছেন কায়সার কামাল। প্রকাশিত ক্যাটালগে স্থান পেয়েছে ২২টি শিল্পকর্ম, যার অধিকাংশই অ্যাক্রিলিক অন ক্যানভাস; এবং যেগুলোর পুনরাবৃত্ত মোটিফ হলো চোখ, ঘড়ি, নারী, ঢেউ, স্মৃতি, সংগ্রাম ও পুনর্জন্ম।
এই প্রথম একক প্রদর্শনীর আগেই দীপা নিউইয়র্কের বাংলাদেশী—আমেরিকান শিল্পপরিসরে দৃশ্যমান হয়ে উঠেছিলেন। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাঙালী জুলাই মাসে গভর্নর্স আইল্যান্ডে অনুষ্ঠিত বিএএএফ—এর দ্বাদশ আর্ট ক্যাম্পের অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে তাঁর নাম উল্লেখ করেছে। এ বছরের শুরুতে লং আইল্যান্ড সিটিতে অনুষ্ঠিত দুই ডজনেরও বেশি শিল্পীর যৌথ প্রদর্শনীতেও কায়সার কামাল ও জেবুন্নেসা কামালের সঙ্গে বাংলাদেশী—আমেরিকান শিল্পী হিসেবে তাঁর কাজ স্থান পেয়েছিল।
দীপার শিল্পশিক্ষা ও কর্মজীবনের বিস্তার চারুকলা, নকশা ও প্রয়োগশিল্পের বিভিন্ন ক্ষেত্রে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় মাস্টার্স সম্পন্ন করেছেন এবং ফ্যাশন ডিজাইনে ডিপ্লোমা করেছেন। বাংলাদেশ ছাড়াও জাপান ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
স্টোরিজ উইদিন হার গেইজ এর ভাবগত কেন্দ্র একেবারেই স্পষ্টÑচোখ। প্রদর্শনীর ক্যাটালগে চোখকে বলা হয়েছে দীপার ছবির সেন্ট্রাল ল্যাংগুয়েজÑ যে দৃষ্টি বহন করে স্মৃতি, স্বপ্ন, প্রশ্ন, ভঙ্গুরতা ও শক্তি। মুখ নীরব থাকলেও চোখ যেন কথা বলে। ফলে তাঁর নারীরা নিছক প্রতিকৃতি নয়। তারা দেখে, মনে রাখে, সহ্য করে, সময় মাপে এবং সমাজ আরোপিত ভূমিকাগুলোর সঙ্গে অবিরত বোঝাপড়া করে।
২০২৫ সালে আঁকা দীপার চারটি ব্লু ওয়েভ চিত্র প্রদর্শনীর আবেগগত একটি বিমূর্ত প্রস্তাবনা নির্মাণ করে। ব্লু ওয়েভ ওয়ান—এ অন্ধকার জলরাশি ও সাদা উত্তাল রেখা সংঘর্ষ ও টিকে থাকার অনুভব তৈরি করে। ব্লু ওয়েভ টু—তে কালো প্রবাহের পাশে উজ্জ্বল নীল যেন অস্থিরতা থেকে আলোর দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। ব্লু ওয়েভ থ্রি অপেক্ষাকৃত মুক্ত ও প্রসারিতÑতার ফিরোজা প্রবাহে আছে মুক্তি ও নবযাত্রার অনুভূতি। আর ব্লু ওয়েভ ফোর—এর গাঢ় বৃত্তাকার তরঙ্গ অনেক বেশি অন্তর্মুখীÑযেন বাইরের ঝড় শেষে মানুষের ভেতর প্রতিধ্বনি হয়ে ফিরে এসেছে। এগুলো কেবল সমুদ্রের দৃশ্য নয়, বরং অস্থিরতা, সহিষ্ণুতা, পরিবর্তন ও পুনরুদ্ধারের এক ধরনের মনস্তাত্ত্বিক আবহাওয়া।
সেই পরিবর্তনের ভাষা আরও স্পষ্ট রিবার্থ ওয়ান ও রিবার্থ টু—এ। রিবার্থ ওয়ান—এ একটি চোখকে ঘিরে রয়েছে বৃত্তাকার, প্রায় যান্ত্রিক কাঠামো—যেন মানবচেতনার সঙ্গে দৈনন্দিন যান্ত্রিকতার সংঘাত। রিবার্থ টু—এ সেই চোখের সঙ্গে যুক্ত হয়েছে ডানা বা পাপড়ির মতো জৈব বিস্তার, দৃষ্টি এখানে রূপান্তরের প্রতীক। প্রথমটি আবদ্ধতা, দ্বিতীয়টি মুক্তির সম্ভাবনা। ক্যাটালগের একটি মর্মস্পর্শী বাক্যের সঙ্গে এদের সম্পর্ক গভীর—একজন নারী পৃথিবীর ভেতর যন্ত্রের মতো চলতে পারেন, তবু তাঁর চোখ স্বপ্ন দেখতে ভোলে না।
একাধিক চিত্রে সময় এমন এক শক্তি, যার মধ্যে নারী শুধু বসবাস করে নাÑতাকে নিজের দেহ ও চেতনায় বহনও করে। হার একো ওয়ান—এ চোখের মণি ও ঘড়ি একাকার হয়ে দৃষ্টি ও সময়কে একই প্রতীকে যুক্ত করেছে। হার একো টু—এ সময়ের বৃত্তের মধ্যে আংশিক আচ্ছাদিত নারী—মুখ পরিচয়ের ওপর সামাজিক প্রত্যাশা ও সময়ের চাপের ইঙ্গিত দেয়। হর একো থ্রি অপেক্ষাকৃত ধ্যানমগ্ন; অলংকৃত নারীমূর্তির অন্তর্মুখিতা উত্তরাধিকার ও নীরব স্মৃতির অনুভব জাগায়। হর একো ফোর—এ বৃহৎ চোখ, ঘড়ির চিহ্ন এবং ভাঙাচোরা নগর—টেক্সচার আধুনিক জীবনের এক অবিরাম সতর্কতাকে তুলে ধরে। আর দ্য আই অফ টাইম ওয়ান—এ ঘড়িটিই যেন চোখে পরিণত হয়েছেÑআমরা যেমন সময়কে দেখি, সময়ও যেন তেমনি আমাদের দেখে।
প্রতিকৃতিগুলো এই দৃষ্টিভাষাকে আরও ঘনীভূত করে। হার গেইজ ওয়ান—এর বড় চোখ ও উষ্ণ হলুদ—খার রং নারী—পরিচয়কে সাংস্কৃতিক স্মৃতির সঙ্গে যুক্ত করে। হর গেইজ টু গভীর নীল ও সংযত রেখায় আরও বিষণ্ণ, আরও আত্মমগ্ন। হার স্ট্রেনথ—এ নারীমুখ জ্যামিতিক আকারে ভেঙে গেলেও সেই ভাঙন থেকেই যেন আত্মসংযম ও শক্তি নির্মিত হয়েছে। হার টাইম টু ব্স্নুম—এ ঘড়ি ও পদ্মসদৃশ চিহ্নের ভেতর নারীর বিকাশকে সামাজিক সময়সূচির বদলে নিজস্ব পরিপক্বতার ভাষায় দেখা যায়। আর হার ড্রিম ৩০ বাই ৩০ ইঞ্চির রঙদীপ্ত প্রতিকৃতিÑনারীকে সামাজিক ভূমিকার চেয়ে বড় করে তার নিজস্ব আকাক্সক্ষা ও স্বপ্নকে সামনে নিয়ে আসে।
দীপার অপেক্ষাকৃত গাঢ় চিত্রগুলো রূপান্তরের মূল্য নিয়ে কথা বলে। ২০২৫ সালের অ্যাক্রিলিক—অন—পেপার হার এ্যাশেস—এ কালো, ধূসর ও দহনময় লালের মধ্যে আংশিক উদ্ভাসিত মুখটি বিনাশের চেয়ে বরং ক্ষয়ের পর আত্মপরিচয় পুনর্গঠনের অনুভূতি সৃষ্টি করে। হার পিস অব ডেথ—এ গুটিয়ে বসা একাকী নারীদেহ নিঃসঙ্গতা, ভঙ্গুরতা ও অন্তর্গত আশ্রয়ের এক সংক্ষিপ্ত অথচ শক্তিশালী রূপক। প্লেইং উইথ ফিয়ার—এ নারীকে ঘিরে থাকা সর্পিল লাল ও অন্ধকার রেখাগুলো ভয়ের উপস্থিতি তৈরি করলেও তিনি যেন তা থেকে পালাচ্ছেন নাÑবরং তার মুখোমুখি হচ্ছেন। কিপার অব স্টোরিজ আবার স্মৃতির প্রসঙ্গে ফিরে আসে, এখানে নারী কেবল ইতিহাসের বিষয় নন, তিনি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত গল্পের রক্ষকও।
সবশেষে এবানডনমেন্ট অব উয়োম্যঅনহুড এবং ব্লোজম অব উয়োম্যানহুডÑ উভয়ই ১২ বাই ২৪ ইঞ্চির ক্যানভাস—একটি তাৎপর্যপূর্ণ দ্বৈত রচনা হিসেবে পড়া যায়। প্রথমটিতে ক্লান্তি, বিচ্ছিন্নতা অথবা সামাজিকভাবে নির্ধারিত নারীত্বের আবরণ ত্যাগের অনুভূতি রয়েছে; দ্বিতীয়টি তার উত্তরে দেহ, রং ও নতুন উন্মেষের ভাষা সৃষ্টি করে। পাশাপাশি রাখলে দুটির বক্তব্য যেন স্পষ্ট হয়: নারীত্ব কোনো স্থির সংজ্ঞা নয়; এটি বারবার হারানো, ফিরে পাওয়া এবং নতুন করে নির্মিত হওয়ার অভিজ্ঞতা।
দীপা দেবনাথের প্রথম একক প্রদর্শনীর বিশেষত্ব শুধু কারিগরি বৈচিত্র্যে নয়, বরং তার দৃশ্যভাষার আশ্চর্য সংহতিতে। চোখ বারবার ফিরে আসে, কিন্তু কখনো একই অর্থে নয়। কোথাও তা প্রহরী, কোথাও শোকাহত; কোথাও ঘড়ি, কোথাও সাক্ষী; কখনো ক্ষত, আবার কখনো পুনর্জন্মের দরজা। তাঁর শক্তিশালী কাজগুলো সহজ ব্যাখ্যার কাছে আত্মসমর্পণ করে না; নীরবতাকেও অর্থের একটি অংশ হয়ে থাকতে দেয়।
এই কারণেই স্টোরিজ উইদিন হার গেইজ প্রথম একক প্রদর্শনী হিসেবে একটি সুস্পষ্ট শিল্পঘোষণা। নোলান পার্কের গ্যালারিতে দীপা দর্শককে নারী—মুখের দৃশ্যমান পৃষ্ঠ অতিক্রম করে দেখতে আহ্বান করেন—স্থিরতার আড়ালের ইতিহাস, সাহসের নিচে চাপা ভয়, স্মৃতিতে জমা সময় এবং দৈনন্দিন যান্ত্রিকতার গভীরে বেঁচে থাকা স্বপ্নকে। তাঁর নারীরা শুধু দর্শকের দিকে তাকায় না, তারা মনে করিয়ে দেয়—দেখাও এক ধরনের স্মরণ।
