অপরাহ্ণ সুসমিতোর কবিতা একটা মৃত্যুর জন্য এক জীবন

দরজা আমার একটাই।

যেটা দিয়ে ঘরে প্রবেশ করি আবার সেটা তালা বেঁধে বাইরে যাই।


ঘরে আমার একটা চামচ, যেটা দিয়ে ভাত তুলি,

চামচের গা থেকে হাত দিয়ে লেগে থাকা ভাত সরিয়ে আবার সেই চামচ দিয়ে ডাল 

নিই।

কখনও গরম ঝোল বা এক দরকারি তরকারি।


আমার জুতা একটা মানে এক জোড়া, বৃষ্টিতে বাঁচিয়ে চলি, সাবধানে রাস্তা পার হই 

যেন খানাখন্দে না পড়ে যাই। শীতের একটা জ্যাকেট দিয়ে শীত অতিক্রান্ত করি। 

সাবধানে চেইন লাগাই যাতে চেইন কোথাও আটকে না যায়। জীবন তো বারে বারে 

আটকায়।


শহরের একটা মাত্র কফিশপ চিনি, কফিশপের একটা মেয়েকেই চিনি; সে রেশমা।

তাকে দেখামাত্র একবারই হাসি বিনিময় করি। রেশমা জানে আমি কালো কফি পান 

করি।

খিদে পেলে কখনও সাথে একটা ক্যারটমাফিন।


বাসা থেকে উপার্জনের জায়গায় যাবার রাস্তা একটা খুব ভালোভাবে চিনি, বৃষ্টি হলে 

একটা ছাতাই মাথায় তুলে ধরি, মাথা নিচু করে হাঁটি। হাঁটার পথ যেন ফুরায় না।


সহকর্মীরা আমার সাথে সকালে একবার হ্যালো, বিকেলে বাড়ি ফেরার ক্ষণে 

আরেকবার সম্ভাষণ জানায়। বাসায় এসে দাঁড়িয়ে গরম ভাত খাই।


যে একটা আমার সুন্দর চেয়ার আছে সেখানে বইপত্র ঠাসা; সরাতে মন যায় না। 

এই একটা মাত্র আলসেমিই আমার বিলাসিতা।


রাশিয়া ইউক্রেনের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারলে আমার প্রতিক্রিয়া হয় 

না, একটা দেশের প্রেসিডেন্টকে হাতকড়া পরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উড়িয়ে আনতে 

পারে। আমেরিকা সব পারার দ্যাশ। এইসব পড়ার পর আমার একমাত্র চশমাটা খুলে 

রাখি পাশে।


একটা দীর্ঘশ্বাস ছাড়ি।


আমার একটা মা আছেন। যাকে দেখার জন্যই আমি এক প্রবাসজীবন বাঁচি।


খাবার গরম করার একটা মাইক্রোওভেন, একটা মাত্র সোনালি কাপ, একটা টেবিল 

ল্যাম্প, পিঠ চুলকানোর চাইনিজ একটা কাঠের আঙুললাঠি, দাঁত মাজার একটা ব্রাশ

দেয়ালে ঝোলানো যামিনী রায়ের একটা সেকেলে পেইন্টিং, ঘরের একটা মাত্র বাতি 

জ্বালালে আমাকে ফ্যাকাশে দেখায়।


মেঝেতে রাখা একটা মাত্র ম্যাট্রেস, খুব ছোট। এপাশ ওপাশ করলে গড়িয়ে পড়ি। 

এখানেই আমি ঘুমিয়ে পড়ি, জাগি। স্বপ্ন বানাই। 


কারো প্রতিই আমার রাগ হয় না, ঘৃণা হয় না।


একবারই আমি মেক্সিকো গিয়েছিলাম, সস্তা দেখে একটা সেমব্রেরো টুপি 

কিনেছিলাম। দেয়ালে একটা পেরেক মেরে টুপিটা ঝুলিয়ে রাখি। প্রিয় নায়ক আমার 

একজনই; ক্লিন্ট ইস্টউড।


টুপিটা দেখে ঘুমানোর আগে আমার ঠোঁটের কোণায় এই নায়কটার মতোই এক 

চিলতে হাসি খেলে যায় আলোছায়ায়;

ভালো করেই জানি যে একটা মাত্র মৃত্যুর জন্য আমি এই একটা জীবন বাঁচি।


Related Posts