২০২৭ সালে সে দেশে কর্মরত || ১ লক্ষ বিদেশীকে স্থায়ী করবে ক্যানাডা

বিশেষ প্রতিবেদনঃ ইমিগ্রেশনডটসিএ বলছে, ক্যানাডা তার প্রদেশগুলোতে ১০০,০০০ ওয়ার্কারকে আগামী বছর সপরিবার বসবাসের সুযোগ দেবে। সেখানকার ইমিগ্রেশন লইয়ার কলিন আর. সিংগার ইমিগ্রেশন বিষয়ক মন্ত্রী লেনা মেটলেজ ডিয়াবের বরাত দিয়ে লিখেছেন, ২০২৬ সালের বাজেটে এই ব্যবস্থা রাখা হয়েছে। এই বাজেট ঘোষিত হয় ১২ নভেম্বর। মন্ত্রী লেনা জানান, প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে বিদেশী ওয়ার্কারদের এই সুযোগ দেয়া হবে। কারণ তারা ক্যানাডার কম্যুনিটিতে নিজেদের মানিয়ে নিয়েছেন। নিজ নিজ প্রদেশের লেবার মার্কেটের চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশনের অনুমোদন দেয়া হবে। 

প্রকাশিত খবরে বলা হয়েছে, কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের জন্য স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন এই পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।
এ লক্ষ্যে দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত ইমিগ্রেশন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক ইমিগ্রেশন উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ১২ নভেম্বর দেশটির ইমিগ্রেশনমন্ত্রী লেনা মেটলেজ ডিয়াব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরে ২৪ নভেম্বর সোমবার ইমিগ্রেশনবিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশনডটসিএ—তে প্রকাশিত প্রতিবেদনে পরিকল্পনার বিভিন্ন দিক জানানো হয়।

নতুন ব্যবস্থায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) মাধ্যমে অতিরিক্ত ইমিগ্রেশন বরাদ্দ দেওয়া হবে। এর ফলে কানাডার বিভিন্ন অঞ্চলে আগে থেকেই বসবাস ও কাজ করছেন, এমন বিদেশি কর্মীদের স্থায়ী হওয়ার পথ সহজ হতে পারে।

তবে কতজনকে মনোনয়ন দেওয়া হবে, তা সংশ্লিষ্ট প্রদেশ ও অঞ্চল নিজেদের শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে নির্ধারণ করবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে সরকারের।

কারা এই সুযোগ পেতে পারেন?

এই উদ্যোগের মূল লক্ষ্য কানাডায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন এমন বিদেশি কর্মীরা। স্থানীয় শ্রমবাজারে যেসব কর্মীর চাহিদা রয়েছে এবং যারা প্রাদেশিক মনোনয়ন বা অন্য কোনো স্থায়ী বসবাসের কর্মসূচির শর্ত পূরণ করতে পারবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

এ ক্ষেত্রে যোগ্য কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। তবে কানাডায় চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। এখন পর্যন্ত এ উদ্যোগের আওতায় সবার জন্য প্রযোজ্য নির্দিষ্ট যোগ্যতার তালিকা প্রকাশ করেনি সরকার।

আবেদনের সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

কানাডার ইমিগ্রেশন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

তবে এই তারিখকে সবার জন্য স্থায়ী বসবাসের আবেদন জমা দেওয়ার শেষ সময় হিসেবে বিবেচনা করা যাবে না। কারণ, প্রদেশভেদে মনোনয়ন ও আবেদনপ্রক্রিয়া ভিন্ন। কোথাও আগ্রহপত্রের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়, আবার কোথাও নিয়োগকর্তার সহায়তায় আবেদন নেওয়া হয়।

আগে আবেদনকারীদের জন্যও রয়েছে সুযোগ

নতুন উদ্যোগে স্থায়ী বসবাসের জন্য আবেদন করে অপেক্ষায় থাকা কিছু বিদেশি কর্মীকেও বিবেচনা করা হবে। তাদের মধ্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট—আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তি, কৃষি—খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী কর্মসূচির আবেদনকারীরা রয়েছেন।

তবে এসব বন্ধ হয়ে যাওয়া কর্মসূচিতে নতুন করে আবেদন গ্রহণ শুরু হচ্ছে না। বরং আগে আবেদন করা যোগ্য ব্যক্তিদের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

Related Posts