কুইন্সে মুক্তি পেল প্রেসার কুকার
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকা ভিত্তিক প্রযোজক ও পরিবেশক বায়োস্কোপ ফিল্মস’র আমেরিকায় মুক্তি পাওয়া ৫৪তম চলচ্চিত্র বাংলাদেশে বিপুল সাড়া জাগানো প্রেসার কুকার নিউইয়র্কে মুক্তি পেল গতকাল শুক্রবার। কুইন্সের কিউ গার্ডেন্স সিনেমায় প্রথম দিন ছিল তিনটি প্রদর্শনী। শেষ প্রদর্শনী সন্ধ্যা ৮টায় প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন প্রেসার কুকারের পরিচালক নির্মাতা রায়হান রাফি এবং ছবির প্রযোজক ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর। ছবির শেষে তারা দুজনসহ বায়োস্কোপ ফিল্মস’র নওশাবা রুবনা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য এই ছবিতে ঢাকাকে নারীদের জন্য প্রেসার কুকারের সাথে তুলনা করে এর থেকে বেরিয়ে আসার পথ উন্মোচনের পথ নির্দেশনা দেয়ার চেষ্টা করা হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন নাজফিয়া টুশি, শবনম বুবলি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
নিউইয়র্কে মুক্তি উপলক্ষে গত বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রায়হান রাফিসহ নওশাবা রুবনা, এটিভির প্রধান আকাশ রহমান, আইবিটিভির জাকারিয়া মাসুদ জিকো, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, চ্যানেল আইএর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন তানভির তারেক।
প্রেসার কুকার কিউ গার্ডেন্স সিনেমায় চলবে আগামী ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত। আজ শনিবার হবে তিনটি প্রদর্শনী বেলা ১টা, ৪:২০ মিনিট ও ৭:৪৫ মিনিটে, রবিবার ১৭ মে একইভাবে তিনটি প্রদর্শনী হবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন হবে দুটি প্রদর্শনী দুপুর ৩টায় ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে।
কিউ গার্ডেন্স সিনেমাস’র ঠিকানাঃ ৮১০৫ লেফার্টস বুলোভার্ড, কিউ গার্ডেন্স, নিউইয়র্ক ১১৪১৫।
