সুস্থ মানুষের কেন হার্ট অ্যাটাক হয়
হার্ট অ্যাটাকের ঝুঁকি শুধু অতিরিক্ত ওজন, ধূমপান বা শরীরচর্চার অভাবের সঙ্গে সম্পর্কিত নয়। নিয়মিত ব্যায়াম করেন, ওজন স্বাভাবিক এবং স্বাস্থ্যকর খাবার খান এমন ব্যক্তিরও হার্ট অ্যাটাক হতে পারে। এর পেছনে অন্যতম কারণ হতে পারে শরীরে নীরবে বেড়ে চলা উচ্চ কোলেস্টেরল।
বিশেষজ্ঞদের মতে, বাহ্যিকভাবে সুস্থ ও ফিট দেখালেই হৃদ্যন্ত্র সুস্থ আছে, এমন নিশ্চয়তা নেই। অনেকের শরীরে দীর্ঘদিন ধরে কোলেস্টেরল জমতে থাকলেও এর কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না। একপর্যায়ে ধমনিতে ব্লক তৈরি হয়ে হার্ট অ্যাটাকের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
হৃদরোগ এখনো মৃত্যুর অন্যতম প্রধান কারণ। উদ্বেগের বিষয় হলো, কম বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে। বর্তমানে প্রতি পাঁচজন হার্ট অ্যাটাক রোগীর মধ্যে একজনের বয়স ৪০ বছরের কম বলে বিভিন্ন তথ্য উঠে এসেছে।
সুস্থ থাকলেই ঝুঁকি কমে না
এমন রোগীও আছেন, যারা নিয়মিত দৌড়ান, ব্যায়াম করেন, ধূমপান করেন না এবং ওজনও স্বাভাবিক। তবু পরীক্ষায় তাদের ধমনিতে গুরুতর ব্লক ধরা পড়ছে। একজন ৪৪ বছর বয়সী ব্যক্তির ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে। তিনি নিয়মিত হাফ—ম্যারাথনে অংশ নিতেন, স্বাস্থ্যকর খাবার খেতেন এবং ধূমপান করতেন না। দৌড়ানোর সময় বুকে হালকা চাপ অনুভব করার পর পরীক্ষা করালে দেখা যায়, তাঁর এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা ১৯০ মিলিগ্রাম/ডেসিলিটার। পরবর্তী পরীক্ষায় হৃদ্যন্ত্রের একটি ধমনিতে প্রায় ৯০ শতাংশ ব্লক পাওয়া যায়। পরে তার এনজিওপ্লাস্টি করতে হয়।
