শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে হারাল জার্মানি

স্পোর্টস  প্রতিবেদনঃ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে আইভরি কোস্টকে হারিয়েছে জার্মানি। এর আগে গোলের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় আইভরি কোস্ট। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানির দুটি গোলই করেন বদলি খেলোয়াড় ডেনিজ উনদাভ। আইভরি কোস্টের গোলটি করেন ফ্রাঙ্ক কেসি।

টরন্টো স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে গোলরক্ষকের দক্ষতায় রক্ষা পায় আইভরি কোস্ট। জসুয়া কিমিচের দারুণ ক্রস থেকে দুর্দান্ত হেড নেন কাই হাভার্টজ। অবধারিত সেই গোল থামিয়ে দেন গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। ২২ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল জার্মানরা। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে শট নেন লুকাস নমেচা। তবে শেষ মুহূর্তে ডিফেন্ডারের গায়ে লেগে বল দিক পরিবর্তন করে। পরের মিনিটেই নাথানিয়েল ব্রাউনের নেয়া কর্নার থেকে জার্মানরা গোলের দেখা পেলেও আলেকজান্ডার পাভলোভিচের গোলরক্ষককে করা ফাউলের কারণে সেটি বাতিল হয়ে যায়।

ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেয়া শটে গোল করেন কেসি। ৪০ মিনিটে আরেকটি গোল বাতিল হয় জার্মানির। আক্রমণের শুরুতে ওডিলন কুসোনোকে জামাল মুসিয়ালা ফাউল করেছেন বলে মনে হয়। তবে রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজাননি। সময় কাই হাভার্টজ বল জালে পাঠানোর পরই রেফারি খেলা থামিয়ে দেন। ভিএআর পর্যালোচনা রেফারির সিদ্ধান্তকে সঠিক বলে নিশ্চিত করে। গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আইভরি কোস্ট।

বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ চালিয়ে যায় নাগেলসম্যানের শিষ্যরা। হার ঠেকাতে একসঙ্গে তিনজন বদলি খেলোয়াড়কে মাঠে নামান জার্মান কোচ। এর ফলাফলও আসে দ্রুত। ৬৮ মিনিটে জার্মানদের সমতায় ফেরান উনদাভ। নাদিম আমিরির পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন উনদাভ।

Related Posts