আবহাওয়ার পূর্বাভাস || শামীম আজাদ
হে সুপুত্র, হে সুকন্যাগণ এসো...
এসো ...
এসো...
বসো এই কিংবদন্তীর কংক্রিটে
যেখানে কিছু হিউম্যান এররে
মানুষ ভুলে গেছে তার পূর্বপুরুষের পিঠে
বুট ও ট্যাঙ্কের চাকার দাগ ছিল
ভুলে গেছে সকলের সর্বনাম,
বিস্মৃত হয়েছে একদিন এ ভূখন্ড
শুধু মানুষের ছিল।
স্বপ্নেভেজা পাঁজর আমার,
এসো এই নোংরা পিচ্ছিল পলিমাটিতে
পংকিল, কামার্ত কীটের
ধর্ষণ থেকে বেঁচে।
বায়ুর আদর নাও,
নক্ষত্রের নদী ধরে হাঁটো
এসো শরবত ও সিরাপ ছেড়ে
সংস্কৃতির সবুজ নিয়ে শক্ত হয়ে দাঁড়াও
এসো ঐ উদভ্রান্ত মরুস্থান ফুঁড়ে
এখানে দাঁড়াবার অধিকার শুধু তোমাদেরই।
এসো উদগ্র শ্রাবণ
পিতা ও পুত্র আমার
এসো সুকন্যা জাহানারা,
পুনরায় নির্মাণ করো শুদ্ধ
রীতি—সম্প্রীতি।
ফিনকি দিয়ে উড়ছে অবরোধ
পালিয়ে যাচ্ছে লাল উন্মাদ
দ্রুততা দ্রব হবার আগেই ঐ শোনো,
কাঁপছে পিতার অমোঘ কন্ঠস্বর।
শিষ দিয়ে উঠেছে সকল মোবাইল
আমরা যাঁরা অস্তগামী ছিলাম
তারাও দমে দমে রোদের জরায়ু
পুনঃনির্মাণে
দুর্গন্ধ স্নায়ু উপেক্ষা করেই টিকে আছি
যে ভাবে উনিশ’শ একাত্তরে।
হুবহু সেভাবেই এসো..
এসো..
এসো..।।
—লন্ডন, আগস্ট ২০২৬
