ভ্রাম্যমান কনস্যুলেট সেবা আটলান্টিক সিটিতে
সুব্রত চৌধুরীঃ আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে প্রদান করা হলো ভ্রাম্যমান কনস্যুলেট সেবা। গত ১০ নভেম্বর মঙ্গলবার ফেয়ার মাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের সার্বিক সহযোগিতায় এই সেবা প্রদান কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকেই প্রবাসী বাংলাদেশীরা কনস্যুলেট সেবা পেতে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অপেক্ষা করতে থাকেন। নির্দিষ্ট সময়ে আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনায় কনস্যুলেট সেবা প্রদান শুরু হয়।
ভ্রাম্যমান কনস্যুলেট সেবার আওতায় বাংলাদেশী ডিজিটাল পাসপোর্ট, এলাইড সার্টিফিকেট, দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপত্রের সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, নো ভিসা রিকোয়ার্ড সিলসহ বিভিন্ন ধরনের সেবা নেন বিপুলসংখ্যক প্রবাসী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবাসীরা।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক কলস্যুলেট সেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ।
