তাহাদের কথা পর্ব—২৯ মেধাবী রামার কল্প—বিলাস পরাগ সঞ্চিতা

রামাকে দেখলে প্রিন্সটন ইউনিভার্সিটির নোবেল বিজয়ী সেই বিখ্যাত মেধাবী গণিতবিদ জন ন্যাশের কথা মনে পড়ে। স্কিৎজোফ্রেনিয়ার রোগী জন ন্যাশকে নিয়ে লেখা বই থেকে করা ‘আ বিউটিফুল মাইন্ড’ চলচ্চিত্রটির অনুপ্রেরণা ছিল স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত জন ন্যাশের দীর্ঘদিনের মানসিক অসুস্থতার সংগ্রাম। মেধাবী রামাও স্কিৎজোফ্রেনিয়াতে ভুগছে। রামা অনর্গল ওর জিপিএ নিয়ে কথা বলে। রামা ওর বায়ো—মেডিকেল স্টাডি নিয়ে, কোর্স ওয়ার্ক নিয়ে কথা বলতে খুব পছন্দ করে। পড়ালেখা ছাড়া ওর আর অন্য কোনো কথা নেই। রামার নিজের মুখে বলা কাহিনী শুনলে যে কেউ বিশ্বাস করবে। এমনকি ওর কেস স্টাডি জানা সত্ত্বেও ওর গভীর তত্ত্বের কথা শুনতে শুনতে আমিও মাঝে মাঝে ধাঁধায় পড়ে যাই। কারণ রামা ওর নিজের মস্তিষ্কে নিজেকে নিয়ে যে চিত্র এঁকেছে বা ধারণ করে রেখেছে তার সাথে বাস্তবের রামার তেমন মিল নেই।

ওর সাথে প্রথম সাক্ষাতে নিজের সম্বন্ধে ও যা বলেছিলো, তা ওর বিভ্রম এবং অলীক উপলব্ধি এ দুটোর মিশ্রণে এক কাল্পনিক বিভ্রম। রামার ভাষ্যমতে ও ইউনিভার্সিটি অব কানেকটিকাট থেকে বায়োলজিতে আন্ডারগ্র্যাড বা স্নাতক পাশ করে জর্জটাউন ইউনিভার্সিটিতে নিউরোসাইন্সে মাস্টার্স করেছে। ও এখন ওর দ্বিতীয় মাস্টার্স করছে। ‘তোমার বয়স তো এখন ছত্রিশ, এতদিন লাগলো কেন?’ ওর কথার মাঝখানে আমার হঠাৎ এই প্রশ্নে রামা এতটুকু বিচলিত না হয়ে বললো ‘আমি পড়ালেখার মাঝে একটু ব্রেক নিয়েছিলাম, চাকরি—বাকরি করেছি কিছুদিন’! ভেতরের কথা না জানলে যে কেউ মনে করবে হতেই পারে এরকম। কিন্তু আমি তো জানি আজকের রামা কিভাবে এই গ্রুপ হোমে এলো।

ওর বাবা—মায়ের ভাষ্য আর ওর কেস হিস্ট্রি থেকে যা জেনেছি তা হলোঃ রামা একজন ৩৬ বছর বয়সী ভারতীয়—আমেরিকান। অর্থাৎ ওর বাবা—মা ভারত থেকে এসেছেন আর ওর জন্ম হয়েছে এখানে, যুক্তরাষ্ট্রে। দ্বিভাষী রামা ইংরেজি আর তেলুগু ভাষায় দক্ষ, যদিও ইংরেজি ওর পছন্দনীয় ভাষা। রামা প্রাথমিক আর মাধ্যমিকে একসময় তুখোড় ছাত্র ছিল। স্ট্রেইট ‘এ’ ছাত্র। ওয়েস্ট হ্যাভেনের হাইস্কুলে পড়ার সময় অংকে এতো ভালো ছিল যে ওর হাইস্কুলের অংক শেষ করে ওকে ইয়েল ইউনিভার্সিটিতে ক্লাস করতে যেতে হতো স্নাতক ক্লাসের অংক করার জন্য। হাইস্কুল শেষ করে মেধাবী রামা ভবিষ্যতে নিউরো—সার্জন হবার উচ্চাশা নিয়ে ভর্তি হয় ইউনিভার্সিটি অব কানেক্টিকাটে, বায়োলজিতে মেজর নিয়ে। জুনিয়র ইয়ার বা থার্ড ইয়ার থেকে হঠাৎ করে রামার গ্রেড খারাপ হতে থাকে। প্রচন্ড প্রতিযোগী মনোভাবের রামা ওই খারাপ গ্রেড মেনে নিতে পারছিলো না। ২১ বছর বয়সে প্রথম রামার মাথায় আত্মহত্যার চিন্তা আসে, সেই সময় রামা ইউনিভার্সিটি অব কানেক্টিকাটে শেষ বর্ষের ছাত্র। একদিন কলেজের লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরির সব বই সেলফ থেকে ফেলে দিতে থাকে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়, পুলিশ ওকে নিয়ে যায় ম্যানচেস্টার হাসপাতালের সাইকিয়াট্রিক ইউনিটে। আর সেই থেকেই রামার মানসিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ওর বাবার ভাষ্য মতেÑ এক বছর গ্যাপ দিয়ে রামা কোনো রকমে আন্ডারগ্র্যাড শেষ করে বাড়ি ফেরে। কিন্তু বাড়িতে এসে মেডিকেশনের কারণে বা অন্য কোনো কারণে সারা দিন ঘুমাতো আর রাত জেগে কম্পিউটারে বসে থাকতো। একদিন ওর বাবার সাথে ওর তুমুল ঝগড়া হয়, এক পর্যায়ে ওর বাবা ওর গায়ে হাত তোলেন, আর রামা ৯১১ কল দিয়ে বসে। এবারে রামা ভর্তি হয় উইন্ডহ্যাম হাসপাতালে। মাস খানেক পরে বাড়ি ফিরে রামা জর্জটাউন ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়। পরে ওর বাবা—মা জানতে পারেন রামা ওর মায়ের ক্রেডিট কার্ড চুরি করে এডমিশন ফি দিয়েছিলো। কিন্তু শেষ রক্ষা হয়নি। জর্জটাউন থেকে ফাস্টর্ সেমিস্টারেই ওর উদ্ভট আচরণের জন্য বের করে দেয়া হয়। বাড়ি ফিরে রামা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এবারে ভর্তি হয় হার্টফোর্ড হসপিটালে, সেখান থেকে চালান হয় হার্টফোর্ড হাসপাতালের ইনস্টিটিউট অব লিভিংএ (আইওএল)। আইওএল হলো কানেকটিকাটের অন্যতম বিহেভিয়ারাল হেলথ নেটওয়ার্ক, এখানে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য এবং মাদকাসক্তি থেকে পুনরুদ্ধারের সর্বোচ্চ মানের সেবা দিয়ে থাকে। আইওএল এর সমাজকর্মীদের সাহায্যে রামা ডিজ্যাবিলিটি বেনিফিটের আবেদন করে, তারপরে ম্যানচেস্টারের এই গ্রুপ হোমে আশ্রয় পায়। গ্রুপ হোমের কঠোর নিয়ন্ত্রণে রামা মানসিক ব্যাধির জন্য প্রতিদিন পাঁচটি হাই ডোজের ওষুধ খায়। এ ধরনের গুরুতর ব্যাধিগ্রস্তদের সরাসরি ওষুধ দেয়া হয়না, কারণ এরা হয়তো ওষুধ ঠিকমত খাবে না, আবার কেউ কেউ প্রেসক্রিপশনের নির্দেশ ভেঙে অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলতে পারে। তাই গ্রুপ হোমের নার্স নিয়ম করে ওকে ওষুধ দেয়। 

রামার মানসিক ব্যাধির ডায়াগনোসিসগুলোর প্রথমটি হলো স্কিৎজোফ্রেনিয়া। এটি একটি গুরুতর এবং মস্তিষ্ক ও আচরণগত ব্যাধি, যা একজন ব্যক্তির চিন্তা, অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে। স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের বাস্তবতা ও কল্পনার মধ্যে পার্থক্য করতে, স্বাভাবিক আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ করতে এবং সিদ্ধান্ত নিতে গুরুতর সমস্যা হয়। দ্বিতীয় ডায়াগনোসিসটি হলো বাইপোলার ডিসঅর্ডার যা মেজাজজনিত ব্যাধি। বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ হলো বিষণ্ণতা, উদ্বেগ এবং ঘুমের ব্যাঘাত। বিষণ্ণতার সাথে ম্যানিয়ার পর্যায়ও দেখা যায়, যা এমন একটি অবস্থা যেখানে অতিরিক্ত শক্তি থাকে এবং দৃঢ় বিশ্বাস জন্মায় যে ব্যক্তিটি খুব বড় কিছু করে ফেলবে। ম্যানিয়ার সময় অতিরিক্ত কেনাকাটা, ব্যয়বহুল ভ্রমণ এবং অত্যন্ত বড় বড় পরিকল্পনা দেখা যেতে পারে।

রামার সমস্যাটি ছিল আরো গভীরে। ও বরাবর একলা থাকতে পছন্দ করতো। পড়ালেখার বাইরে আর কিছু করতো না। খেলাধূলা, বন্ধু—বান্ধব, পার্টি, বেড়াতে যাওয়া এগুলি কোনো কিছুতেই ওর মন ছিলো না। ওর ভাইরা যখন ক্রিকেটের মাঠে খেলতে যেত তখন ও লাইব্রেরিতে গিয়ে বইয়ের জগতে হারিয়ে যেত। ওর মা শুরু থেকেই ওর এই মাত্রাতিরিক্ত পড়ুয়া স্বভাব দেখে ভয় পেতেন। রামার কম্পিউটার ইঞ্জিনিয়ার বাবা, কলেজ শিক্ষিকা মা অনেক কাঠ—খড় পুড়িয়ে ভারতের তামিলনাড়ু থেকে এদেশে এসেছিলেন উচ্চাশা নিয়ে। উনাদের তিন ছেলেই অত্যন্ত মেধাবী। বড় ছেলে সফ্টওয়ার ইঞ্জিনিয়ার, ছোট ছেলে ডাক্তার, আর মেজো ছেলে রামা মানসিক রোগে দিশেহারা। 

রামা এখন অনলাইনে বিভিন্ন কলেজে ফ্রি কোর্স করে (চেষ্টা করে) আর মনে মনে বিশ্বাস করে যে ওর প্রথম মাস্টার্স জর্জটাউন থেকে আর এখন ও সেকেন্ড মাস্টার্স করছে। গত সপ্তাহে ওর কল্পনার ফানুসে নতুন উপাদান যোগ হয়েছে। হঠাৎ করে আমাকে বললো ‘জানো, আমার বাবা—মা আমার জন্য মেয়ে দেখছে।’ আমিতো ওর কথা শুনে অবাকÑ ‘ওমা তোমার না মেডিক্যালে পড়ার কথা?’ চটপট উত্তর রেডি— ‘আমার বিয়ের বয়স চলে যাচ্ছে, তাই আগে বিয়ে, তারপর ডাক্তারি পড়বো।’ আমি ওর বাবার সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে বাড়িতে উনাদের ছোট ছেলে, মানে রামার ছোট ভাইয়ের বিয়ের কথা চলছে, তাই রামা হয়তো ধরে নিয়েছে ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তো ওরও বিয়ে করতে হবে। 

সেদিন একটি আর্টিকেল পড়ছিলাম— ‘ভালো সন্তান হওয়ার বোঝাঃ দক্ষিণ এশীয় শিশুরা যেভাবে মানসিক স্বাস্থ্য সমস্যা দমন করে’! এই আর্টিকেলটিতে একজন ভারতীয় মনোবিজ্ঞানী লিখেছেনঃ দক্ষিণ এশীয় দেশগুলো থেকে আসা ইমিগ্রান্ট বাবা—মায়েরা প্রায়শই তাদের সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যতের আশা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় আসেন। তাদের এই ত্যাগ, পরিচিত পরিবেশ, আত্মীয়—স্বজন এবং প্রায়শই স্থিতিশীল পেশা ছেড়ে আসার ব্যাপারটি উনাদের সন্তানদের মধ্যে সাফল্য ও আনুগত্যের মাধ্যমে বাবা—মায়ের ত্যাগের জন্য প্রতিদান দেওয়ার একটি কর্তব্যবোধ তৈরি করে। অনেক দক্ষিণ এশীয় ইমিগ্রান্ট পরিবারে, প্রায়শই আশা করা হয় যে তাদের সন্তানরা পরিবারের জন্য আদর্শ স্থাপন করবে, পড়াশোনায় ভালো করবে এবং বয়সের তুলনায় বেশি দায়িত্ব পালন করবে। ইমিগ্রান্ট হিসেবে তাদের বাবা—মায়ের সংগ্রামের কারণে এই প্রত্যাশাগুলো আরও বেড়ে যায়; তারা মাতৃভূমির ঐতিহ্য ধরে রেখে একটি নতুন সংস্কৃতির সাথে মানিয়ে চলেন। এই পরিস্থিতি এমন একটি ধারা তৈরি করে যেখানে প্রথম প্রজন্মের দক্ষিণ এশীয় শিশুরা, বিশেষ করে পরিবারের জ্যেষ্ঠ বা বড় সন্তানরা, পরিবারের সম্মান রক্ষা করতে এবং বাবা—মায়ের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তাদের আবেগ ও মানসিক স্বাস্থ্যগত সমস্যাগুলোকে দমন করে রাখে। এর ফলস্বরূপ একটি অব্যক্ত বোঝা তৈরি হয়, যা উদ্বেগ, বিষণ্ণতা এবং সুস্থ আবেগীয় অভ্যাস গঠনে সমস্যার সৃষ্টি করে।

রামাকে যত দেখি ততই আমার বুকটা ধক—ধক করতে থাকে। চেনা—জানা পড়ুয়া ছেলে—মেয়েদের কথা মনে হয়। অন্যদের কথা কি বলবো আমার নিজের পড়ুয়া সন্তানের কথা ভেবে উৎকণ্ঠা বেড়ে যায়। আমাদের মতো প্রথম জেনারেশনের দক্ষিণ এশীয় ইমিগ্রান্টরা একদিকে আমাদের সন্তানদের ওপর নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, আদর্শ—মূল্যবোধ চাপিয়ে দেইÑ আর অন্য দিকে এদেশে জন্মানো আমাদের সন্তানেরা ওদের মাতৃভূমির সংস্কৃতি, জীবনাচরণ আর বাবা—মায়ের চাপিয়ে দেয়া মূল্যবোধ আর ঐতিহ্যের দোটানাতে মানিয়ে চলতে গিয়ে রামার মতো ভারসাম্য হারিয়ে ফেলে।

—কানেক্টিকাট থেকে


Related Posts