কারণ রাজনৈতিক? ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাকা থেকেঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল টিম থেকে একযোগে পাঁচজন পদত্যাগ করেছেন। আরও একজন সহকারী প্রক্টর পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) জানিয়েছেন, বুধ ও বৃহস্পতিবার পাঁচজন সহকারী প্রক্টর তাঁর কাছে উপাচার্য বরাবর লেখা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্র জমা দেওয়া পাঁচ শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
অন্যদিকে, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ। তিনি শিগগিরই পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।
পদত্যাগ করা একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সহকারী প্রক্টরদের কয়েকজনকে পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাদের বার্তা দেওয়া হয়। শিক্ষকদের দাবি, রাজনৈতিক চাপের কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে তাদের অনুরোধ জানানো হয়। পরে প্রক্টরের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল প্রাং বলেন, ‘আমি গতকাল দুজনের পদত্যাগপত্র পেয়েছি। আজ একটা মিটিং শেষে তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছেন। উপাচার্য বরাবর দেওয়া পদত্যাগপত্রে তারা আমাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন।’
রাজনৈতিক চাপের অভিযোগের বিষয়ে প্রক্টর বলেন, ‘এমন অভিযোগ থাকবেই। আমরা রাজনীতির গন্ধ খুঁজি, সব জায়গায় রাজনীতি দেখতে পাই। এখন যারা পদত্যাগ করেছেন, কী কারণে পদত্যাগ করেছেন, তা তাঁরাই ভালো বলতে পারবেন।’
