শেখ হাসিনার দেশে ফেরা এবং বাস্তবতা || মফিজুল হোসাইন

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফিরবেন বলে একাধিকবার ঘোষণা দিয়েছেন। কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ বলেননি। তার এই ঘোষণার ঝড় দেশের সরকার, রাজনৈতিক ময়দান, গণ ও সামাজিক মাধ্যম, এবং এমনকি বৃটিশ পার্লামেন্টেও গিয়ে পেঁৗছেছে। বাংলাদেশ সংবিধানের ৩৬তম ধারা অনুযায়ী বাংলাদেশে জন্ম নেওয়া যে কোনো নাগরিক বৈধ পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে বিশ্বের যে কোনো স্থানে যেতে বা ফিরে আসতে পারার কথা, কিন্তু তার ক্ষেত্রে বিষয়টি এত সহজ নয়। তার ফেরার সাথে জড়িয়ে আছে আইন, ভূ—রাজনীতি, আভ্যন্তরীণ রাজনীতি, তার নিজের করা কিছু ভুল। 

আইন: শেখ হাসিনার দেশে ফেরা তার একক সিদ্ধান্তে নির্ভর করে না, আইন তাকে নানামুখী চাপে ফেলেছে, তাকে পাসপোর্ট বা এনআইডি দিতে সরকার বাধ্য নয়, কারণ তিনি মানবতা আইনে একজন দন্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলছে, কোর্ট অবৈধ বলে ঐ রায়েরও কোনো বৈধতা নেই। এখন মানবতাবিরোধী ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করাতে গেলে ইউনূসের সরকারকেও অবৈধ প্রমাণ করতে হবে। কিন্তু আইনজ্ঞরা বলছেন সেটা প্রায় অসম্ভব, বা পারলেও দীর্ঘ সময়ের প্রয়োজন। এ প্রসঙ্গে আরেকটি আইনের ধারার কথা বলা প্রাসঙ্গিক হবে। আমাদের সংবিধানে মানবতা বিরোধী বিচারের ধারা সংযোজন করা হয় ১৯৭৩ সালে, তবে সেটা কোনো গোষ্ঠী বা দলের জন্য, অর্থাৎ পাকিস্তানপন্থী কোনো দলকে বিচার করার লক্ষ্যে। কিন্তু শেখ হাসিনার সরকার ২০১১ সালে সেটা সংশোধন করে কোনো ব্যক্তিকে বিচার করা যাবে বলে সংশোধনী আনেন, অর্থাৎ তিনি জামাত নেতাদের ব্যক্তিগত বিচারের লক্ষ্যে সে সংশোধনী আনেন। এখন সেই সংশোধনীর আওতায় ব্যক্তি শেখ হাসিনার বিচার অবৈধ প্রমাণ করা যথেষ্ট কষ্টকর।

দ্বিতীয়ত, তাকে ভারত সরকারের কাছে তারই করা একটি প্রত্যার্পন চুক্তির আওতায় ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছে। সে চুক্তির আওতায় আসতে হলে তাকে বন্দী অবস্থায় আসতে হবে, সে দেশের নিরাপত্তা বাহিনী এদেশের নিরাপত্তা বাহিনীর কাছে তাকে হস্তান্তর করবে, তার পাসপোর্ট বা এনআইডি লাগবে না, একটি ট্রাভেল পাস হলেই চলবে। তবে ভারত সরকার সেটা করবে বলে মনে হয় না।

তৃতীয়ত, পাসপোর্ট বা এনআইডি পেতে হলে নিজে আবেদন করতে হয়, অবশ্য প্রতিনিধিও নিয়োগ দেয়া যায়, কিন্তু শেখ হাসিনা বৃটিশ ল’ফার্মকে যে নিয়োগ দিয়েছেন তার কোনো প্রমাণ দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনার বা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হয়নি। 

ভূ—রাজনীতি: শেখ হাসিনাকে নিয়ে ভূ—রাজনীতির একটি খেলা তো অবশ্যই আছে, তাকে নিয়ে তিনটি দেশ আগ্রহী, (১) ভারত, (২) আমেরিকা এবং (৩) পাকিস্তান। ভারত চায় শেখ হাসিনা বা তার দল স্বাভাবিক রাজনীতিতে অংশ নিক, নিরপেক্ষ বিচার পাক, এবং আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে দাঁড়িয়ে পাকিস্তানপন্থী দলগুলোর মোকাবেলা করুক। অপরপক্ষে, পাকিস্তান এর বিপরীত দিকটি চায়, তারা শেখ হাসিনা বা তার দলকে নিশ্চিহ্ন দেখতে চায় যাতে ভারতের পক্ষে কেউ না দাঁড়াতে পারে। এ ক্ষেত্রে আমেরিকা দ্বিমুখী অবস্থানে আছে, তারা দল আওয়ামী লীগের প্রতি বিরোধিতা না থাকলেও শেখ হাসিনার প্রত্যার্পন দেখতে চায় না, যদিও ভারত দীর্ঘদিন থেকে ঐ নীতি থেকে সরাবার চেষ্টা করে আসছে। শেখ হাসিনাকে সরাবার সিদ্ধান্ত কোনো ডেমোক্রেটিক বা রিপাবলিকান দলের নয়, জাতীয় নিরাপত্তা বিভাগের, সুতরাং সেটা পরিবর্তন করা যথেষ্ট সময় সাপেক্ষ। 

আভ্যন্তরীণ রাজনীতি: শেখ হাসিনার দেশে ফেরা বা ফিরে টিকে থাকা নির্ভর করে আভ্যন্তরীণ রাজনীতির গতিপ্রকৃতির ওপর। দু’দিন আগে একজন বেশ জনপ্রিয় ইউটিউবার তার কন্টেন্টে হুঁশিয়ার করেছেন শেখ হাসিনা দেশে ফিরলে বিমান থেকে নেমে টার্মিনাল পর্যন্ত যাওয়ার আগেই ছিন্নভিন্ন হয়ে যাবে। এ কথাটা রেটরিক হলেও শেখ হাসিনার দেশে ফেরার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হলে তার একটি নিরাপত্তা বলয় থাকতে হবে, তার নিজস্ব সে রকম কোনো লোকবল নেই, তার দলের কর্মীরা মাঠে নামতে পারে না, প্রশাসন বা সামরিক ছাউনিতে তাকে রক্ষার কেউ নেই। 

আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও ২০২৪ সালের উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করবার মতো কোনো দূরদর্শী কর্মসূচি দেখা যায়নি। তারা কেন ভুলে যায় তথ্যপ্রযুক্তির যুগে হাতে হাতে ক্যামেরা, হাজার হাজার ভিডিও বিদ্যমান ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, বিজিবি মানুষের ওপর গুলি করছে, সুতরাং আওয়ামী লীগ বা শেখ হাসিনা কাউকে মারেনি এটা বিশ্বাস করানো যাবে না। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর যেসব অবিচার ঘটেছিল, তারও একটা অনুশোচনা থাকার প্রয়োজন ছিল, কারণ আওয়ামী লীগ মাঠে নামলে, সরকার যতই নিষেধ করুক, তারাই প্রতিশোধ নেবার চেষ্টা করবে। আওয়ামী লীগের নেতৃত্বের এটাও বোঝা দরকার পুরনো চেতনার রেটরিক, বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এ প্রজন্মকে আকৃষ্ট করবে না, তারা বাস্তবসম্মত ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পছন্দ করে। সম্প্রতি ভারতের রাজনীতির ময়দান ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে তাকালে সে চিত্র স্পষ্ট। 

সুতরাং শেখ হাসিনার দেশে ফেরা বাস্তবসম্মত নয়, কিছু কিছু আওয়ামী লীগ নেতার ধারণা শেখ হাসিনা দেশে ফিরলে লক্ষ লোক জমায়েত হয়ে শেখ হাসিনাকে রক্ষা করবে। বাস্তবতা হলো ঢাকা বিমানবন্দরের আশেপাশে আওয়ামী লীগের এক হাজার লোকও জমায়েত হতে পারবে না, বা দেয়া হবে না, আবার তার পক্ষে সীমান্ত দিয়ে আসাও সম্ভব নয়। সুতরাং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একটি আলোচনার মাধ্যমে সমঝোতায় এসে গণতান্ত্রিক পথটিকে সুগম করা।

Related Posts