নষ্ট মেয়ের উপাখ্যান || রাজিয়া নাজমী

কাকভোরে উঠে স্নান করার অভ্যাস দীপার বহুদিনের। তবে আজকের সকাল অন্য সকালের মতো নয়। আজ সপ্তাহের সেই প্রতীক্ষিত সকাল। তাই অন্য দিনের চাইতে আরও আগেই স্নান করে সে তার নিত্যদিনের প্রার্থনা সেরে নিয়েছিল।

ওর প্রার্থনাকে ঠিক পূজা করা বলা চলে না। ও ভগবানের কাছে প্রার্থনা করে না। ভগবান যদি থেকেও থাকেন, তার কাছে দীপার তেমন কিছু চাওয়ার নেই। লোকে বলে, ভগবান যা করেন তা নাকি মঙ্গলের জন্য করেন। দীপার কি মঙ্গল করলেন ভগবান? যদি কেউ তার এই প্রশ্নের জবাব দিতে পারে, তবে না হয় সেদিন থেকে ভগবানকে ডাকবে। আপাতত ভগবান ব্যস্ত থাকুন অন্যদের ভাল—মন্দ নিয়ে। দীপার যেমন ভগবানকে দরকার নেই, ভগবানের কোনো পূজাতেই দীপারও প্রয়োজন নেই।

দীপার প্রার্থনার কথা ওর নিজের তৈরি। ওর প্রার্থনার কথাগুলো কার কাছে বলেÑতা ও জানে না। তবে জানালার কপাট খুলে যতটুকু আকাশ দেখা যায়, ততটুকুতেই তাকিয়ে প্রতিদিন কথা বলে, একই গান গায়। 

কোনো ভজন নয়, কোনো কীর্তন নয়— মায়ের কণ্ঠে শোনা— 

‘দূরে কোথায় দূরে দূরে.. আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে।

যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে,

সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন অচিনপুরে..’

মায়ের এই প্রিয় গানটি প্রার্থনার অংশ করে নিয়েছে নিজেরই অজান্তে। দীপার কাঙাল পরান যে যেতে চায় বাবা—মায়ের কাছে, অচিনপুরে। যদিও এই ভীষণ ইচ্ছেটা আর হবার নয়। গানটি গাইবার সময় মা—বাবার মুখটা ভেসে ওঠে। বাবা কী ভীষণ মন দিয়ে মায়ের গান শুনতেন...

দিনের শুরুটা এভাবে না করলে কেবলই মনে হয়, কী একটা করা হয়নি তারÑযেন কোথায় একটা ছন্দপতন ঘটেছে। যদিও তার এই জীবনে ছন্দ বলে কিছু নেই। আছে কিছু নিয়মমাফিক কাজ, বেঁচে থাকার জন্য যা না হলেই নয়।

আজ ভোর হলো আকাশে বৃষ্টি—বৃষ্টি ভাব নিয়ে । শেষ রাত থেকেই ক্ষণে ক্ষণে বিজলীর চমক, মেঘের গর্জন সবার ঘুম ভাঙালেও শেষ পর্যন্ত ভাব কাটিয়ে বৃষ্টি শুরু হলো আরেকটু বেলা গড়িয়ে। 

জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টির প্রথম ঝাপটা মুখে মেখে নেয় দীপা। আহা! কী চমৎকার বৃষ্টির শব্দ.. এত ভালো লাগে এই ঝমঝম, ঝমঝম, টুপটাপ, টুপটাপ শব্দের খেলা। বৃষ্টি হলেই দীপার মন ভালো হয়ে যায়। যদিও ছোটবেলার মতো বৃষ্টিতে ভেজা আর হয় না। কোথায় হারিয়ে গেল সব কিছু.... সব কিছু! বুকের ভিতর থেকে কেঁপে—কেঁপে ওঠে চেপে রাখা যন্ত্রণা। চোখের ভেতরটা জ্বলে যায় সে যন্ত্রণায়।

দীপা জানালা দিয়ে পাড়ার ছেলেমেয়েদের বৃষ্টিতে ভিজতে ভিজতে নাচ দেখে হাসল। সবগুলো মুভি দেখে দেখে পাকা নাচনেওয়ালি হয়ে গেছে। আর ওদের সঙ্গে বৃষ্টিতে ভিজতেই মনে হয় সোনাদিরা ছাতা ছাড়াই রাস্তায় হাঁটছে। আসলে বেশ কয়েক দিনের গরমের পর এই বৃষ্টি যেন সবার ভালোবাসা কেড়ে নিয়েছে।

দীপার দিনের বেলায় তেমন কোনো কাজ থাকে না। রান্না সে করে না বললেই চলে। বলতে গেলে বেশির ভাগ রাতে বাইরে থেকেই যা খাবার আসে, তা থেকে যা অবশিষ্ট থাকে, তাতেই ওর দুপুরের খাওয়া হয়ে যায়। তার ওপর সোনাদি ভাল কিছু রান্না করলে দীপাকে না দিয়ে পারে না। সোনাদি একটু বেশিই মায়া করে তাকে।

ঠিকা বুয়া এসে ঘর ঝাড়– দিয়ে, থালা—বাসন, জামাকাপড় ধুয়ে রোজকার মতো দীপার চুলে বেণী বেঁধে দিয়ে ঘরের কোণে রাখা স্টোভে চায়ের জল বসিয়ে দিয়ে চলে গেল। দরজায় ছিটকিনি তুলে দিয়ে দীপা আবার জানালার সামনে গিয়ে দাঁড়াল।

একবার ভেবেছিল আজ বুয়াকে বলবে একটু বসতে, খেয়ে যেতে। কিন্তু বেচারার আরও কাজ আছে। কাল রাতের আনা পরোটা আর কিছু মাংসের কাবাব দিয়ে দীপা আবার জানালায় এসে দাঁড়ায়। 

বৃষ্টিটা ধরে এসেছে। একটানা বৃষ্টির পর আকাশটা তার নীল রঙের চাদরে আবার ঢেকে দিয়েছে গোটা পাড়াটাকে। হালকা রোদের আলোতে একটু হলেও উজ্জ্বল লাগছে ওদের এই অন্ধকার পাড়া।

দীপা জানালা দিয়ে দেখে, থলে হাতে কালু বাজার করতে বেরিয়েছে। দীপা একবার ভাবে কালুকে ডেকে তার বাজারের ফর্দটা দিয়ে দেবে। কিন্তু কালুটা আজকাল বেশ বেয়ারা হয়ে উঠেছে। নিচে গিয়ে তাকে বাজারের কথা না বললে সে নিজে থেকে আর জিজ্ঞেস করে না কার কী লাগবে। মাঝেমাঝে ইচ্ছা হয় বকা দিতে, কিন্তু পারে না। 

কালুÑকত ছোট ছিল তখন, যখন দীপা এ পাড়ায় এলো। ওর মা যখন এক সকালে গলায় ফাঁস লাগিয়ে মরল, কালু তখন দুধের শিশু। ওইটুকুন শিশু সবাইকে দেখে মাকে খুঁজত আর ঠোঁট ফুলিয়ে কাঁদত। প্রথম দিন থেকেই সোনাদি কালুকে বুকে টেনে নিয়েছিল। কালুর মা মারা যাওয়ার এক সপ্তাহ আগেই সোনাদির এক মাসের ছেলেটা তিন দিনের জ্বরে মারা যায়। সোনাদির বুকের দুধ খেয়ে, সোনাদিকেই মা জেনে বড় হলো কালু।

কালুটা এত তাড়াহুড়ো করে গলিটা পার হয়ে গেল যে দীপার আর তাকে ডাকা হলো না।

দীপা এক কাপ চা বানিয়ে বারান্দায় রাখা মোড়াটায় গিয়ে বসে। নিজের এই ছোট বারান্দায় বসে গরম চায়ের কাপে চুমুক দিয়ে এমন এক ভাললাগার দুপুরটাকে পুরোপুরি অনুভব করতে চাইছিল সে। কিন্তু আজ দীপার মনটা একটু বেশি উতলা। একটি চিঠি তাকে সকাল থেকে অস্থির করে রেখেছে। চিঠিটা তাকে যেমন কষ্ট দেয়, তেমনি আনন্দও দেয়। অদ্ভুত এক মিশ্র অনুভূতির ভেতর দিয়ে যায় সে।

বারান্দা থেকে সূর্যাস্ত বা সূর্যোদয় কোনটাই দেখা যায় না। কিন্তু রোদ যখন উপরে উঠে যায়, তখন বেশ কিছুটা আলো আসে বারান্দায়। এই এতটুকু জায়গায় তার শখের ছোট্ট বাগান। লাল রঙের মাটির টবে লাগানো নানা রকমের গাছÑসবই পাতার গাছ। একটিও ফুলগাছ নেই। দীপা লাগায়নিÑকি হবে!

দীপার মুখে সামান্য হাসি খেলে গেল, কিছুটা বিদ্রুপের মতো যেন সে হাসি।

কে যেন বলেছিল, সবার জীবনে নাকি একবারের জন্য হলেও একটি গোলাপ আসে। সত্যিই কি আসে? না, আসে না! অন্তত তার জীবনে কোনো গোলাপ আসেনি; গোলাপ কেন, কোনো ফুলই আসেনি। যার জীবনে ফুল আসে না, তার বাগানে ফুলগাছ লাগিয়ে কী হবে! তাই দীপা পাতাবাহার দিয়ে ভরে রেখেছে এই ছোট একফালি বারান্দা। আর তার মাঝে বসার জন্য একটি মোড়া। ব্যস এইটুকুই তার একান্ত নিজের।

বারান্দার ওপারের যে ঘর, সেটা রুম বললেই মানায়। যার সাজসজ্জা তার ইচ্ছেতে করা নয়। যে ঘরে কোনো কিছুই তার ইচ্ছে মতো হয় না। অথচ এই চিঠির মানুষটা কি তা বোঝে? কোনোদিনই সে জানবে না যে ওটা শুধু চার দেওয়ালের একটি ঘরÑ যে ঘরে দীপার কোনো মন নেই, স্বপ্ন নেই, জীবনের কোনো পূর্ণতা নেই, আছে শুধু একধরনের বেঁচে থাকা। আর সেই বেঁচে থাকাটাও বাধ্য হয়ে। এখান থেকে আর কোথায় গিয়ে বাঁচবে? পালাবার পথ যে তার জানা নেই। এইভাবে বেঁচে থাকতেই এখন সে অভ্যস্ত। দরজা আছে, জানালা আছে, সামনে খোলা রাস্তাÑতবু কোথাও কোনো খোলা নেই। অদৃশ্য কাঁটাতারে ঘেরা সব রাস্তা। যে রাস্তায় বের হলে নিয়তি আবার ফিরিয়ে আনবে তাকে সেই একই জায়গায়।

আজ সকালে আবার সেই একই চিঠি পেল দীপা। চিঠির প্রতিটা লাইনের আড়ালে থাকে না বলা কথা, লুকিয়ে থাকে চাপা বেদনা। আহা... চিঠিটা লেখার সময় নিশ্চয়ই তার চোখ দুটো জলে ভরে উঠেছিল। হাত কাঁপছিল? তবুও শক্ত করে কলমটা ধরে রেখেছিল কি? 

দীপার ভীষণ অসহায় লাগে। 

কেন এমন কর তুমি, চিঠির মানুষ? কেন এত আড়ালে রাখো তোমার সব কষ্ট, সব অধিকার? কেন এমন করে লেখো আমাকে? কী ভাবো তুমি আমাকে? আমি কী করতে পারি। কিছুই পারি না, কিছুই পারবও না। কেন তুমি তা বোঝো না? কেন নিজের অধিকারের জন্য লড়াই করো না? এটা কি তোমার অভিমান? নাকি ভালোবাসায় অধিকার ফলাতে তোমার তুমি তোমাকে বাধা দেয়?

সকাল থেকে কতবার পড়ল সে এই এক পাতার চিঠি? কেন পড়ে সে এমন চিঠি?

প্রথমবার সে খুব অবাক হয়েছিল। দ্বিতীয়বার খানিকটা বিব্রত। আর এখনÑসে এই চিঠির প্রতীক্ষায় থাকে। এই মাসে আরও তিনটি চিঠি পেয়েছে সে। দীপা এখন ঠিক জানে চিঠি আসার দিন কবে, কোন সকালে আসবে। 

সত্যি কি কারো ভালো লাগত এমন চিঠি? কিন্তু তার কেন খারাপ লাগে না? 

সব চিঠিই সারাদিন ধরে বহুবার পড়ার পর সে খুব যত্ন করে রেখে দেয় তার ট্রাঙ্কের ভেতর।

এই না—দেখা মানুষটির সব চিঠির ধরন একইÑকোনো চাওয়া নেই, কোনো পাওয়ার দাবি নেই। অন্তত দীপার কাছে তো নয়ই।

আজকের চিঠিটা আবার মেলে ধরে দীপা। চোখের সামনে যে মানুষ ভেসে ওঠেÑসে দেখতে আসলে কেমন? দীপা কি কোনোদিন তাকে দেখতে পারবে?

আজ অবধি দীপা কোনো উত্তর দেয়নি তাকে। চিঠির বাহককে কিছু বলেনি। কখনো জানতে চায়নি কে লেখে, বা কেন লেখে। শুধু বশীভূতের মতো হাত বাড়িয়ে নিয়ে নেয় নাম—ঠিকানাবিহীন সাদা খাম।

প্রতিবারের মতো আজও আধা আলোর আবছা ভোরে রাস্তার পাশের জানালার কাছে বসে ছিল দীপা। গুটিসুটি পায়ে পত্রবাহককে আসতে দেখে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে এসে চিঠি নিয়ে তেমন করেই উঠে এল, যেন কেউ দেখে ফেলবে এই ভয়। একেবারে অল্পবয়সী প্রেমিকার মতো ভীত—ভীরু পায়ে।

ঘরে ঢুকেই কাঁপা কাঁপা হাতে খুব যত্ন করে এনভেলাপ খুলে বের করল ছোট ছোট অক্ষরে নিপুণ করে লেখা চিঠি। কোনো লাইন এলো—মেলো নয়, কোনো অক্ষর কাটা নয়। ইদানীং চিঠি মেলে ধরতেই দীপার চোখে জল আসে। দ্রুত সে চোখ মুছে ফেলে, চিঠির পাতায় পড়ার আগেই। প্রতিটা অক্ষর তার কাছে অমূল্য। 

চিঠি পাওয়ার এই দিনটা খুব এলো—মেলো যায় দীপারÑদীপান্বিতা। বাবা যে কেন তার নামকরণ এত ঘটা করে করেছিলেন, অথচ সেই নামের অর্থ যে তার জীবনে বইতে পারল না।

গাছের মরা পাতাগুলো ফেলে দিতে দিতে দীপা ভাবতে চাইলো তার চিঠির মানুষ এখন কী করছে, কী করে সে সারাদিন? তার কি ভরভরন্ত সংসার? সব কিছুতেই তার হাতের ছোঁয়ায় নিখুঁত সংসার? কে জানে, এই এখন হয়তো সে দুপুরের ঘুম দিয়েছে। কাল যে সে রাত জেগেছিল। লিখেছে—কাল সারারাত বারান্দায় বসে নাকি তারা গুনছিল।

চিঠির ইতিতে নাম লেখে না সে, শুধু একটা টানা লাইন টেনে দেয়। কেন? কী বোঝাতে চায় সে? কী বুঝবে সে? এই লাইনের শেষ কোথায়? 

দীপা হাসল। বেশ একটা কবি—কবি মন মানুষটার। দীপার ইচ্ছে হলো জানতেÑসব তারা গুনতে পেরেছিলে? না; কোনোদিন পারবে না। কোনোদিন তারার হিসাব মেলাতে পারবে না, যেমন করে জীবনের অনেক কিছুর হিসাব মেলে না। কেন মিছে জেগে বসে থাকা? তার চেয়ে ঘুমিয়ে থেকে ভুলে থাকো নাÑপাওয়ার মুহূর্তগুলো। অথবা জীবনের অন্য কোনো অর্থ খুঁজে নাও!

দীপার পরের লাইনটা পড়ে কষ্ট হলো। লিখেছে—“আমার কথা ভেবো না। তোমার কাছে যে সুখ আছে, আমার কাছে তা নেই হয়তো। আমি যে তাই তোমার মঙ্গল কামনা করি। তুমি যেন ভাল থেক, ভাল রেখ।”

কী কেও বোঝাবেÑতার আর দীপার ভিতর অনেক তফাত! দীপা যা করে তাতে দীপার কোনো মন নেই। দীপা বাধ্য। দীপা ওদের জগতে না—ফেরার একজন হয়ে বেঁচে আছে। কী করে দেখাবে দীপার পিঠের কালো কালো দাগ, শক্ত চামড়ার বেল্টের দাগ? ঘাড় থেকে পিঠের মাঝ অবধি ছুরির কাটা দাগের সাক্ষী বলে দেয়Ñকেমন এই বেঁচে থাকার জীবন তার।

চিঠির না—দেখা মানুষের সাথে কথা বলতে বলতে দীপার কালো বড় টানা চোখের কান্না গড়িয়ে পড়লো তার দু’গালে। যে গালে কোনোদিন ভালোবাসার কোনো চিহ্ন পড়েনি। পড়েছে কেবল অপমানের, বহুবার।

চিঠিটা বুকের মাঝে চেপে ধরে রইল দীপা। চোখের কোল থেকে গড়িয়ে পড়ছে জল। 

তার এই অজানা মানুষÑদীপার এই একলা দুপুরে মনে—মনে কথা বলার কেউ একজন। যে তাকে চিঠি লেখার মতো মানুষ অন্তত মনে করে।

কেমন তুমি দেখতে, আমার চিঠির মানুষ? তুমি শাড়ি পর? কপালে টিপ দাও? বেণী অথবা খোঁপা করে তাজা ফুল গুঁজে দাও? তুমি কি জানো, তোমার সেই সাজ আর আমার সাজের মধ্যে অনেক তফাত। তুমি দিনের বেলায় সেজে ঘুরে বেড়াওÑআমি রাতে সাজি।

আজ তুমি লিখেছÑকেন আমাকে বলে ‘নষ্ট মেয়েমানুষ’? যারা আসে আমার কাছে তারাই কেন নষ্ট বলে আমাকে? চিঠির মানুষ, তুমি বলÑকেন বলে?

দীপার রাগ হলো একটু। কেন আমাকে লিখেছ এমন প্রশ্ন তুমি? তোমার প্রিয় মানুষকে জিজ্ঞেস কর না কেন? কেন সে নষ্ট জেনে আসে নষ্টের কাছে?

চিঠির মানুষ, এ তো আমারও প্রশ্নÑযার উত্তর আমি খুঁজবো; উত্তর পাব না। তুমি কি আমার কষ্ট বোঝ?

দীপা চিঠিতে হালকা করে চুমু খেল।

জানো, তোমার চিঠিতে কেমন একটা সুবাস থাকে! হাতে কী মাখো তুমি? তোমার হাত, তোমার আঙ্গুলগুলো খুব নরম কী? আচ্ছা, তুমি কি আমার চেয়ে ছোট? নাকি আমি—তুমি একই বয়সের? আমি এখন পঁচিশ। আমার মনে হয় তুমি খুব মোটা না, আবার দুর্বলও নাÑতুমি মাঝামাঝি। তুমি ছিপছিপে লম্বা.. না, তুমি খুব লম্বা না; তবে বেঁটে যে তুমি না তা আমি জানি। তোমার মানুষটা যে বেশ লম্বা।

তুমি কি ভালোবেসে বিয়ে করেছিলে? তোমার চিঠির কোথায় যেন লুকিয়ে থাকে কিছু কথাÑপ্রতিশ্রুতির কথা, তুমিময় থাকার কথা.. ছিল কি? আচ্ছা, তুমি কেন এতটা বিশ্বাস করলে? বিশ্বাসের কাছে ঠকে গেলে তো! তাই বলে ভেবো না আমি জিতেছি। আমার তো জেতার জন্যে কিছু ছিলই না। আমি কারও মনের কথা জেনে জিতে যাবÑএমন যে হবারই ছিল না।

তবু জানো, মন মানে না। কেবলই মনে হয়, যদি কেউ একদিন একটি গোলাপ আমায় দিত! তবে আমার এই ফুলবিহীন বাগানে আমি সেই গোলাপ বুকে নিয়ে তোমার মতো হতাম!

আচ্ছা, তোমার অঁাচলে কি চাবির গোছা থাকে? সারা ঘরময় ঘুরে বেড়াও সেই গোছা নিয়ে? তোমার কি একার সংসার, নাকি একঘর লোক নিয়ে ভরা সংসার? ছেলে—মেয়ে? নাকি তোমাদের নতুন সংসার?

তুমি আমাকে কেন তোমার ওই একলা থাকার রাতেই শুধু চিঠি লেখ? ওই নিঃসঙ্গ রাতেই আমাকে তোমার মনে পড়ে? অন্য কোওনা দিনে কেন মনে পড়ে না? অথচ দেখো, আমার কেবলই মনে হয়Ñকেন প্রতিদিন সেই একই সকাল হয় না! যে সকাল হতেই আমি তোমার চিঠি পাব!

আমি বসে থাকি সেই রাতের জন্য। আমার দিন চলে যায় কেবল ভেবে ভেবেÑকবে আসবে সেই রাত, আর রাতের শেষে সেই সকালÑআমি তোমার চিঠি পাব!!

তোমার মানুষ যখন আমার কাছে, আমার মন জানে তুমি তখন আমাকে লিখছ। সে রাত যে আমার কী ভালো লাগে, সে শুধু আমি জানি। রাত ভোর হওয়ার অপেক্ষায় আমি চোখের পাতা এক করি না। এই অচেনা তুমি আমাকে যাই ভাব, তবু যে তুমি আমাকে ভেবেই লিখছ। তুমি ছাড়া আমাকে যে কেউ কোনোদিন চিঠি লেখে নাই। আমার জীবনে তুমিই যে দিলে এমন উপলব্ধি। সে যাই হোক না কেন, চিঠির বিষয়।

তোমার নাম আমি জানি না, কিন্তু আমার নাম দীপান্বিতা। অবশ্য ওই নামে আমাকে কেউ আর এখন ডাকে না। বাবা আমাকে দীপান্বিতা ডাকতেন, মা নয়, মা ডাকতেন দীপ। বাবা একদিন মাকে বলেছিল—“অত সুন্দর নামটাকে তুমি অমন করে ছেঁটে দিলে!”

মা আমার চুল বাঁধতে বাঁধতে বলেছিল, ও আমার দীপ, ও যার জীবনে যাবে, দীপের আলোয় ভরিয়ে রাখবে। 

খুব আলতো করে ওর গালে চুমু দিয়ে বাবার দিকে তাকিয়ে মা বলেছিল, মিলিয়ে নিও, তুমি আমার কথা।

মা তো জানে না তার দীপ কারো ঘরে, কারো জীবনে আলো জ্বালাতে পারেনি, পেরেছে নিভাতে। যদিও দীপার এতে কিছু করার নেই, দায় নেই, তবু সেই দায়ী।

কিন্তু কেন আমি দায়ী? আমার কথা কি কেউ জানতে চায়?

৭১—এর যুদ্ধের সময় বাবা—মা দুজনকেই মেরে ফেলল পাকিস্তানি এক সেনা। মা আমাকে লুকিয়ে রেখেছিল ভারি আলমারির পিছনে। বলেছিল, কোনো শব্দ করবে না। করিনি। মায়ের চিৎকার শূন্যে থরথর করে কেঁপেছিল। গলা থেকে কোনো আওয়াজ বের হয়নি। ভারী কিছু যেন গলার ভিতর চেপেছিল। দম বন্ধ হয়ে এসেছিল। সব আওয়াজ থেমে যাওয়ার পরে বের হয়ে এলাম। দেখলামÑমায়ের সাদা শাড়ি লাল পাড় আর আলাদা ছিল না। বাবার সাদা ধুতি—গেঞ্জিও লাল হয়ে গেছে। তারপর আর কিছু মনে নেই । আর কোনোদিন দেখি নাই বাবা—মা’কে। শুধু মামার হাত ধরে নিজ বাড়ি থেকে চলে এলাম মামার বাড়িতে।

পাক সেনাদের হাত থেকে বেঁচে গেলেও, মামার হাত থেকে পারলাম না।

যে মানুষ প্রিয় মামু ছিল, যে মানুষ মায়ের আদরের ছোট ভাই ছিল, যে মানুষ আমাকে ‘মা মা’ ডাকতো সেই একমাত্র আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এ জীবনে আর কেউ বিশ্বাসঘাতকতা করেনি আমার সঙ্গে। অবশ্য বিশ্বাসঘাতকতা, প্রতারণা করার সুযোগ যে আর কাউকে দিতেও পারিনি। এতটা আপন যে কেউ নেই।

হতে পারে সবার জীবনে অন্তত একজন বিশ্বাসঘাতকই হয়, প্রতারক থাকে। আমার ছিল মামা। মেট্রিক পরীক্ষার ফর্ম জমা দেওয়ার জন্য মামার সঙ্গে বের হয়েছিলাম। পরীক্ষার ফর্ম জমা দেওয়া হয়নি। তার বদলে মামা অন্য একটা কাগজে সই করে, একগুচ্ছ টাকা নিয়ে এক অচেনা লোকের সঙ্গে ট্যাক্সিতে তুলে দিয়ে বলছিলÑবাড়ির ঠিকানা ভুলে যেতে।

অচেনা লোকটা সারা পথ ধরে কান্না থামাবার চেষ্টা করেনি। বলেছিল, কেঁদে নে যত পারিস। তোর মামা একটা পিশাচ।

গলির মাথায় গাড়ি থেকে নেমে মাথায় হাত রেখে বলেছিলÑ“আমাকে তুই মাফ করে দিস। তোর বয়সি আমার একটা মেয়ে আছে, তবু আমি তোকে বাঁচাতে চাইলাম না।”

একটা একশো টাকার নোট ওর হাতে গুঁজে দিয়ে বলেছিল, রেখে দে। আর ওদের কথা শুনে চলিস, নয়তো শুধু শুধু কষ্ট পাবি।

চিঠির মানুষ, আমার জীবনে কেউ নেই যার জন্য আমি কাঁদতে পারিÑযে কষ্ট দিলে রাগ বা অভিমান করতে পারি। তোমার মতো রাত জেগে যার অপেক্ষা করার মতো কেউ নেই আমার।

আমার জীবনটা হতে তো পারত তোমার মতো। এই জীবনে আমি কত লোকের পাশে বসেছি, শুয়েছি। যেমন করে ভালোবাসে, অনেকটাই তেমন করে করেছিÑকিন্তু জানি, ওরা কেউ আমাকে ভালোবাসে না। এতটুকুও নয়। আমি ভালোবাসি কি—না, তাও কেউ জানতে চায়নি, বুঝতে চায়নি।

তুমি একবার লিখেছিলেÑআমি যেন তোমার ভালোবাসার মানুষের চোখে আমার ভালোবাসার ছোঁয়া না দিই। জানো, আমি খুব হেসেছিলাম সেদিন তোমার ওই লাইনটা পড়ে। চিঠির মানুষ, অত নরম প্রেম দেওয়ার বা পাওয়ার মতো মন যে আমাদের মতো মেয়েদের থাকতে নেই।

তবে কি জানো, যে প্রেমের আর্তনাদ বোঝানো যায় না; তা বুকের ভিতরে ক্ষত করে দেয়। জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসার চাওয়া—পাওয়ার দাবি যার অপূর্ণ থেকে যায়, তার বুকের ভিতরের রক্তক্ষরণের যন্ত্রণা সেই জানে কেবল।

আমার সমস্ত বাসনা ধুলোয় মিশে গেছে গো চিঠির মানুষ। তুমি কোনোদিন বুঝতে পারবে না ভালোবাসাহীন শরীরের লেনদেনের যন্ত্রণা। এ যে কতটা অপমানেরÑযখন তুমি জানো, যার পাশে শুয়ে আছ সে তোমার কেউ নয়; সে তোমাকে ভালোবাসে না, সম্মান করে না; বরং সে তোমাকে ঘৃণা করে।

অনেকটা নিত্য চলার রাস্তায় থুথু ফেলে যেতে যেতে নোংরা রাস্তা বলে রাস্তাটাকে গালি দেওয়ার মতো। আমরা তেমনই। আমরা প্রয়োজনে ব্যবহৃত হই।

কি জানিÑহয়তো তোমাদের সমাজে এখন আমাদের প্রয়োজন আছে। না হলে হয়তো অনেকের স্বাভাবিক ক্ষুধা মেটাবার জন্য এই আমরা না থাকলে তোমাদের সমাজে আরও অন্যায় বাড়ত, আরও বেশি অমানবিকতার শিকার হতে তোমরা!

ভেবে দেখÑইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এই আমরা তোমাদের সমাজের কাজে কি আসছি না?

তবু আমরা নোংরা। তবু আমরাই অমানবিকতার শিকার। কারণ, আমরা মানুষ না।

জানো, আমার কাছে খুব পড়াশোনা জানা একজন আসত। সেই আমাকে এমন করে বুঝিয়েছিল। সে বলেছিলÑপতিতালয় না থাকলে নাকি অনেক লোক উন্মাদ হয়ে যেত, আরও বেশি অপরাধ বেড়ে যেত। বলেছিল, দীপা, আমার মতো যাদের জীবনে বাঁধা নিয়মে ঘর হয় না, তাদের জন্য এই পতিতালয়ই ঘর। কারণ সবারই একটা ঘর প্রয়োজন, আর আমরা তোমাদের কাছে আসি সেই ঘরের উষ্ণতা পেতে। নয়তো আমরা অসুস্থ হয়ে যেতাম।

বলেছিল, এই সমাজে তোমাদের অনেক বেশি সম্মান প্রাপ্য, যার সামান্যটুকুও তোমরা পাচ্ছ না। তবে দেখো, একদিন তোমরা ঠিকই সম্মান পাবে।

আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম সে মানুষটির দিকে। এত ভালো কথা বহু কাল শুনিনি। 

আমার চোখে চোখ রেখে সে বলেছিল, তবে, এখন সেদিন আসতে অনেক দেরি। হয়তো তুমি—আমি কেউই সেদিন দেখব না। দীপা তুমি নিজেকে কখনও নোংরা ভাববে না। কেউ বললে তার প্রতিবাদ করবে। দীপা, কোনো কোনো অন্যায়ের প্রতিবাদ আস্তে আস্তে শুরু করতে হয়, আর জানবেÑকখনও তা থেমে যেতে দিতে নাই। 

এমন কত কথাই সে বলত, যার অনেক কথা বুঝে উঠতে পারতাম না।

জানো, সেই মানুষটি আর আসে না। বহুদিন না আসার পর একদিন কালু খোঁজ নিয়ে এসে জানালো, সে এ দেশ ছেড়ে বিদেশে চলে গেছে। একবার আমার সঙ্গে দেখা করেও যায়নি! হয়তো মনে—ই পড়েনি!

আমার সে জন্য দুঃখ হয় না। দুঃখ হয় শুধু এই ভেবেÑএমন করে যে ভাবত, সে যদি চলে যায় তবে যে সব বদলের কথা সে বলত, তা কারা করবে?

নাকি সব ছিল ক্ষণিকের ভাবনা? নাকি অলস সময়ের ভাবনা?

আমার এখানে প্রায় সময় বসে বসে কি সব লিখত। সে সব কোনো লেখা আমার কাছে নেই। কখনও তার কোনো লেখা সে আমার এখানে ফেলে যেত না। আমার কাছে শুধু কিছু বই ফেলে রেখে গেছে।

আমার কাছে ট্রাক ড্রাইভার আসে। সে ওই সব বই দেখে খুব হাসে। একদিন আমার মন খারাপ দেখে রেগে গিয়ে বলে, ওসব লোকদের অমন বড় বড় কথাই সার। ওটাও এক ধরনের বাজে নেশা। সমাজ উদ্ধারের লেকচার দেয় যারা তাদের বিশ্বাস করিস না। ওরা বলে, করে না। তা না হলে তোদের আর কিছু না হোক, এমন এঁদো গলিতে এখন কেন পড়ে থাকিস? সপ্তাহে—মাসে সূর্যের আলোও তো দেখিস না!

ওইসব লোক তোদের কথা ভাবে না, ওরা নিজেদের কথা ভাবে। ওরা কিছু একটা করে মহান হতে চায়।

কি বলেছিল তোকে? ‘সব মেয়েদের একটা নিজের ঘর থাকা উচিত’Ñতা তোর তো টাকা আছে! নিজের উপার্জনের টাকা! দেখ নাÑতুই পারিস কিনা একখানা নিজের ঘর কিনতে!

তোর সেই বাবু তোকে স্বপ্ন দেখিয়ে চলে গেছে, রাস্তা তো দেখায়নি! তার আর তোর চলার রাস্তা এক করেও দেখায়নি! প্রতিবাদ করে কি করবি? আরও মার খাবি? সব লড়াইতে জেতা যায় না। কারো না কারো হার হয়। সবসময়ই হয়। এই হার আগে থেকেই ঠিক করা থাকেÑকে জিতবে আর কে হারবে।

তোর এই বাবুদের বিশ্বাস—অবিশ্বাসগুলো জট পাকানো। এরা সুবিধা বুঝে চলে। আজ যা বলে, কাল তা করে না। কাল যা করেছে, পরশু তা বদলে দিতে সময় নেয় না। নীতি—নিয়মগুলোও ওদের পকেটে থাকে; যখন দরকার হয়, তখন বের করে।

তার চেয়ে দেখÑআমরা যা বিশ্বাস করি না তা করি না, আর যা বিশ্বাস করি, তাই করি। এই যে এঁদো গলিতে নোংরা মেয়ে—লোকদের কাছে আসি, তা আমি কারো কাছে লুকাই না। আমি বিশ্বাস করি পুরুষলোকের এতে কোনো লজ্জা নেই। আমরা পুরুষজাত। আর তোরা বেঁচে আছিস আমাদের দয়ায়। তোদেরকে বাঁচিয়ে রেখেছি আমরা।

তোরা এই নোংরা, নষ্ট মেয়ে—লোক বিক্রির বাজারে বসে আছিস—আমাদের কাছে বিক্রি হওয়ার জন্য, কিন্তু মাছের বাজারে পচা মাছের মতো। অল্প দামে পচা মাছ কিনে যতটুকু খাওয়া যায়, বাকি ফেলা যায়। তোরা তেমনই। আমরা তোদের কিনতে পারিÑযতটুকু ইচ্ছে ব্যবহার করি, তারপর চলে যাই। ব্যাস, অতটুকুই তোদের পাওনা। এর বেশি তোদের কেউ দেবে না।

এত বছর ধরে কে কোথায় কি লিখেছে মেয়েমানুষদের নিয়েÑতাতে কি এসে গেছে পুরুষমানুষের? এই যে, তোরই ঘরে, আজ রাতে আমি রাজা আর তুই আমার হুকুমের দাসী। আমার ইচ্ছে তোর ইচ্ছের সঙ্গে কখনও মিলবে নাÑএটাই মেনে নে, তবেই শান্তি পাবি। শোন দীপা আমার কথায় রাগ করিস না। আমি তোর বাবুর মত বিদ্বান না । আমি যা সত্য তাই বলি। 

কে সত্যি বলে চিঠির মানুষ? তুমি কি জানো কেন? কিসের জন্য তুমি অন্য সমাজে, আর আমি এই সমাজে, কিন্তু না পাওয়ার দুঃখ নিয়ে বেঁচে আছি আমরা দুজনইÑনিজের অস্তিত্বের অপমানের দুঃখ নিয়ে।

তোমার সঙ্গে আমার সব অমিলের মাঝে শুধু এটুকুই মিলÑঅস্তিত্ব বিসর্জনের ব্যথা।

দীপা চিঠির বাকি অংশটা আবার পড়ে—

তুমি তো আমার মতো মেয়ে, তবে নষ্ট কেন?

তুমি, জীবন্ত মানুষ, তবু নষ্ট!

আজ রাতে আমার ভালোবাসার মানুষ তোমার কাছে..

না, না, আমার কথা ভেবো না। মনে মনে আমি যে ‘তার’, সে কথা মনে করে কেটে যায় আমার নির্ঘুম রাত।

তোমার কাছে আমার প্রেমিক খোঁজে নতুন শরীর।

যাবার আগে আমায় বলে যায়Ñ“তুমিই যে আমার!”

বুকের ভিতরে চাপা নিঃশ্বাস বাতাসের কানে ভেসে বেড়ায়।

নিঃসঙ্গ রাতে, তারার মাঝে, খুঁজে মরি হারানো আমায়।

তুমি কাঁদছ কেন? শরীর দিয়েছ, মন তো নয়।

তোমার কাছে ওরা সবাই যে যায়, তুমি যে ওদের ক্ষণকালের প্রিয়া।

ভয় নেই আমি জেনেছি বলেÑ ওদের কথা জানবে না কেউ।

টের পেলে তো, আর পেলেই বা কী? ওরা যে পুরুষমানুষ, মুখোশ পরা।

আর তোমার কথা? তুমি যে এখন সব কলঙ্কের ঊর্ধ্বে চল।

মুখোশ ছাড়া তোমার নাম তুমিই বল।

তুমি রাতের রজনীগন্ধা।

দীপা বহুবার পড়া চিঠিটা আঁকড়ে ধরে রইলো।

দীপা, তুমি নষ্ট কেন? কারা নষ্ট করলো তোমায়? এই নষ্ট শরীর ছুঁয়ে যাওয়া মানুষগুলো কেন নষ্ট হয় না, চিঠির মানুষ? কেন তুমি, আমি এই নষ্ট মানুষের দেওয়া অপমান মুখ মেনে সয়ে যাই?

ঝড়ো হাওয়ায় জানালার পর্দা দুলছে। সারা ঘরময় বাতাস, কিন্তু এত সুবাসমাখা বাতাস কোথা থেকে আসছে? সুবাসমাখা গন্ধটা এত কাছে, ঘরের দরজার ওপাড়ে। প্রবল বাতাসে দরজা খুলে যেতেই কে এলো তার ঘরে?

দীপার হাত—পা কাঁপছে, ঠিক যেমন সে কল্পনা করেছিল। লম্বা চুলের বেণি, টানা টানা চোখে কাজল, কপালে লাল টিপ। এত রূপ কি করে হয় কারো!

দীপা কি করবে এখন? কাছে যাবে? হাত ধরে বসাবে, কিন্তু কোথায় বসাবে তাকে? এই ঘরের কোনো একটি জায়গা কি এমন কাউকে বসাবার যোগ্য? নাকি বারান্দায় তাকে নিয়ে যাবে? তাই করবে সে।

দীপার মনের কথা বুঝে গেলো কেমন করে তার এত দিনের প্রতীক্ষিত অতিথি! কি সুন্দর তার চলার ভঙ্গি! যেন ছোট ছোট ঢেউ তুলে ঘরের ভিতর দিয়ে বারান্দায় গেলো। দীপা পলকহীন চোখে তাকিয়ে রইল।

কী মাখে সে শরীরে? এতদিনে কত গন্ধ তার কাছে এসেছে, কিন্তু এমন ভাবলাগার গন্ধ সে আর পায়নি। পাগল করা এক সুগন্ধ দীপাকে যেন অবশ করে দিল।

কেন এসেছে চিঠির মানুষ? কিছু কি বলবে, কিছু কি চাইবে তার কাছে? না, বলল না কিছুই। দীপার দিকে তাকিয়ে দু’হাত বাড়িয়ে একটি গোলাপ তুলে ধরল। ঠোঁটের কোণে হাসি। তার চোখের তারায় হাসি যেন বলছেÑ“নাও! একটি গোলাপের অপেক্ষায় ছিলে না তুমি?”

লম্বা একটি ডালের মাথায় সবুজ দুটি পাতার মাঝে রক্তরঙিন গোলাপÑতার জন্য!

দীপা কাঁপা হাতে পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ বুকের ভিতরে জড়িয়ে ধরে। গোলাপের সুগন্ধ তার সারা শরীরে ছড়িয়ে গেল।

দীপার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। গোলাপের কাঁটার আঘাতে বুক থেকে রক্ত বেরিয়ে সারা শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে। কাঁদছে দীপা, কিন্তু কোনো শব্দ নেই। 

দীপার মাথায় হাত রেখে চোখে চোখ রেখে চিঠির মানুষ মিষ্টি কণ্ঠে বলে যায় দীপার জীবনের কথাÑ

নষ্ট বালিকা, 

তোমার নিষ্পাপ কাজল—টানা ভরাট দুটি চোখে

এখন কেন পবিত্র ছায়া?

কাল রাতের কথা কি ভুলে গেছ?

নষ্ট কিশোরী, 

তোমার ঠোঁটে এখন কেন অভিমানী মিষ্টি হাসির ছোঁয়া?

তুমি কি তখন হারিয়ে গিয়েছিলে মনে মনে?

নষ্ট যুবতী, 

এখন কেন প্রথম প্রেমের প্রতীক্ষায় তোমার হৃদয়?

তবে কি শুধু শরীরটাই ছুঁয়ে গেছে?

নষ্ট নারী, 

তুমি এখন কেন না—ছোঁয়া মন নিয়ে বসে আছ?

কামনার হিংস্রতায় আহত চোখ তাকিয়ে থাকে

একটি গোলাপের আশায়।

ডুকরে কেঁদে উঠল দীপা। চিৎকার করে বলতে চাইলোÑবলো না আমায় এমন করে.. বোলো না তুমি।

উফ.. কী ভীষণ জোরে আওয়াজ ভেসে আসছে।

বাতাসের শব্দ? নাÑবাতাসের শব্দ নয়। কে যেন দরজায় কড়া নাড়ছে। চিৎকার করে ডাকছেÑ “দীপা! দী—পা!”

দীপা সেই শব্দে প্রচণ্ড ঝাঁকি খেয়ে উঠে বসল। বারান্দার দরজা বন্ধ। ঘরে সন্ধ্যার অন্ধকার।

দীপা বিছানায় বালিশ আঁকড়ে পড়ে আছে। তার বুক থেকে কোনো রক্ত ঝরছে না, কোনো সুগন্ধ নেই, কোনো গোলাপ নেই। কেউ নেই।

শুধু ক্রমাগত দরজায় কড়া নাড়ছে। মাসি ডাকছে— দীপা.. দী—পা.. দী—পা..

দীপা এক ঝটকায় উঠে গিয়ে দরজায় পিঠ দিয়ে বসে পড়লÑদুই চোখে তার জলের ধারা। 

দমবন্ধ গলায় সে বলে চলেছেÑচিঠির মানুষ.. আমি পালাতে চাই এই ঘর থেকে। আমি.. এই সম্পূর্ণ ‘আমি’, আমার মায়ের দীপ বাবার দীপান্বিতা। 

চিঠির মানুষ, আমি নষ্ট নই। আমি তোমার মতোই একজন। ওরা আমার কাছে আসেÑআমি নষ্ট হতে কারো কাছে যাইনি। আমি যাইনি। 

চিঠির মানুষ.. আমি পালাতে চাই। আমাকে দরজাটা দেখিয়ে দাও। আমি তোমার মতো হতে চাই।

দরজাটা কোনদিকেÑআমাকে দেখিয়ে দাও....

Related Posts