শেখ হাসিনার প্রত্যয় প্রসঙ্গ: প্রত্যর্পণ নাকি প্রত্যাবর্তন || আনিস আহমেদ
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী একবার কেবল নয়, একাধিকবার দৃঢ় মনোবল নিয়ে বলছেন যে তিনি ডিসেম্বর মাসেই স্বদেশে প্রত্যাবর্তন করবেন এবং তাঁর এই প্রত্যয় থেকে কেউই তাঁকে বিচ্যুত করতে পারবে না, তখন বাংলাদেশ সরকার দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ করাতে চাইছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে পুরো বিষয়টি আইন ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হবে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত ভিত্তি ব্যাখ্যা করতে গিয়ে আমিনুল ইসলাম বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩—এর ৬ অনুচ্ছেদের উল্লেখ করেন। তিনি বলেন, এ বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে (মোরাল টারপিটিউড) দণ্ডিত হলে এবং ওই অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড পেলে পাসপোর্ট কর্তৃপক্ষ তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু প্রত্যাখ্যান করতে পারে।
তবে আইন বিশেষজ্ঞরা বলছেন যে শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণটি প্রযোজ্য নয়, কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়া কোনো অপরাধী নন। এমন কি শেখ হাসিনা যে পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছেন এমন কোনা প্রমাণ এখনও উপস্থাপন করতে পারেনি বাংলাদেশ সরকার। ২০২৪ সালে বিরোধী পক্ষের তুমুল বিক্ষোভের মুখে নিরাপত্তা প্রদানে ব্যর্থ সেনাবাহিনী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভারতে পৌঁছে দেয়। সম্ভবত শেখ হাসিনার নিরাপত্তার কারণেই উড়োজাহাজটির গতিপথ বা গন্তব্য যাতে বোঝা না যায় সে জন্যই ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় এবং র্যাডারে এ সম্পর্কে প্রথমে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে অবশ্য ট্রান্সপন্ডার খুলে দেওয়া হয় এবং তখন দেখা যায় যে উড়োজাহাজটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে। পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির দিকে যায়, পরে শেখ হাসিনাকে দিল্লি নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী। যদিও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে তিনি জানতেনই না যে শেখ হাসিনা ‘পালিয়ে’ গেছেন। সেনাপ্রধানের এই বক্তব্য অনেকেই নাকচ করেছেন। কারণ বাংলাদেশের এমন সংকটময় সময়ে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ ভারতের পথে রওয়ানা হচ্ছিলো সে কথা সেনাপ্রধানকে অবহিত করা হয়নি, সেটি বিশ্বাসযোগ্য নয়। সুতরাং শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন সেটি সত্য নয়। শেখ হাসিনা নিজেই বলেছেন যে প্রথমে যখন তাঁকে হেলিকপ্টারে তোলা হয়, তখন তিনি ভেবেছিলেন যে তাঁকে টুঙ্গিপাড়ায় নেওয়া হচ্ছে। অতএব এ কথা তো পরিষ্কার হলো যে তিনি প্রথমত পালিয়ে যাননি এবং দ্বিতীয়ত ভারতেও নিজের ইচ্ছায় যাননি। সুতরাং তাঁকে প্রত্যর্পণ করার ব্যাপারে ভারত সরকারের আদৌ কোনো দায় নেই।
প্রত্যর্পণ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি রয়েছে সেই ২০১৩ সাল থেকে তার আওতায় অপরাধী হিসেবে শেখ হাসিনা পড়েন কি না, সেটি একটি বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেমন বলছেন, ‘যদি প্রত্যর্পণের কথা বলেন, তাহলে সেটা তো পুরোপুরি হাইপোথেটিক্যাল অর্থাৎ অনুমান নির্ভর একটা প্রশ্ন। এরকম পরিস্থিতিতে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের রেওয়াজ নয়!’ ২০১৬ সালে এই চুক্তির কিছু ধারা অবশ্য সংশোধন করা হয়। সেই সংশোধনীর একটি গুরুত্বপূর্ণ ধারায় বলা হয়েছে যে কোনো দেশ যদি মনে করে যে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক উদ্দেশে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে সেই দাবি মানতে সংশ্লিষ্ট দেশ বাধ্য নয়। এ কথা তো এখন জলের মতো পরিষ্কার যে শেখ হাসিনা একজন রাজনৈতিক নেত্রী এবং তাঁর রাজনৈতিক ভবিষ্যৎকে কলুষিত করার জন্যই তাঁকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে ভারতের ওপর চাপ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার অবশ্য বলছে যে তিনি একাধিক অপরাধে অপরাধী এবং ইতোমধ্যেই তাঁকে একটি মামলার রায়ে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এই ধরনের রায় প্রদানকারী আদালতের বৈধতা নিয়েও এখন জোর প্রশ্ন উঠছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—১—এ এবং এই বিশেষ ট্রাইবুনালে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদন্ড প্রদান করা হয়। স্মরণ করা যেতে পারে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিলো একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। যিনি যুদ্ধাপরাধ করেননি, যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি একাত্তর সালে পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন, তাঁর বিচার করার কি কোনো এক্তিয়ার বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে? সোজা উত্তরটা হলো না, এই আদালতটি সে কারণে গঠিত হয়নি। বিচারের স্বাভাবিক প্রক্রিয়াকে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ণ করার জন্য শেখ হাসিনার বিচার সাধারণ কোনো আদালতে করতে দেয়া হয়নি। কাজেই ভুল আদালতে বিচার করানোর এই নাটকীয়তাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আরেকটি প্রাসঙ্গিক বিষয় হচ্ছে, শেখ হাসিনা বিচারের সময়ে কিংবা বিচারের রায় শুনে পালিয়ে যাননি। বিচারের রায় হয়েছে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেয়ার পর, ইউনুস আমলে অত্যন্ত তড়িঘড়ি করে। অতএব শেখ হাসিনাকে কোনোক্রমেই ‘পলাতক আসামি’ বলা যাবে না। সে ক্ষেত্রেও বাংলাদেশ সরকারের হাসিনার প্রত্যর্পণের দাবি যৌক্তিক নয়। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা নিজেই যখন দৃঢ়তার সঙ্গে বলেছেন যে তিনি যে কোনো মূল্যে দেশে ফিরে যাবেন, তখন তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দৃঢ় প্রত্যয়কে পাশ কাটিয়ে তাঁর প্রত্যর্পণ নিয়ে সরকার এতো ব্যতিব্যস্ত কেন? প্রশ্ন উঠেছে তাঁর পাসপোর্ট অথবা নিজ দেশে ফিরে যাওয়ার অনুমতিপত্র নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটারই বা প্রয়োজন কেন এই মুহূর্তে? শেখ হাসিনা যে বাংলাদেশের নাগরিক, তাঁর যে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে সে নিয়ে কারও কোনো সন্দেহ নেই। বাংলাদেশ সরকারের মধ্যে এই স্ববিরোধিতা কেন, একদিকে তাঁরা হাসিনার প্রত্যর্পণ চাইছে, অন্যদিকে তাঁর প্রত্যাবর্তন চাইছে না, এ রকমটি কেন!
প্রকৃত সত্য এই যে শেখ হাসিনার স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তনে তারা শংকিত। তাঁর বিরুদ্ধে যত বড় অভিযোগই থাক না কেন, তাঁর জনপ্রিয়তাকে যে ক্ষুন্ন করা সম্ভব নয়, সেটি নিশ্চয়ই তারেক—সরকার বোঝে এবং তিনি দেশে ফিরে আসলে বর্তমান সরকারের বিরুদ্ধে জনসাধারণ ফুঁসে ওঠার যে শক্তি পাবে, তাতেই ভীত সরকার, তাই দেখি সংসদে মুনাজাত করা হয় যে তিনি যেন দেশে ফিরে না আসেন। সরকারের এই দ্বিচারিতায় আমরা কেউ বিস্মিত নই। কারণ সরকারের লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে নির্মূল করে দেওয়া। সেই লক্ষ্যে সরকার কী আদৌ সফল হতে পারবে!
