ডেমোক্রেটদের উদ্দেশে ১৫০টি প্রতিষ্ঠানের চিঠি || ‘প্যাথওয়ে টু সিটিজেনশিপ’ বিল পাশ করতে হবে

বাঙালী প্রতিবেদনঃ মধ্যমেয়াদী নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীদের অভাবনীয় বিজয়ে সময় ক্ষেপন না করে আমেরিকার ১৫০টিরও বেশি ইমিগ্রেশন ও মানবাধিকার বিষয়ক সংগঠন একটি চিঠি লিখে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দাবি জানিয়েছে, তারা যেন ইমিগ্রান্ট ধরার জন্য যে বাজেট বরাদ্দ তা কাট্ করেন। সেই সাথে দায়িত্ব গ্রহণের পর তারা যেন অগ্রাধিকারভিত্তিতে ‘প্যাথওয়ে টু সিটিজেনশিপ’ বা সিটিজেন হওয়ার পথ তৈরি করেন। গত সোমবার এই চিঠি পাঠানোর খবরটি দেয় পলিটিকো। পরে খবরটি প্রকাশ করে দ্য হিল নামক ক্যাপিটল হিলের সংবাদ মাধ্যম। চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কংগ্রেস যেন আইস অর্থাৎ ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টকে অতিরিক্ত অর্থ বরাদ্দ ব্লক করে। এছাড়াও স্পেন্ডিং লেজিসলেশনের মাধ্যমে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে প্রদত্ত কয়েক বিলিয়ন ডলার যেন উদ্ধার করে অধিকাংশ আমেরিকানের সুবিধার্থে নিত্যপণ্যের মূল্য কমানোর লক্ষ্যে ব্যয় করা হয়। উক্ত চিঠিতে কংগ্রেস সদস্যদের সনির্বন্ধ অনুরোধ জানানো হয়, তারা যেন এমন একটি বিল উপস্থাপন করে যে বিলের মাধ্যমে সম্পূর্ণভাবে আনডকুমেন্টেড ইমিগ্রান্টরা পার্মানেন্ট বৈধ স্ট্যাটাস পায়। পরে পর্যায়ক্রমে সিটিজেনশিপ পেতে পারে। এই প্রক্রিয়ায় যেন ইমিগ্রান্টদের ধরপাকড়ের মত কোনো ভীতিকর পরিস্থিতি তৈরি করা না হয়।

দ্য হিল বলছে, এই উদ্যোগ লক্ষণীয় হলো, ডেমোক্রেটদের বিজয় অর্জনের এক সপ্তাহের কম সময়ের মধ্যে। উল্লেখ্য, গত মধ্যমেয়াদী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে, হাউজে ও সিনেটে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। আগামী ৩ জানুয়ারি তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন শুরু করবেন।

দ্য হিল ও পলিটিকো বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরে যে ক্ষমতার চাকা ঘুরে গেল (কংগ্রেসের) তার মূলে রয়েছে ডিপোর্টেশন। রাজনৈতিকভাবে এই ডিপোর্টেশন এতটাই ক্ষতিকর ছিল যে তার মূল্য দিতে হলো প্রেসিডেন্টসহ রিপাবলিকানদের। নির্বাচনের ফলাফল জানার পরপরই প্রেসিডেন্ট সিবিএস টিভির ‘সিক্সটি মিনিটসে’ দেয়া সাক্ষাৎকারে এই কথা নিজেই স্বীকার করেন।

এই সাক্ষৎকারে প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, দীর্ঘদিন যাবত এ দেশে বাস করা আনডকুমেন্টেড ইমিগ্রান্টকে কিভাবে সম্ভাব্য বৈধতা দেয়া যেতে পারেÑ এ ব্যাপারে তিনি ডেমোক্রেটদের সাথে কথা বলবেন। 

যেসব মানবাধিকার ও ইমিগ্রান্ট অধিকার বিষয়ক সংগঠন ও প্রতিষ্ঠান চিঠি দিয়েছে তাদের মধ্যে অন্যতম আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, বেন্ড দ্য আর্কঃ জুইশ এ্যাকশন, কোয়ালিশন অব হিউমেন ইমিগ্রান্ট রাইটস, ডিটেনশন ওয়াচ নেটওয়ার্ক, ফ্রন্টলাইন ইমিগ্রান্ট রাইটস মুভমেন্ট, ন্যাশনাল ইমিগ্রান্ট জাস্টিস সেন্টার, ন্যাশনাল ইমিগ্রান্ট ল সেন্টার, ন্যাশনাল ইমিগ্রেশন প্রজেক্ট, ইউনাইটেড উই ড্রিম, আমেরিকা’স ভয়েস প্রভৃতি।

Related Posts