শিল্পী বিপ্লব মুখার্জির পরিচালনায় || বিপার উচ্চাঙ্গ সঙ্গীত কর্মশালা
বাঙালী প্রতিবেদনঃ বাংলাদেশ ইন্সটিটিউট অভ পারফর্মিং আর্টস, বিপা আর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করল গত সপ্তাহে। উপমহাদেশের ধ্রুপদী সংগীতের এ সময়ের অন্যতম কণ্ঠ ও গুরু সেনি ঘরানার বিপ্লব মুখার্জির পরিচালনায় মিউজিক কর্মশালা হয় জ্যামাইকায় গত শনিবার বিকেল থেকে একটানা তিন ঘন্টা। তাঁর সাথে তবলায় সংগত করেন ফারুকাবাদ ঘরানার মানব খুরানা। বিপার সংগীত বিভাগের সিনিয়র ক্লাসের শিক্ষার্থীরা এই কর্মশালায় যোগ দেন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিপার অন্যতম কান্ডারি এবং সংগীত বিভাগের প্রধান সেলিমা আশরাফ। এরপর এই দুই মায়েস্ত্রোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দুই ছাত্রী। প্রীতিজাা পারমিতা বিপ্লব মুখার্জির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পড়ে শোনায়।
বিপ্লব মুখাার্জি গান গেয়ে উচ্চাঙ্গ সংগীতের বেশ কিছু মৌলিক বিষয় তুলে ধরে চমৎকার ও সহজবোধ্যভাবে বুঝিয়ে দেন। তিনি শুরু করেন এক্তাল দিয়ে। এক্তালের বিলম্বিত, মধ্যলয়, দ্রুত্ বিশ্লেষণ করে গেয়ে দেখিয়ে দেন। তিনি বলেন, আমি যে বিলম্বিত গাইছি তা বোঝারও পদ্ধতি আছে। তিনি বলেন, আগে বিলম্বিত লয়েই গাওয়া হতো। তিনি গেয়ে দেখিয়ে দেন বিলম্বিতের স্বরূপ।
বিপ্লব মুখার্জি কর্মশালায় বলেন, গানের প্রধান হলো সুর ও তাল। কিন্তু লয়ও এর অপরিহার্য অংশ। তিনি অংশগ্রহণকারীদের প্রতিদিন তাল ও লয়ের কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা রেওয়াজ করার পরামর্শ দেন।
বিপ্লব মুখার্জি বলেন, যারা খেলাধূলা করে তারা ৩৫/৪০ বছর বয়সের পর খেলতে পারে না। আর যারা গান করেন তাদের স্বর ও গলার শক্তি বাড়তে শুরু করে ৪০ বছর বয়সের পর থেকে।
তিনি গমককে ইংরেজি বর্ণমলার ভাউয়েলের সাথে তুলনা করে উচ্চাঙ্গ সংগীতে এর অপরিহার্যতা তুলে ধরেন।
বিপ্লব মুখার্জি উপমহাদেশের উচ্চাঙ্গ সংগীতের বিভিন্ন ঘরানার যে ভিন্ন ভিন্ন বিশেষত্ব আছে সংক্ষেপে তাও তুলে ধরেন। এছাড়াও তিনি বন্দিশ ব্যাখ্যা করে একরাগে ৪টি অংগের যে সমাবেশ অর্থাৎ চতুরঙ্গের বিশেষত্ব তুলে ধরেন।
দীর্ঘক্ষণ উচ্চাঙ্গ সংগীত গেয়ে গেয়ে সেই সংগীতের যেমন মর্মার্থ তেমনি গায়কীর কারুকার্য জানিয়ে দেন। শেষ পর্যায়ে তিনি শিক্ষার্থীদের তার সাথে গাইতে বলেন। শিক্ষার্থীরা তাঁকে অনুসরণ করে।
ওয়ার্কশপ পর্ব শেষ হলে অংশগ্রহণকারীদের অনুরোধে নজরুলের সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে এবং বড়ে গোলাম আলীর পিলু রাগে ঠুমরি ‘সাইয়া বোলো তনিক মোসে’ গেয়ে শোনান।
বিপ্লব মুখার্জি সংগীত বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এই কর্মশালা হয় হিলসাইড এভেন্যুর কুইন্স সোশাল এডাল্ট ডে কেয়ারে।
